24.1 C
London
May 23, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশের ডোনাল্ড ট্র‍্যাম্প দাপিয়ে বেড়াচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম

ইরান-রাশিয়ার মন্তব্যেও আলোচনায়
বাংলাদেশে আসন্ন ঈদুল আজহাকে ঘিরে একটি অ্যালবিনো মহিষকে কেন্দ্র করে তৈরি হয়েছে অভূতপূর্ব আন্তর্জাতিক আলোড়ন।

ধবধবে সাদা শরীর এবং কপালের সামনের দিকে সোনালি-সাদা অবিন্যস্ত চুলের কারণে স্থানীয়দের কাছে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামে পরিচিত এই মহিষটি এখন শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই নয়, বিশ্বমিডিয়ার শিরোনামেও জায়গা করে নিয়েছে।

স্থানীয় খামারিদের ভাষ্য অনুযায়ী, মহিষটির মাথার সামনের অংশের চুলের গঠন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর পরিচিত হেয়ারস্টাইলের সঙ্গে মিল রয়েছে বলে দর্শনার্থীদের মধ্যে কৌতূহল তৈরি হয়। এরপর থেকেই প্রতিদিন শত শত মানুষ মহিষটি দেখতে ভিড় করছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ ঘটনাটিকে সামনে এনে প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে—মহিষটির ব্যতিক্রমী চেহারা এবং ঈদকে ঘিরে এর সম্ভাব্য কোরবানির বিষয়টি জনআগ্রহ তৈরি করেছে। প্রতিবেদনে প্রাণীটির সাদা রং ও চুলের গঠনকে কেন্দ্র করে এর অস্বাভাবিক জনপ্রিয়তার কথা তুলে ধরা হয়।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ শিরোনাম করেছে, আসন্ন ঈদে এই অ্যালবিনো মহিষ কোরবানি করা হতে পারে—এমন সম্ভাবনাকে কেন্দ্র করে। একইসঙ্গে তারা মহিষটির চেহারাকে ট্রাম্পের হেয়ারস্টাইলের সঙ্গে তুলনা করে বিষয়টিকে বৈশ্বিক কৌতূহলের অংশ হিসেবে তুলে ধরে।

ভারতের একাধিক গণমাধ্যমও বিষয়টিকে ব্যাপকভাবে কাভার করেছে। হিন্দুস্তান টাইমস মহিষটিকে “ভাইরাল সেনসেশন” হিসেবে উল্লেখ করে খামারিদের বরাতে জানিয়েছে, প্রাণীটি স্বভাবতই শান্ত। একইভাবে এনডিটিভি জানায়, মহিষটির চেহারাগত মিলের কারণে এটি আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে।

অন্যদিকে দ্য সানডে গার্ডিয়ান তাদের প্রতিবেদনে ঈদুল আজহার সম্ভাব্য কোরবানির প্রসঙ্গ উল্লেখ করে বিষয়টির মানবিক ও সাংস্কৃতিক দিক তুলে ধরেছে।

বিতর্কিত ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটেও ঘটনাটি আলোচনায় এসেছে। চলমান যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যে ইরানি সামাজিক মাধ্যমে এই মহিষের ভিডিও ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করা হয়।

পরে রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম আর.টি সূত্র উল্লেখ করে জানায়, ট্রাম্পের সঙ্গে তুলনার পর নাকি মহিষটি স্বাভাবিক আচরণে পরিবর্তন দেখিয়েছে—যদিও এটি সামাজিক মাধ্যমে রসিকতা ও ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়ার অংশ হিসেবে ছড়িয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।

সব মিলিয়ে বাংলাদেশে একটি স্থানীয় অ্যালবিনো মহিষ এখন বৈশ্বিক ভাইরাল কনটেন্টে পরিণত হয়েছে, যা কৃষি, সংস্কৃতি, সামাজিক মাধ্যমের ট্রেন্ড এবং আন্তর্জাতিক রাজনীতির ব্যঙ্গ—সবকিছুরই এক অদ্ভুত সংমিশ্রণ তৈরি করেছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

সন্তানের নাম ‘আবু সাঈদ’ রেখে আন্দোলনে গিয়ে গুলিতে নিহত হন সাজু

পেঁয়াজ রপ্তানির শর্ত শিথিল করল ভারত

গণভবনে মিলল টিউলিপের প্রচারপত্র, অনুসন্ধানী সাংবাদিকতা বন্ধের নোট

নিউজ ডেস্ক