বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে এটি নবায়ন কিংবা নতুন চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে এখনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। এমন পরিস্থিতিতে শুষ্ক মৌসুমে গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ বা পানিপ্রবাহের নিশ্চয়তামূলক ধারা অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ।
চুক্তির মেয়াদ শেষ হতে দুই সপ্তাহের কিছু বেশি সময় বাকি থাকলেও ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক আলোচনার কোনো সময়সূচি জানানো হয়নি। তবে বাংলাদেশ নতুন চুক্তির বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে ভারতের সঙ্গে আলোচনার অপেক্ষায় রয়েছে। ঢাকার অবস্থান, শুধু বিদ্যমান চুক্তির মেয়াদ বাড়ানো নয়, বরং বাংলাদেশের জাতীয় স্বার্থ সুরক্ষিত করে একটি নতুন বা সংশোধিত চুক্তি করা প্রয়োজন।
এদিকে গত রোববার ঢাকায় বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) যৌথ কমিটির ৯১তম নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে গঙ্গার পানি বণ্টন চুক্তি বাস্তবায়নের ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদনটি দুই দেশের সরকারের কাছে পাঠানো হবে। তবে বৈঠকে চুক্তি নবায়ন কিংবা নতুন চুক্তি নিয়ে আলোচনা হয়নি। কারণ, চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ ও পর্যালোচনার দায়িত্ব যৌথ কমিটির হলেও নতুন চুক্তি নিয়ে আলোচনার এখতিয়ার দুই দেশের সরকার ও রাজনৈতিক নেতৃত্বের।
যৌথ নদী কমিশনের সদস্য এবং বাংলাদেশের পক্ষে যৌথ কমিটির প্রধান ড. মো. আনোয়ার কাদির জানিয়েছেন, বৈঠকে ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত হয়েছে। তিনি বলেন, গঙ্গার পানি বণ্টন চুক্তি বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনায় দ্বিপক্ষীয় সহযোগিতার গুরুত্বপূর্ণ ভিত্তি। চুক্তির সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে নিয়মিত তথ্য বিনিময়, পানিপ্রবাহ পর্যবেক্ষণ এবং যৌথভাবে পরিস্থিতি পর্যালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, প্রতিবছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ফারাক্কা ব্যারাজ এবং বাংলাদেশের হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানিপ্রবাহ পর্যবেক্ষণ করে যৌথ কমিটি। ১৯৯৭ সাল থেকে প্রতিবছর পানিপ্রবাহ ও পানি বণ্টনের তথ্য পর্যালোচনা করে প্রতিবেদন তৈরি করা হচ্ছে।
বাংলাদেশের প্রধান দাবি হচ্ছে, নতুন চুক্তিতে শুষ্ক মৌসুমে নদীতে পানির প্রবাহ কমে গেলেও বাংলাদেশের নির্ধারিত হিস্যা নিশ্চিত করতে হবে। এ জন্য ১৯৭৭ সালের পানি বণ্টন চুক্তির মতো গ্যারান্টি ক্লজ ফিরিয়ে আনতে চায় সরকার।
পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বাসসকে বলেন, বাংলাদেশ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে চায়। নতুন চুক্তিতে ১৯৭৭ সালের পানি বণ্টন চুক্তির মতো গ্যারান্টি ক্লজ ফিরিয়ে আনা সরকারের অগ্রাধিকার। এ বিষয়ে ভারতের সঙ্গে আলোচনার জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে। দুই দেশের আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদি ও গ্রহণযোগ্য সমাধান বেরিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মন্ত্রী আরও জানান, আনুষ্ঠানিক আলোচনা দ্রুত শুরু করার আহ্বান জানিয়ে তিনি ভারতের পানিসম্পদমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন।
১৯৭৭ সালের চুক্তিতে একটি গুরুত্বপূর্ণ নিশ্চয়তা ছিল। শুষ্ক মৌসুমে ফারাক্কায় গঙ্গার পানিপ্রবাহ কমে গেলে যেকোনো ১০ দিনের মেয়াদে বাংলাদেশকে তার নির্ধারিত হিস্যার অন্তত ৮০ শতাংশ পানি দেওয়ার বাধ্যবাধকতা ছিল। কিন্তু ১৯৯৬ সালের চুক্তিতে এ ধরনের কোনো নিশ্চয়তামূলক ধারা রাখা হয়নি। ফলে নতুন চুক্তিতে এই ব্যবস্থা ফিরিয়ে এনে শুষ্ক মৌসুমে বাংলাদেশের পানির হিস্যা সুরক্ষিত করতে চায় ঢাকা।
বর্তমান চুক্তি অনুযায়ী, জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ফারাক্কায় গঙ্গার পানিপ্রবাহের ভিত্তিতে প্রতি ১০ দিন অন্তর দুই দেশের মধ্যে পানি বণ্টন করা হয়। পানিপ্রবাহ ৭০ হাজার কিউসেক বা তার কম হলে বাংলাদেশ ও ভারত সমান ভাগে পানি পায়। প্রবাহ ৭০ হাজার থেকে ৭৫ হাজার কিউসেকের মধ্যে থাকলে বাংলাদেশ পায় ৩৫ হাজার কিউসেক এবং অবশিষ্ট পানি পায় ভারত। আর প্রবাহ ৭৫ হাজার কিউসেক বা তার বেশি হলে ভারত পায় ৪০ হাজার কিউসেক এবং অবশিষ্ট পানি পায় বাংলাদেশ।
এ ছাড়া ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত তিনটি পালাক্রমিক ১০ দিনের মেয়াদে উভয় দেশকে ৩৫ হাজার কিউসেক করে পানি দেওয়ার বিধান রয়েছে।
নতুন চুক্তি নিয়ে আলোচনার প্রস্তুতি হিসেবে বাংলাদেশ ইতোমধ্যে উচ্চপর্যায়ের একটি কারিগরি কমিটি গঠন করেছে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর এই কমিটির নেতৃত্ব দিচ্ছেন। এতে পানিসম্পদ, পররাষ্ট্রসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং নদী বিশেষজ্ঞরা রয়েছেন।
বাংলাদেশ গত জুনে ভারতকে আনুষ্ঠানিক আলোচনার প্রস্তাব দেয়। আগস্টে ভারতের পক্ষ থেকেও একটি কারিগরি কমিটি গঠনের অনুরোধ জানানো হয়। সর্বশেষ ১৭ নভেম্বর পানিসম্পদমন্ত্রী ভারতের পানিসম্পদমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে দ্রুত আলোচনা শুরুর আহ্বান জানান। তবে এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে আলোচনার নির্দিষ্ট সময়সূচি পাওয়া যায়নি।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, গঙ্গার পানি বণ্টন বাংলাদেশের জন্য শুধু পানিসম্পদের বিষয় নয়; এর সঙ্গে কৃষি, খাদ্যনিরাপত্তা, পরিবেশ ও অর্থনীতি সরাসরি জড়িত। তাই এমন একটি চুক্তি প্রয়োজন, যাতে শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত হওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদে বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত থাকে।
অন্যদিকে, নতুন চুক্তি নিয়ে আলোচনায় ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক ও আঞ্চলিক স্বার্থও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও বিহারের পানির চাহিদা আলোচনাকে প্রভাবিত করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পশ্চিমবঙ্গের কাছে ভাগীরথী-হুগলি নদীতে পানিপ্রবাহ বজায় রাখা, নৌচলাচল এবং বন্দর সচল রাখা গুরুত্বপূর্ণ। অন্যদিকে বিহার পানীয় জল ও শিল্পের জন্য পর্যাপ্ত পানি নিশ্চিত করতে আগ্রহী।
১৯৯৬ সালের চুক্তির দ্বাদশ অনুচ্ছেদ অনুযায়ী, স্বাক্ষরের পর থেকে ৩০ বছর পর্যন্ত চুক্তিটি কার্যকর থাকবে। দুই দেশের পারস্পরিক সম্মতির ভিত্তিতে এটি নবায়ন করা যাবে। অর্থাৎ, চুক্তির মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়ানোর সুযোগ নেই। উভয় দেশের সম্মতি ছাড়া নবায়ন সম্ভব নয়।
চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন কোনো সমঝোতা না হলে আগামী শুষ্ক মৌসুমে বাংলাদেশের পানিপ্রবাহ নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। কারণ, গঙ্গার পানির ওপর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, সেচ, মৎস্য, নৌপরিবহন ও পরিবেশগত ভারসাম্য অনেকাংশে নির্ভরশীল। শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কমে গেলে এ অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, কৃষি ও মৎস্য উৎপাদন ব্যাহত হওয়া এবং নদীর নাব্যতা সংকট আরও প্রকট হওয়ার আশঙ্কা রয়েছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানিসম্পদ বিভাগের অধ্যাপক ড. আতাউর রহমানের মতে, গঙ্গার পানি বণ্টন চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শুষ্ক মৌসুমে পানির প্রবাহ নিশ্চিত করা। শুধু দুই দেশের মধ্যে পানি ভাগাভাগির সূত্র থাকলেই হবে না, নদীতে পানির প্রবাহ কমে গেলে বাংলাদেশ কতটুকু পানি পাবে, সেটিও চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। গ্যারান্টি ক্লজ না থাকলে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা কঠিন হতে পারে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী রয়েছে ৫৪টি। এর মধ্যে গঙ্গাই একমাত্র নদী, যার পানি বণ্টন নিয়ে দুই দেশের মধ্যে কার্যকর চুক্তি রয়েছে। দীর্ঘদিন ধরে তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে আলোচনা চললেও এখনো তা বাস্তবায়িত হয়নি। ফলে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বিশেষজ্ঞদের মতে, দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি ও টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে নতুন চুক্তিতে শুধু পানির হিস্যা নির্ধারণ করলেই চলবে না। এর পাশাপাশি পানিপ্রবাহের নিশ্চয়তা, নিয়মিত তথ্য বিনিময়, শুষ্ক মৌসুমে পানির সংকট মোকাবিলা এবং বর্ষায় অতিরিক্ত পানিপ্রবাহের ঝুঁকি ব্যবস্থাপনার বিষয়গুলোও অন্তর্ভুক্ত করা প্রয়োজন।
সব মিলিয়ে, ১২ ডিসেম্বর গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে ভারতের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করাই এখন বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। নতুন চুক্তিতে পানির ন্যায্য হিস্যা ও গ্যারান্টি ক্লজ নিশ্চিত করা সম্ভব হবে কি না, তার ওপর নির্ভর করছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও পানিসম্পদের ভবিষ্যৎ।
সূত্রঃ বাসস
এমকে

