ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অতর্কিত হামলা শনিবার (৪ এপ্রিল) পর্যন্ত টানা ৩৬ দিনে গড়েছে। দেশ দুইটির যৌথ হামলায় ইরানে বহু হতাহত ও ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার খবরে বলা হয়েছে। অন্যদিকে ইরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত অন্তত সাতটি যুদ্ধবিমান হারিয়েছে। গতকাল শুক্রবারই ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর এফ-১৫ এবং এ-১০ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।
এর আগে গত ২ মার্চ কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘ভুলে’ তিনটি মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত করে। সেইসময় ছয়জন ক্রু নিরাপদে বের হতে সক্ষম হন।
মার্চের ১২ তারিখে ইরাকে কেসি-১৩৫ জেট ট্যাংকার বিধ্বস্ত হলে যুক্তরাষ্ট্রের ছয়জন ক্রু নিহত হন। মার্কিন সেনাবাহিনী জানায়, শত্রুর গুলিতে এই যুদ্ধবিমান ভূপাতিত হয়নি। তবে এটি ইরানের বিরুদ্ধে চলমান এপিক ফিউরি অভিযানে ছিল।
এ ছাড়া গত ২৭ মার্চ সৌদি আরবে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে বোয়িং এ-৩ সেন্ট্রি বা এডব্লিউএসিএস বিমান বিধ্বস্ত হয়। সেই সময় যুক্তরাষ্ট্রের অন্তত ১০ জন সেনা আহত হয়েছেন।
সূত্রের বরাতে সিএনএন আরও জানায়, সৌদি ঘাঁটিতে হামলায় সেইসময় মার্কিন বিমান বাহিনীর একটি ট্যাংকারও ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি গত মাসে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান গত মাসে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে জরুরি অবতরণ করে।
সূত্রঃ সিএনএন
এম.কে

