15.9 C
London
October 27, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

বেতন নিয়ে বিরোধঃ আগামী মাসে ধর্মঘটে যাচ্ছেন ব্রিটেনের হাজারো জ্যেষ্ঠ চিকিৎসক

বেতন, কর্মপরিবেশ ও অতিরিক্ত কাজের চাপ নিয়ে সরকারের সঙ্গে বিরোধের জেরে আগামী মাসে দুই দিনের ধর্মঘটের ঘোষণা দিয়েছেন ব্রিটেনের ইংল্যান্ডের হাজারো জ্যেষ্ঠ চিকিৎসক। আগামী ২৫ ও ২৬ নভেম্বর জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থা এনএইচএসের কনসালট্যান্ট চিকিৎসকরা এ কর্মসূচিতে অংশ নেবেন। এতে হাসপাতালের নিয়মিত চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) প্রকাশিত ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে চলা বেতন ও কর্মপরিবেশসংক্রান্ত বিরোধের মধ্যে চিকিৎসকদের এই ধর্মঘট পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। কনসালট্যান্টরা এনএইচএসের সবচেয়ে অভিজ্ঞ ও জ্যেষ্ঠ চিকিৎসকদের মধ্যে পড়েন। রোগীদের চিকিৎসা দেওয়ার পাশাপাশি হাসপাতালের সেবা পরিচালনা, নতুন চিকিৎসকদের প্রশিক্ষণ এবং চিকিৎসার মান নিশ্চিত করার ক্ষেত্রেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) জানিয়েছে, কনসালট্যান্ট চিকিৎসকদের কর্মপরিবেশ, মানসিক ও শারীরিক সুস্থতা এবং অতিরিক্ত কাজের চাপ নিয়ে সরকারের কাছে উদ্বেগ জানানো হলেও তা যথাযথভাবে সমাধান করা হয়নি। এ কারণে ইউনিয়নটি ধর্মঘটের ঘোষণা দিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে।

বিএমএর দাবি, গত ১৭ বছরে মূল্যস্ফীতি বিবেচনায় কনসালট্যান্ট চিকিৎসকদের প্রকৃত বেতন প্রায় ২৫ শতাংশ কমেছে। তাদের অভিযোগ, অতিরিক্ত কাজের চাপ এবং পর্যাপ্ত সময়ের অভাবে অনেক চিকিৎসক এনএইচএসে কাজ চালিয়ে যাওয়ার আগ্রহ হারাচ্ছেন। এর ফলে অভিজ্ঞ চিকিৎসকদের ধরে রাখা এবং স্বাস্থ্যসেবার মান বজায় রাখা কঠিন হয়ে পড়ছে।

সংগঠনটি সরকারের ২০২৭-২৮ অর্থবছরের জন্য প্রস্তাবিত ২ দশমিক ৪ শতাংশ বেতন বৃদ্ধিরও সমালোচনা করেছে। বিএমএর মতে, মূল্যস্ফীতি বিবেচনায় এই প্রস্তাব চিকিৎসকদের প্রকৃত আয় আরও কমিয়ে দিতে পারে।

বিএমএর কনসালট্যান্ট কমিটির দুই সহসভাপতি ডা. হেলেন নিয়ারি ও ডা. শানু দত্ত বলেন, এনএইচএসে জীবন রক্ষাকারী চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি কনসালট্যান্টরা স্বাস্থ্যসেবার পরিকল্পনা, পরিচালনা এবং ভবিষ্যৎ চিকিৎসক তৈরির দায়িত্ব পালন করেন। তাদের যথাযথ মূল্যায়ন ও কর্মক্ষেত্রে ধরে রাখা ছাড়া স্বাস্থ্যসেবার ওপর বিদ্যমান চাপ মোকাবিলা করা সম্ভব নয়।

তাদের অভিযোগ, সরকার চিকিৎসকদের কর্মপরিবেশ ও অতিরিক্ত কাজের চাপসংক্রান্ত উদ্বেগকে গুরুত্ব দিচ্ছে না। একই সঙ্গে ইংল্যান্ডে রোগীদের অপেক্ষমাণ তালিকা কমানোর অগ্রগতিও থমকে যাওয়ার পরিস্থিতিতে চিকিৎসকদের আরও একটি প্রকৃত বেতন হ্রাসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে।

বিএমএর নেতারা আরও জানান, সরকারের সঙ্গে বিরোধ শুরু হওয়ার পর ১৮ মাসেরও বেশি সময় ধরে তারা আলোচনায় অংশ নিয়েছেন এবং সমস্যা সমাধানে বিভিন্ন বাস্তবসম্মত প্রস্তাব দিয়েছেন। কিন্তু বারবার আলোচনা পিছিয়ে দেওয়ায় শেষ পর্যন্ত ধর্মঘটের সিদ্ধান্ত নিতে হয়েছে।

চিকিৎসক নেতারা বলেছেন, ধর্মঘটে যাওয়া তাদের স্বাভাবিক পছন্দ নয়। তবে চিকিৎসকদের মধ্যে অসন্তোষ এতটাই বেড়েছে যে তারা আর বর্তমান পরিস্থিতি মেনে নিতে পারছেন না। অতিরিক্ত কাজের চাপ, লক্ষ্য পূরণের তাগিদ এবং রোগীদের চিকিৎসার মান উন্নয়নে পর্যাপ্ত সময়ের অভাব চিকিৎসকদের কর্মজীবনে ক্লান্তি ও অবসাদ বাড়াচ্ছে বলেও তারা অভিযোগ করেছেন।

এদিকে ধর্মঘট চলাকালে জরুরি চিকিৎসাসেবা চালু থাকবে। হাসপাতালগুলোতে বড়দিনের দিনের মতো সীমিত জনবল নিয়ে সেবা পরিচালনার ব্যবস্থা রাখা হবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

চলতি বছরের শুরুতে বিএমএর পরিচালিত একটি ভোটাভুটিতে অংশ নেওয়া কনসালট্যান্ট চিকিৎসকদের ৭৬ শতাংশ ধর্মঘটের পক্ষে মত দিয়েছিলেন। আগামী ২৫ ও ২৬ নভেম্বরের কর্মসূচি এ বিরোধের নতুন পর্যায় হিসেবে দেখা হচ্ছে।

ধর্মঘট এড়াতে সরকারের হাতে আরও চার সপ্তাহ সময় রয়েছে বলে জানিয়েছে বিএমএ। সংগঠনটি স্বাস্থ্যসেবাবিষয়ক মন্ত্রীর সঙ্গে আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান এবং এনএইচএসে কনসালট্যান্টদের ভূমিকা পুনরুদ্ধারের প্রত্যাশা জানিয়েছে।

সূত্রঃ দ্য সান

এমকে

আরো পড়ুন

ইংল্যান্ড ও ওয়েলসের সবচেয়ে বিপজ্জনক রাস্তাগুলোর—সহিংস ও যৌন অপরাধের হটস্পট উন্মোচিত

নিউজ ডেস্ক

যুক্তরাজ্য সরকার অভিবাসীদের রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনার কাজ শুরু করেছে

বেনিফিট কমে যাওয়ায় ফুড ব্যাংকের দ্বারস্থ ৮ সন্তানের জননী

অনলাইন ডেস্ক