12.8 C
London
October 10, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

বেনিফিট ও সরকারি সুবিধার টানে বাড়ছে এডিএইচডি-অটিজম নির্ণয়ঃ ব্রিটেনে উদ্বেগ

ব্রিটেনে এডিএইচডি ও অটিজম নির্ণয়ের সংখ্যা দ্রুত বাড়ার পেছনে আর্থিক ভাতা, শিক্ষা সহায়তা এবং অন্যান্য সরকারি সুবিধা পাওয়ার ব্যবস্থা ভূমিকা রাখছে বলে সতর্ক করেছে সরকার-নিযুক্ত একটি পর্যালোচনা প্রতিবেদন। প্রতিবেদনে বলা হয়েছে, রোগ নির্ণয়কে বিভিন্ন সুবিধা পাওয়ার প্রধান শর্ত হিসেবে ব্যবহার করায় অতিরিক্ত রোগ নির্ণয়ের ঝুঁকি তৈরি হয়েছে।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ক্লিনিক্যাল সাইকোলজির অধ্যাপক পিটার ফনাগির নেতৃত্বে তৈরি ৬০৭ পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে, রোগ নির্ণয়ের সঙ্গে আর্থিক ও অন্যান্য সুবিধা পাওয়ার যোগসূত্র থাকলে মূল্যায়ন প্রক্রিয়া প্রভাবিত হতে পারে। সুবিধা পাওয়ার যোগ্যতা প্রমাণ করতে আবেদনকারীরা নিজেদের সীমাবদ্ধতাকে বেশি গুরুত্ব দিয়ে তুলে ধরতে পারেন। এতে রোগ নির্ণয় ও সহায়তা ব্যবস্থার ওপর মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

প্রতিবেদনের হিসাব অনুযায়ী, ব্রিটেনে প্রায় ৪০ লাখ শিশু ও তরুণ উচ্চমাত্রার মানসিক চাপে ভুগছে, যা এই বয়সী জনগোষ্ঠীর প্রায় এক-পঞ্চমাংশ। প্রতিবেদনে বলা হয়েছে, রোগ নির্ণয়ের সনদ এখন চিকিৎসা, স্কুলে বিশেষ সহায়তা, কর্মক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা, কল্যাণ ভাতা এবং সামাজিক সেবা পাওয়ার গুরুত্বপূর্ণ শর্ত হয়ে উঠেছে। অথচ ব্যক্তির প্রকৃত প্রয়োজনের ভিত্তিতেও এসব সহায়তা পাওয়ার সুযোগ থাকা উচিত।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, অটিজমকে প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করে প্রতিবন্ধী ভাতা গ্রহণকারীর সংখ্যা ২০১৯ সালের জানুয়ারিতে ৭৯ হাজার ৩৯৫ থেকে বেড়ে ২০২৬ সালের জুলাইয়ে ২ লাখ ৬৮ হাজার ৯৬৫ হয়েছে। একই সময়ে এডিএইচডি বা মনোযোগের ঘাটতিজনিত সমস্যাকে প্রধান কারণ হিসেবে দেখিয়ে ভাতা গ্রহণকারীর সংখ্যা ২৩ হাজার ৭৪১ থেকে বেড়ে ১ লাখ ৬ হাজার ৮৭ হয়েছে—যা চার গুণেরও বেশি।

শিশুদের মধ্যেও এডিএইচডি ও অটিজম নির্ণয়ের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০০০ সালের তুলনায় কিশোর ছেলেদের মধ্যে এডিএইচডি শনাক্তের হার প্রায় ১৩ গুণ এবং অটিজম শনাক্তের হার ২৩ গুণেরও বেশি হয়েছে। কিংস কলেজ লন্ডনের অধ্যাপক স্যার সাইমন ওয়েসলি সতর্ক করে বলেছেন, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে অতিরিক্ত রোগ নির্ণয় ও অপ্রয়োজনীয় চিকিৎসাকেন্দ্রিকতার ঝুঁকি অনেক বেড়ে যাবে।

তিনি আরও বলেন, সহায়তা পাওয়ার জন্য দেওয়া রোগ নির্ণয়ের সনদ কখনো কখনো সুযোগ তৈরি করার বদলে নতুন বাধাও সৃষ্টি করতে পারে। বিশেষ করে শিশুদের নিজেদের সম্পর্কে ধারণা ও ভবিষ্যৎ সম্ভাবনা এই ধরনের পরিচয়ের দ্বারা সীমাবদ্ধ হয়ে পড়তে পারে।

প্রতিবেদনে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মাধ্যমে এডিএইচডি ও অটিজম নির্ণয়ের মূল্যায়ন প্রক্রিয়ায় আরও কঠোর নজরদারির সুপারিশ করা হয়েছে। বর্তমানে এনএইচএসের অর্থায়নে হওয়া এডিএইচডি মূল্যায়নের অর্ধেকের বেশি এবং অটিজম মূল্যায়নের এক-তৃতীয়াংশেরও বেশি বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা করে। গত তিন বছরে বেসরকারি এডিএইচডি সেবায় এনএইচএসের ব্যয় তিন গুণেরও বেশি বেড়েছে। একই ধরনের মূল্যায়নের জন্য কোনো কোনো প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানের তুলনায় চার গুণ পর্যন্ত বেশি অর্থ নিচ্ছে।

সব ধরনের রোগ নির্ণয়মূলক মূল্যায়নকে কেয়ার কোয়ালিটি কমিশনের নিয়ন্ত্রণে আনা এবং এনএইচএসের অর্থায়নে পরিচালিত মূল্যায়নের সরাসরি বিজ্ঞাপন বন্ধ করার সুপারিশ করেছে পর্যালোচনা কমিটি। প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি অর্থায়নে সেবার পরিধি বাড়লেও সেবার মান ও অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার নিয়ন্ত্রণব্যবস্থা একই গতিতে এগোয়নি।

তবে প্রতিবেদনের লেখকেরা বলেছেন, মানুষের মানসিক সংকট বৃদ্ধির বিষয়টি বাস্তব; শুধু সচেতনতা বাড়ার কারণে এই প্রবণতা তৈরি হয়নি। ১৯৯৩ সালে ১৬ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে প্রতি ছয়জনে একজনের সাধারণ মানসিক স্বাস্থ্য সমস্যার লক্ষণ ছিল। ২০২৪ সালে তা বেড়ে প্রতি চারজনে একজন হয়েছে।

অধ্যাপক পিটার ফনাগি তরুণদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার পেছনে অর্থনৈতিক নিরাপত্তাহীনতা, আবাসন ব্যয় এবং সামাজিক চাপকে দায়ী করেছেন। তার মতে, অনেক তরুণের মধ্যে এমন ধারণা তৈরি হচ্ছে যে তাদের ভবিষ্যৎ আগের প্রজন্মের তুলনায় আরও কঠিন হবে।

ব্রিটেনের স্বাস্থ্যবিষয়ক মন্ত্রী ইয়েভেট কুপার বলেছেন, তরুণদের শিক্ষা ও কর্মসংস্থানে ধরে রাখতে আগেভাগে সহায়তা দেওয়ার ওপর গুরুত্ব দিতে হবে। এডিএইচডি ও অটিজম নির্ণয়ের মূল্যায়ন প্রক্রিয়ায় রোগীদের সুরক্ষা এবং এনএইচএসের অতিরিক্ত ব্যয় ঠেকাতে আরও কঠোর নিয়ন্ত্রণের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

অন্যদিকে, ইন্ডিপেনডেন্ট হেলথকেয়ার প্রোভাইডার্স নেটওয়ার্ক বলেছে, মূল্যায়নের চাহিদা মেটানো এবং মানুষের দ্রুত সেবা পাওয়ার সুযোগ বাড়াতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা সরকারের সঙ্গে কাজ করে সময়মতো মানসম্মত মূল্যায়ন ও সহায়তা নিশ্চিত করতে আগ্রহী।

সূত্রঃ জিবি নিউজ

এমকে

আরো পড়ুন

ভাতিজিকে হত্যা করায় যাবজ্জীবন কারাদণ্ড

নিউজ ডেস্ক

ইমিগ্রেশন স্ট্যাটাস হারানোর ভয়ে সন্তানের প্রতিবন্ধী ভাতা বাতিল করলেন ঘানার সেবাকর্মী

টাওয়ার হ্যামলেটসের মেয়র নির্বাচনে সিলেটি প্রার্থীদের দাপট, মূল লড়াই লুৎফুর–সিরাজুলে

নিউজ ডেস্ক