13 C
London
October 24, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনের রিফর্ম ইউকের প্রচারণাপত্রে মুসলিমবিদ্বেষী কাউন্সিলরঃ মসজিদ বন্ধের দাবিতে বিতর্ক

ব্রিটেনের ডানপন্থী রাজনৈতিক দল রিফর্ম ইউকের প্রচারণাপত্রে এমন এক কাউন্সিলরের ছবি প্রকাশ করা হয়েছে, যিনি মুসলিমদের সরকারি পদে দায়িত্ব পালনে নিষিদ্ধ করার পক্ষে মন্তব্য করেছিলেন এবং যুক্তরাজ্যের সব মসজিদ বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। দলটির নেতা নাইজেল ফারাজের রাজনৈতিক অবস্থান ও দলীয় সদস্যদের যাচাই-বাছাই প্রক্রিয়া নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, রিফর্ম ইউকে সম্প্রতি ‘দ্য রিফর্মার’ নামে একটি প্রচারণাপত্র প্রকাশ করেছে। দেশজুড়ে লাখ লাখ পরিবারের কাছে এটি পাঠানো হয়েছে। জনমত জরিপে দলটির অবস্থান নিয়ে চাপের মধ্যে থাকার সময় এই প্রচারণাপত্র প্রকাশ করা হয়।

প্রচারণাপত্রে স্থান পেয়েছেন কাউন্সিলর ফিল টিয়ার্নি। তিনি সলিহালের চেলমসলি উড এলাকার কাউন্সিলর। সেখানে রিফর্ম ইউকের ১৭টি আসন রয়েছে, অন্যদিকে কনজারভেটিভদের আসন ২৪টি।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট শেয়ার করে টিয়ার্নি লিখেছিলেন, ‘আমি ইসলামবিদ্বেষী।’ তিনি এমন একটি ছবিও পুনরায় প্রকাশ করেছিলেন, যেখানে বলা হয়েছিল, কোনো কমিউনিস্ট বা মুসলিমকে সরকারি কোনো পদে দায়িত্ব পালন করতে দেওয়া উচিত নয়। এ ছাড়া তিনি ইসলামকে ‘এই সুন্দর পৃথিবীর জন্য অভিশাপ’ বলে বর্ণনা করেছিলেন এবং যুক্তরাজ্যের সব মসজিদ বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

টমি রবিনসনের প্রতি সমর্থন জানিয়ে যুক্তরাজ্য সরকারের বিরুদ্ধে কথিত রাজনৈতিক নিপীড়ন বন্ধের দাবিতে করা একটি পিটিশনেও স্বাক্ষর করেছিলেন টিয়ার্নি। টমি রবিনসন ব্রিটেনের একজন পরিচিত ডানপন্থী আন্দোলনকর্মী, যিনি মুসলিম ও অভিবাসনবিরোধী বক্তব্যের জন্য ব্যাপকভাবে আলোচিত।

চলতি বছরের মে মাসে রিফর্ম ইউকে জানিয়েছিল, টিয়ার্নিকে ঘিরে ওঠা অভিযোগগুলো তারা ‘পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত’ করছে। তবে কয়েক মাস পর প্রকাশিত প্রচারণাপত্রে তাকে দেখা গেছে ‘ক্লিনিং আপ ব্রিটেন’ বা ‘ব্রিটেনকে পরিচ্ছন্ন করা’ শীর্ষক অংশের সঙ্গে।

এ ঘটনায় লেবার পার্টির চেয়ার ব্রিজেট ফিলিপসন রিফর্ম ইউকের বিরুদ্ধে বর্ণবাদী সংস্কৃতি প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুলেছেন। তার বক্তব্য, নাইজেল ফারাজ শুধু এ ধরনের মতামত সহ্য করছেন না, বরং প্রচারণাপত্রে সংশ্লিষ্ট কাউন্সিলরকে তুলে ধরে সেগুলোকে আরও বেশি গুরুত্ব দিচ্ছেন। তিনি টিয়ার্নির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং তাকে প্রচারণাপত্রে গুরুত্ব দেওয়ার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।

কনজারভেটিভ পার্টির একজন মুখপাত্রও রিফর্ম ইউকের সমালোচনা করেছেন। তার বক্তব্য, দলটি সদস্যদের যাচাই-বাছাই প্রক্রিয়া উন্নত করার দাবি করলেও মুসলিমদের সরকারি পদে নিষিদ্ধ করার পক্ষে মন্তব্য করা একজন কাউন্সিলরকে জাতীয় পর্যায়ের প্রচারণাপত্রে তুলে ধরেছে। এ ঘটনা দলটির অভ্যন্তরীণ যাচাই-বাছাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে বলে তিনি মন্তব্য করেন।

নাইজেল ফারাজের দল এর আগে আইটিভির একটি অনুসন্ধানী তথ্যচিত্র প্রকাশের পরও চাপের মুখে পড়ে। ওই তথ্যচিত্রে রিফর্ম ইউকের কয়েকজন সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যৌনবাদী, বর্ণবাদী ও অন্যান্য উদ্বেগজনক মন্তব্য করার অভিযোগ সামনে আসে। এসব ঘটনার পর দলটি কয়েকজন রাজনীতিকের বিরুদ্ধে তদন্ত শুরু করার কথা জানিয়েছিল।

ডেইলি মিরর জানিয়েছে, এ বিষয়ে মন্তব্য চেয়ে যোগাযোগ করা হলেও রিফর্ম ইউকে কোনো জবাব দেয়নি।

সূত্রঃ ডেইলি মিরর

এমকে

আরো পড়ুন

অভিবাসী তাঁবু’ সীমিত করার সিদ্ধান্তের পেছনে যুক্তরাজ্য সরকারের যুক্তি

‘ট্রাম্প ও স্টারমার’ যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য বাণিজ্য চুক্তি নিশ্চিত করলেন

টাওয়ার হ্যামলেটে ব্রিটিশ-বাংলাদেশি যুবককে ছুরিকাঘাতে হত্যা

অনলাইন ডেস্ক