12.8 C
London
October 10, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনের সুপারমার্কেট বাজারে বড় রদবদলের আভাসঃ বন্ধ হওয়ার ঝুঁকিতে স্থানীয় শাখা

ব্রিটেনে সুপারমার্কেট ব্যবসায় একীভূত হওয়ার আলোচনা নতুন করে সামনে এসেছে। বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্ভাব্য একীভূতকরণ নিয়ে আলোচনা চলছে। এর ফলে পণ্যের দাম, স্থানীয় সুপারমার্কেটের সংখ্যা এবং ক্রেতাদের পছন্দের ওপর কী প্রভাব পড়বে, তা নিয়ে উদ্বেগ ও সম্ভাবনা—দুই-ই তুলে ধরেছেন খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রো-এর ৯ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরুর দিকে ব্রিটেনের সুপারমার্কেট চেইন স্যান্সবারি ও মরিসনসের মধ্যে ব্যবসা একীভূত করার বিষয়ে আলোচনা হয়েছিল। তবে সেই আলোচনা কোনো চুক্তিতে পৌঁছায়নি। অন্যদিকে, টেসকো মাজেস্টিক ওয়াইন কেনার সম্ভাবনা খতিয়ে দেখছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ফ্লারিশ রিটেইলের প্রতিষ্ঠাতা সারাহ জনসনের মতে, ভবিষ্যতে ব্রিটেনের সুপারমার্কেট খাতে আরও একীভূত হওয়ার আলোচনা হতে পারে। তার ধারণা, এ ধরনের আলোচনা মূলত মাঝারি দামের বাজারে প্রতিযোগিতা করা সুপারমার্কেটগুলোকে ঘিরে হতে পারে।

তার মতে, অ্যালডি ও লিডল তুলনামূলক কম দামের পণ্যের মাধ্যমে ক্রেতাদের আকর্ষণ করে। অন্যদিকে, ওয়েটরোজ ও মার্কস অ্যান্ড স্পেনসার উন্নত মানের পণ্য ও কেনাকাটার অভিজ্ঞতার ওপর গুরুত্ব দেয়। মাঝামাঝি অবস্থানে থাকা সুপারমার্কেটগুলো দুই দিক থেকেই প্রতিযোগিতার চাপে পড়ছে। এ অবস্থায় একীভূত হওয়ার মাধ্যমে বাজারের অংশীদারত্ব বাড়ানোর চেষ্টা করতে পারে প্রতিষ্ঠানগুলো।

সুপারমার্কেটগুলো কেন একীভূত হতে চাইবে, তার ব্যাখ্যায় সারাহ জনসন বলেন, একীভূত হলে প্রতিষ্ঠানগুলোর ক্রয়ক্ষমতা বাড়তে পারে। ফলে সরবরাহকারীদের সঙ্গে দর-কষাকষিতে তারা বাড়তি সুবিধা পেতে পারে। পাশাপাশি পরিবহন, পণ্য সরবরাহ ও পরিচালন ব্যয় কমানোর সুযোগ তৈরি হতে পারে। মুদি পণ্যের ব্যবসায় মুনাফার হার তুলনামূলক কম হওয়ায় সামান্য ব্যয় সাশ্রয়ও প্রতিষ্ঠানগুলোর জন্য গুরুত্বপূর্ণ।

তবে একীভূত হলেই ক্রেতারা কম দামে পণ্য পাবেন, এমন নিশ্চয়তা নেই। ইনস্টিটিউট অব গ্রোসারি ডিস্ট্রিবিউশনের জ্যেষ্ঠ বিশ্লেষক অ্যালেক্স রোবরির মতে, বড় পরিসরে ব্যবসা পরিচালনা করলে প্রতিষ্ঠানগুলো ক্রমবর্ধমান ব্যয় ভালোভাবে সামাল দিতে পারে। এতে ঘন ঘন পণ্যের দাম বাড়ানোর প্রয়োজন কিছুটা কমতে পারে। তবে বাস্তবে ক্রেতারা কতটা উপকৃত হবেন, তা নির্ভর করবে চুক্তির ধরন এবং একীভূত প্রতিষ্ঠান দুটি কতটা কার্যকরভাবে পরিচালিত হচ্ছে তার ওপর।

অন্যদিকে, একীভূতকরণের নেতিবাচক প্রভাবও থাকতে পারে। সারাহ জনসনের মতে, একই এলাকায় দুটি প্রতিষ্ঠানের কাছাকাছি একাধিক সুপারমার্কেট থাকলে একীভূত হওয়ার পর প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কিছু দোকান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। এতে স্থানীয় ক্রেতাদের কেনাকাটার জন্য আরও দূরে যেতে হতে পারে এবং আশপাশে বিকল্প দোকানের সংখ্যা কমে যেতে পারে। প্রতিযোগিতা কমে গেলে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার চাপও দুর্বল হতে পারে।

এ ছাড়া সুপারমার্কেটগুলো একীভূত হলে পণ্যের বৈচিত্র্য কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে। একই ধরনের পণ্য বিক্রি করে এমন ব্র্যান্ডগুলোর মধ্যে কিছু পণ্য বাদ দেওয়া হতে পারে। এতে ছোট ব্র্যান্ড ও সরবরাহকারীরা বড় প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারেন। ফলে ক্রেতারা তাদের পছন্দের কিছু পণ্য আর আগের মতো সহজে নাও পেতে পারেন।

তবে বিশেষজ্ঞরা বলছেন, আপাতত আতঙ্কিত হওয়ার কারণ নেই। সুপারমার্কেট খাতে একীভূতকরণ একটি জটিল প্রক্রিয়া, যা সম্পন্ন করতে দীর্ঘ সময় লাগতে পারে এবং এ ধরনের চুক্তি নিয়ন্ত্রক সংস্থার কঠোর পর্যালোচনার মুখে পড়তে পারে। তাই ব্রিটেনের ক্রেতাদের জন্য এখনই বড় ধরনের পরিবর্তন আসছে—এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।

সূত্রঃ মেট্রো

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে ওজন কমানোর ইনজেকশন এনএইচএস-এ সহজলভ্য করতে চায় লেবার সরকার

যুক্তরাজ্যে এসাইলাম প্রার্থীদের আশ্রয়ের ব্যবস্থা করে লাভজনক ব্যবসা করছে বেসরকারী সংস্থাগুলি

আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় স্থানান্তর নিয়ে যুক্তরাজ্যে বিরোধ