TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে ইনোভেটর ফাউন্ডার ভিসায় স্থায়ী বসবাসের সময় ৩ থেকে ৫ বছর করার প্রস্তাব

ব্রিটেনে বিদেশি উদ্যোক্তাদের জন্য চালু থাকা ইনোভেটর ফাউন্ডার ভিসা বন্ধের সুপারিশ করেছে দেশটির অভিবাসন উপদেষ্টা কমিটি (এমএসি)। এই ভিসার আওতায় গড়ে ওঠা অধিকাংশ ব্যবসা প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেনি এবং ভিসাধারীদের আয়ও তুলনামূলক কম—এমন পর্যবেক্ষণের ভিত্তিতে এ সুপারিশ করা হয়েছে।

১৮ নভেম্বর প্রকাশিত ৮০ পৃষ্ঠার এক পর্যালোচনা প্রতিবেদনে কমিটি বলেছে, বর্তমান কাঠামোয় ইনোভেটর ফাউন্ডার ভিসা তার মূল লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছে। তাই এটি বাতিল করা অথবা আরও কঠোর ও বাছাইভিত্তিক ব্যবস্থায় সংস্কার করা প্রয়োজন।

কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী, কয়েক বছর ব্যবসা পরিচালনার পরও উল্লেখযোগ্যসংখ্যক প্রতিষ্ঠান দুর্বল অবস্থায় রয়েছে। অল্পসংখ্যক উদ্যোক্তা ও প্রতিষ্ঠান ভালো সাফল্য অর্জন করলেও অধিকাংশের দুর্বল ফলাফল সেই সাফল্যকে ছাড়িয়ে যেতে পারেনি। দীর্ঘমেয়াদে এই ভিসা সরকারের জন্য আর্থিক বোঝাও তৈরি করতে পারে।

তবে সরকার যদি ভিসাটি চালু রাখার সিদ্ধান্ত নেয়, সে ক্ষেত্রে কয়েকটি বড় পরিবর্তনের সুপারিশ করেছে কমিটি। এর মধ্যে রয়েছে স্থায়ী বসবাসের যোগ্যতা অর্জনের সময়সীমা তিন বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করা। এতে উদ্যোক্তাদের ব্যবসায়িক সাফল্য যাচাইয়ের জন্য আরও সময় পাওয়া যাবে।

এ ছাড়া ব্যবসার প্রকৃত সাফল্য পরিমাপের জন্য কঠোর মানদণ্ড, আবেদন যাচাইয়ে সাক্ষাৎকার চালু রাখা এবং অনুমোদনকারী সংস্থাগুলোর স্বার্থের সংঘাত দূর করার সুপারিশ করা হয়েছে। উদ্ভাবনী ব্যবসার শর্তও বহাল রাখার পক্ষে মত দিয়েছে কমিটি।

অন্যদিকে, গ্লোবাল ট্যালেন্ট ভিসার কার্যকারিতা নিয়ে ইতিবাচক মূল্যায়ন করেছে এমএসি। কমিটির মতে, এই ভিসা উচ্চ দক্ষতাসম্পন্ন গবেষক, প্রযুক্তিবিদ ও সৃজনশীল পেশাজীবীদের ব্রিটেনে আকৃষ্ট করতে কার্যকর ভূমিকা রাখছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২-২৩ সালে গ্লোবাল ট্যালেন্ট ভিসায় ব্রিটেনে আসা প্রত্যেক ব্যক্তি তার জীবদ্দশায় গড়ে প্রায় ৪ লাখ ২০ হাজার পাউন্ডের ইতিবাচক আর্থিক অবদান রাখতে পারেন। সব মিলিয়ে সম্ভাব্য অবদানের পরিমাণ প্রায় ২২০ কোটি পাউন্ড।

তবে এই ভিসায় স্থায়ী বসবাসের আবেদনের ক্ষেত্রে ন্যূনতম আয়ের শর্ত চালুর সুপারিশ করেছে কমিটি। শর্তটি অন্তত পূর্ণকালীন জাতীয় জীবনযাপন মজুরির ভিত্তিতে নির্ধারণের কথা বলা হয়েছে।

এ ছাড়া গ্লোবাল ট্যালেন্ট ও ইনোভেটর ফাউন্ডার ভিসাধারীদের স্বামী-স্ত্রী ও নির্ভরশীল পরিবারের সদস্যদের স্থায়ী বসবাসের সময়সীমা নিয়েও আলোচনা হয়েছে। মূল আবেদনকারী আগে স্থায়ী বসবাসের যোগ্য হলেও পরিবারের সদস্যদের পাঁচ বছর অপেক্ষা করতে হওয়ার বৈষম্য দূর করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সরকারের ২০২৬ সালের নভেম্বরে প্রকাশিত আর্নড সেটেলমেন্ট পরামর্শের জবাবে নির্ভরশীল পরিবারের সদস্যদের স্থায়ী বসবাসের সময়সীমা মূল আবেদনকারীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি নির্দিষ্ট আয়ের শর্ত পূরণে স্বামী-স্ত্রীর যৌথ আয় বিবেচনার সুযোগ রাখার বিষয়টিকেও ইতিবাচক হিসেবে দেখেছে কমিটি।

সূত্রঃ ইলেকট্রনিক ইমিগ্রেশন নেটওয়ার্ক

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে ২৫ বছরের কম বয়সীদের ইউনিভার্সাল ক্রেডিটের স্বাস্থ্যভাতা বাতিলের পরিকল্পনা

প্রতিদিন যৌন সহিংসতার মুখে যুক্তরাজ্যের সেনাবাহিনী, জিরো টলারেন্স নীতি প্রশ্নবিদ্ধ

শুধু কর্মজীবী শ্রেণির শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে নতুন সিভিল সার্ভিস ইন্টার্নশিপ চালু