12.2 C
London
October 27, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে বন্ধের শঙ্কায় পাউন্ডল্যান্ডঃ ঝুঁকিতে ১০ হাজারের বেশি কর্মীর চাকরি

ব্রিটেনে অন্যতম বৃহৎ ডিসকাউন্ট খুচরা বিক্রেতা পাউন্ডল্যান্ড বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদে চলতি মাসে নিয়োগ পাওয়া তিন পরিচালক সংখ্যাগরিষ্ঠ মালিকপক্ষের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করতে পারেন। এতে প্রতিষ্ঠানটি দেউলিয়া হওয়ার ঝুঁকি আরও বেড়েছে। সম্ভাব্য এই পরিস্থিতিতে ১০ হাজারের বেশি কর্মীর চাকরি হুমকির মুখে পড়তে পারে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ।
স্কাই নিউজের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ অক্টোবর পাউন্ডল্যান্ডের পরিচালনা পর্ষদে নিয়োগ পাওয়া অ্যান্ড্রু কার্কপ্যাট্রিক, স্টিফেন ওয়েলচ ও ডমিনিক ইয়ং পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। প্রতিষ্ঠানটির সংখ্যাগরিষ্ঠ মালিক গর্ডন ব্রাদার্সের সঙ্গে বিরোধের কারণেই তাদের এই সিদ্ধান্ত বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিরোধের মূল কারণ, পাউন্ডল্যান্ডকে আর্থিকভাবে সচল রেখে বিক্রির জন্য মার্টিন প্রপার্টি গ্রুপের দেওয়া একটি প্রস্তাব গ্রহণ না করার সিদ্ধান্ত। পাউন্ডল্যান্ডের ব্যবস্থাপনা দল এই প্রতিষ্ঠানটিকে সম্ভাব্য ক্রেতা হিসেবে পছন্দ করেছিল। তবে মালিকপক্ষের সিদ্ধান্তে উদ্ধারপ্রক্রিয়া অনিশ্চিত হয়ে পড়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, পরিস্থিতির পরিবর্তন না হলে প্রতিষ্ঠানটিকে দেউলিয়া-সংক্রান্ত প্রশাসনিক প্রক্রিয়ায় পাঠানো হতে পারে এবং পরে এর বিভিন্ন অংশ বিক্রি বা ভেঙে দেওয়া হতে পারে।
মার্টিন প্রপার্টি গ্রুপের প্রস্তাবে প্রতিষ্ঠানটির কার্যক্রম সচল রাখার পাশাপাশি অ্যান্ডি বার্নহামের নির্বাচনী এলাকার একটি বিতরণকেন্দ্র সংরক্ষণের বিষয়ও রয়েছে। প্রস্তাব অনুযায়ী, গর্ডন ব্রাদার্সের দেওয়া ৩ কোটি পাউন্ডের শেয়ারহোল্ডার ঋণও বিদ্যমান শর্তে পুরোপুরি পরিশোধ করার কথা। ঋণটির মেয়াদ শেষ হতে এখনো কয়েক বছর বাকি রয়েছে।
তবে গর্ডন ব্রাদার্সের আশঙ্কা, নির্ধারিত মেয়াদের আগেই পাউন্ডল্যান্ডের সম্পদ বিক্রি বা প্রতিষ্ঠানটি বিলুপ্ত করা হলে ঋণের পুরো অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হতে পারে। স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটিকে ভেঙে বিক্রি করা হলে ঋণ পরিশোধের ক্ষেত্রে মালিকপক্ষের সুবিধা হওয়ার সম্ভাবনাও এই বিরোধের পেছনে ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা।
এদিকে, পাউন্ডল্যান্ড কেনার জন্য আরেকটি প্রতিষ্ঠান ইনোভেস্ট হোল্ডিংসও আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ। তবে মঙ্গলবার সকাল পর্যন্ত প্রতিষ্ঠানটির অর্থায়নের সক্ষমতা কতটা, তা স্পষ্ট ছিল না।
পাউন্ডল্যান্ডের সম্ভাব্য বিক্রির প্রক্রিয়া গত গ্রীষ্মকাল থেকে পরিচালনা করছে পেশাদার পরিষেবা প্রতিষ্ঠান আলভারেজ অ্যান্ড মার্সাল। তবে পাউন্ডল্যান্ড দেউলিয়া-সংক্রান্ত প্রশাসনিক প্রক্রিয়ায় গেলে এই প্রতিষ্ঠানই প্রশাসকের দায়িত্ব পাবে কি না, তা নিশ্চিত নয়।
পাউন্ডল্যান্ড বর্তমানে যুক্তরাজ্যজুড়ে প্রায় ৬০০টি দোকান পরিচালনা করে এবং এতে ১০ হাজারের বেশি মানুষ কাজ করেন। আয়ারল্যান্ডেও প্রতিষ্ঠানটির কার্যক্রম রয়েছে। ফলে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেলে বিপুলসংখ্যক কর্মীর চাকরির পাশাপাশি দেশটির উচ্চ সড়ককেন্দ্রিক খুচরা বাণিজ্যেও প্রভাব পড়তে পারে।
২০২৫ সালের গ্রীষ্মে গর্ডন ব্রাদার্স পাউন্ডল্যান্ডের নিয়ন্ত্রণ নেয়। এর আগে প্রতিষ্ঠানটি বিক্রি করেছিল পোল্যান্ডের শেয়ারবাজারে তালিকাভুক্ত পেপকো গ্রুপ, যা এখনো পাউন্ডল্যান্ডের একটি সংখ্যালঘু অংশের মালিক। দীর্ঘদিন ধরে মূল্যস্ফীতি এবং পণ্যের ধরনে পরিবর্তনের কারণে প্রতিদ্বন্দ্বী বিক্রেতাদের কাছে ক্রেতা হারানোর চাপে ছিল পাউন্ডল্যান্ড।
তবে সাম্প্রতিক বিক্রির পরিসংখ্যানে প্রতিষ্ঠানটির ব্যবসায় কিছুটা উন্নতির ইঙ্গিত পাওয়া গেছে। নতুন দোকান বিন্যাসও ইতিবাচক ফল দিয়েছে বলে জানা গেছে। এ কারণে প্রতিষ্ঠানটিকে দেউলিয়া-সংক্রান্ত প্রক্রিয়ায় নেওয়া প্রয়োজন কি না, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে।
গর্ডন ব্রাদার্স এক বিবৃতিতে জানিয়েছে, পুরো প্রতিষ্ঠান কেনার আগ্রহের পাশাপাশি প্রতিষ্ঠিত খুচরা বিক্রেতাদের কাছ থেকে ব্যবসার গুরুত্বপূর্ণ ও কার্যকর অংশ কেনার একাধিক আনুষ্ঠানিক ও প্রাথমিক প্রস্তাবও এসেছে। পাউন্ডল্যান্ডের কর্মী ও সংশ্লিষ্ট পক্ষগুলোর অনিশ্চয়তা কমানোর লক্ষ্যে এসব প্রস্তাব নিরপেক্ষভাবে মূল্যায়ন করা হবে।
স্কাই নিউজ জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মার্টিন প্রপার্টি গ্রুপ সংশোধিত প্রস্তাব দিলে পাউন্ডল্যান্ডকে উদ্ধার করার সম্ভাবনা আবারও তৈরি হতে পারে। তবে সমঝোতা না হলে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে সংকট আরও ঘনীভূত হতে পারে।
সূত্রঃ স্কাই নিউজ
এমকে

আরো পড়ুন

ঋষি সুনাকের স্ত্রীকে শীর্ষস্থানীয় জাদুঘরে ট্রাস্টি হিসেবে নিযুক্ত করলেন স্টারমার

অনিয়মিত অভিবাসন নিয়ে বৈঠক করবেন সুনাক-মেলোনি

টাওয়ার হ্যামলেটসে মাতৃভাষা শিক্ষায় বাংলা টিউটর নিয়োগ, প্রতি ঘণ্টায় বেতন £৩৬.৭৮ পর্যন্ত

নিউজ ডেস্ক