ভারতে ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) নামে ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে মুসলিম নাগরিকদের লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশন (ইউএসসিআইআরএফ)। কমিশনের দাবি, দেশজুড়ে পরিচালিত এই প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে প্রায় ১৩ কোটি মানুষের নাম বাদ পড়েছে। সংখ্যাটি মেক্সিকোর মোট জনসংখ্যার প্রায় সমান।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে কমিশন জানায়, ভারতের ইতিহাসে ভোটার তালিকা থেকে এত বিপুলসংখ্যক মানুষের নাম বাদ দেওয়ার ঘটনা আগে ঘটেনি। কমিশনের চেয়ারম্যান আসিফ মাহমুদ অভিযোগ করেন, ভারত সরকার মুসলিম নাগরিকদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে তাদের বিদেশি হিসেবে চিহ্নিত করছে। পরবর্তী সময়ে তাদের অবৈধভাবে দেশ থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটছে বলে দাবি করেন তিনি।
বিভিন্ন তথ্য-উপাত্ত এবং মানবাধিকার সংগঠনগুলোর পর্যবেক্ষণের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়ায় ভারতের বৃহত্তম ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের নাম তুলনামূলকভাবে বেশি বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে।
মানবাধিকার সংগঠনগুলোর ভাষ্য, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর থেকে দেশটির মুসলিম জনগোষ্ঠী পরিকল্পিত বর্জনমূলক নীতি ও ক্রমবর্ধমান বৈষম্যের মুখে পড়ছে।
তবে ভারতের নির্বাচন কমিশন এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ভোটার তালিকা থেকে কেবল মৃত ব্যক্তি, অন্যত্র স্থানান্তরিত ব্যক্তি, একই ব্যক্তির একাধিক নিবন্ধন এবং ভোট দেওয়ার অযোগ্য ব্যক্তিদের নাম বাদ দেওয়া হচ্ছে। ভুলবশত কারও নাম বাদ পড়লে তা পুনরায় অন্তর্ভুক্ত করার জন্য আপিলের সুযোগও রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
কিন্তু মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াটি অবৈধ অভিবাসী শনাক্ত করে তাদের দেশ থেকে বের করে দেওয়ার পৃথক অভিযানের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। যদিও ভোটার তালিকা থেকে কারও নাম বাদ পড়লেই তিনি বিদেশি নাগরিক হিসেবে প্রমাণিত হন না।
ইউএসসিআইআরএফের সদস্য জিন মিলস ভারতের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার অভিযোগ, ভারত সরকার নিজ দেশের নাগরিক হওয়া সত্ত্বেও মুসলিম ধর্মাবলম্বীদের নিশানা করছে এবং তাদের নিজেদের দেশ থেকে বের করে দেওয়ার ঘটনা পরিস্থিতিকে ভয়াবহ পর্যায়ে নিয়ে গেছে।
এ পরিস্থিতিতে ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ (কান্ট্রি অব পার্টিকুলার কনসার্ন) হিসেবে ঘোষণা করতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় এই কমিশন বিশ্বজুড়ে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং মার্কিন সরকারের কাছে নীতিগত সুপারিশ পেশ করে। তবে কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা মার্কিন সরকারের জন্য বাধ্যতামূলক নয়।
ইউএসসিআইআরএফের সমালোচনার জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কমিশনটিকে পক্ষপাতদুষ্ট হিসেবে আখ্যায়িত করেছে। একই সঙ্গে কমিশনের মন্তব্যকে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ বলে প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি।
এ বিষয়ে ভারতের অবস্থান জানতে ওয়াশিংটনে দেশটির দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছিল বার্তা সংস্থা রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে দূতাবাসের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গত মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারতের ভোটার তালিকা সংশোধনের বিষয়টিকে দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় হিসেবে উল্লেখ করে এ নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। বিরোধী রাজনৈতিক দল ও শিক্ষার্থীদের অভিযোগ, এই সংশোধন প্রক্রিয়ায় বিজেপিকে ভোট দেওয়ার সম্ভাবনা কম—এমন জনগোষ্ঠীই তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিক্ষোভ দমনে সরকারের কঠোর পদক্ষেপ নিয়েও সমালোচনা করেছেন মানবাধিকার বিশেষজ্ঞরা।
এদিকে জাতিসংঘের বিশেষজ্ঞ ও বিভিন্ন মানবাধিকার সংগঠন অভিযোগ করেছে, নরেন্দ্র মোদি সরকারের আমলে ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নিপীড়ন বেড়েছে। তাদের উদ্বেগের বিষয়গুলোর মধ্যে রয়েছে ঘৃণামূলক বক্তব্যের বিস্তার, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার আইন, মুসলিমদের মালিকানাধীন স্থাপনা ভেঙে ফেলা, মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল এবং ধর্মান্তরবিরোধী আইন।
সূত্রঃ রয়টার্স
এমকে

