ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাতির উদ্দেশ্যে দেওয়া সাম্প্রতিক ভাষণের পর দেশটির শেয়ারবাজারে বড় ধরনের ধস নেমেছে। সোমবার লেনদেন শুরুর মাত্র পঞ্চাশ মিনিটের মধ্যে বাজার থেকে প্রায় পাঁচ লাখ পঞ্চাশ হাজার কোটি টাকার বাজারমূল্য উধাও হয়ে যায়। একই সঙ্গে দেশের প্রধান দুই সূচক—বোম্বে স্টক এক্সচেঞ্জ সেনসেক্স এবং নিফটি পঞ্চাশ—উভয়ই এক শতাংশের বেশি কমে যায়।
রবিবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাগরিকদের প্রতি একাধিক ব্যতিক্রমী আহ্বান জানান। তিনি বলেন, আপাতত স্বর্ণ কেনা কমিয়ে দিতে হবে, অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ এড়িয়ে চলতে হবে এবং জ্বালানি ব্যবহার কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে হবে। এ ছাড়া গণপরিবহন ব্যবহার, বাসা থেকে কাজ করা এবং স্থানীয় পণ্য ব্যবহারের ওপরও জোর দেন তিনি।
অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রধানমন্ত্রী সাধারণত এমন কৃচ্ছ্রসাধনের আহ্বান জানান যখন অর্থনৈতিক চাপ বাস্তব ও গভীর হয়। বর্তমানে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, ইরান ও আমেরিকার মধ্যে সম্ভাব্য সংঘাত এবং জ্বালানি বাজারের অস্থিরতা ভারতের মতো তেল আমদানিনির্ভর দেশের জন্য বড় ঝুঁকি তৈরি করেছে। ভারত বিশ্বের অন্যতম বৃহৎ তেল আমদানিকারক দেশ।
ইরানকে ঘিরে চলমান উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বাড়ছে, যার ফলে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ বাড়ছে এবং রুপির মান দুর্বল হয়ে পড়ছে।
ভাষণের সবচেয়ে বড় প্রভাব পড়েছে গয়না ও ভোক্তাপণ্য খাতে। প্রধানমন্ত্রী এক বছরের জন্য স্বর্ণ কেনা বন্ধ রাখার আহ্বান জানানোয় জুয়েলারি প্রতিষ্ঠানগুলোর শেয়ারে তাৎক্ষণিক বিক্রির চাপ দেখা দিয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, এই পতন শুধু একটি ভাষণের প্রতিক্রিয়া নয়। এটি বিনিয়োগকারীদের মধ্যে বাড়তে থাকা আতঙ্ক, জ্বালানি সংকটের আশঙ্কা এবং সম্ভাব্য বৈশ্বিক অর্থনৈতিক ধাক্কার প্রতিফলন। বিশেষ করে হরমুজ প্রণালীতে জ্বালানি সরবরাহ ব্যাহত হলে ভারতসহ দক্ষিণ এশিয়ার অর্থনীতিগুলো বড় চাপের মুখে পড়তে পারে।
পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক উত্তেজনা আরও বাড়লে ভারতের আমদানি ব্যয় বৃদ্ধি পাবে, মূল্যস্ফীতি চাপিয়ে দিতে পারে এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলবে। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আরও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।
সূত্রঃ দ্য ওয়াল স্ট্রিট জার্নাল\দ্য ইকোনমিক টাইমস
এম.কে

