17.7 C
London
October 3, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে কেয়ার কর্মীদের জন্য নতুন ব্যবস্থাঃ স্পনসর লাইসেন্স বাতিল হলেও বাতিল হবে না ভিসা

যুক্তরাজ্যে কর্মরত বিদেশি কেয়ার কর্মীদের জন্য নতুন একটি অস্থায়ী ব্যবস্থা চালু করেছে দেশটির হোম অফিস। এর ফলে নির্দিষ্ট কিছু কেয়ার কর্মী ও সিনিয়র কেয়ার কর্মীর নিয়োগদাতা প্রতিষ্ঠানের স্পনসর লাইসেন্স বাতিল হলেও শুধু সেই কারণেই তাদের অভিবাসন অনুমতি বাতিল করা যাবে না।
নতুন এই ব্যবস্থা মূলত এমন কেয়ার কর্মীদের জন্য প্রযোজ্য, যাদের নিয়োগদাতা প্রতিষ্ঠানের স্পনসর লাইসেন্স বাতিল হয়েছে। হোম অফিসের নির্দেশনায় সংশ্লিষ্ট কেসওয়ার্কারদের বলা হয়েছে, শুধুমাত্র নিয়োগদাতার স্পনসর লাইসেন্স বাতিল হওয়ার কারণে কোনো কর্মীর ইমিগ্রেশন পারমিশন বাতিল করা যাবে না।
এই ব্যবস্থা কেয়ার কর্মী এবং সিনিয়র কেয়ার কর্মীদের নির্দিষ্ট পেশাগত শ্রেণির ক্ষেত্রে প্রযোজ্য। কেয়ার কর্মীদের জন্য এসওসি ৬১৩৫, যা আগে এসওসি ৬১৪৫ নামে পরিচিত ছিল এবং সিনিয়র কেয়ার কর্মীদের জন্য এসওসি ৬১৩৬, যা আগে এসওসি ৬১৪৬ নামে পরিচিত ছিল—এই শ্রেণিগুলো এতে অন্তর্ভুক্ত।
তবে এর অর্থ এই নয় যে সংশ্লিষ্ট কর্মীদের ভিসা সব পরিস্থিতিতে নিরাপদ থাকবে। হোম অফিস স্পষ্ট করেছে, কোনো কর্মীর বিরুদ্ধে ইমিগ্রেশন অনুমতি বাতিলের অন্য কোনো কারণ থাকলে সেই কারণ বিবেচনা করা যাবে। অর্থাৎ স্পনসর লাইসেন্স বাতিল হওয়ার পাশাপাশি যদি অন্য কোনো কারণে ভিসা বাতিলের বিধান প্রযোজ্য হয়, তাহলে স্বাভাবিক অভিবাসন নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।
হোম অফিস আরও জানিয়েছে, এটি একটি অস্থায়ী ব্যবস্থা এবং নিয়মিতভাবে এর পর্যালোচনা করা হবে। ভবিষ্যতে পরিস্থিতি পর্যালোচনার পর এই নীতিতে পরিবর্তন আসতে পারে।
তাই যেসব কেয়ার কর্মীর নিয়োগদাতা প্রতিষ্ঠানের স্পনসর লাইসেন্স বাতিল হয়েছে, তাদের নিজ নিজ পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে পেশাদার অভিবাসন পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, যুক্তরাজ্য সম্প্রতি স্ট্যান্ডার্ড ভিজিটর রুটের আওতায় বিদেশি দর্শনার্থীদের জন্য অনুমোদিত কার্যক্রমের পরিধিও বাড়িয়েছে। নতুন নিয়মে কিছু দর্শনার্থী কর্মশালা, বিতর্ক এবং স্কিলস প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। পাশাপাশি ইরাসমাস প্লাস কর্মসূচির অংশগ্রহণকারীদের জন্য যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ, কাজ পর্যবেক্ষণ এবং কোচিং কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগের বিষয়টিও নিয়মে যুক্ত করা হয়েছে।
সূত্রঃ যুক্তরাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইট\ ওয়াইইএন.কম
এমকে

আরো পড়ুন

ব্রিটেনের বিদ্যুৎ ব্যবস্থায় রাশিয়া-ইরানের সাইবার হানাঃ চার দিন বন্ধ কেন্দ্র

যুক্তরাজ্যে অবৈধ অনুপ্রবেশকারীরা প্রথম থাকবে জেলে, ফেরত যাবে নিজ দেশেঃ নাইজাল ফারাজ

যুক্তরাজ্যে কর্মহীন তরুণদের জন্য নতুন দিগন্তঃ ছয় মাসের প্রশিক্ষণে স্টোর ম্যানেজার হওয়ার সুযোগ

নিউজ ডেস্ক