19.5 C
London
October 4, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে জুরি ছাড়া বিচার পরিচালনার বিতর্কিত পরিকল্পনা বাতিল করল অ্যান্ডি বার্নহামের সরকার

যুক্তরাজ্যে গুরুতর কিছু মামলায় জুরি ছাড়া বিচার পরিচালনার বিতর্কিত পরিকল্পনা বাতিল করেছে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের নেতৃত্বাধীন লেবার সরকার। সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সরকারের আমলে আদালতে জমে থাকা মামলার জট কমানোর লক্ষ্যে এই সংস্কার পরিকল্পনা করা হয়েছিল।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অধিকাংশ ফৌজদারি মামলায় জুরি ট্রায়াল বহাল থাকবে। তবে কিছু প্রতারণা ও আর্থিক অপরাধের মামলা জুরি ছাড়াই একজন বিচারকের মাধ্যমে পরিচালনার সুযোগ রাখা হবে বলে জানিয়েছে বিচার মন্ত্রণালয়।

বিচারমন্ত্রী অ্যালেক্স নরিস জানিয়েছেন, প্রস্তাবটি নিয়ে ব্যাপক আপত্তি ও উদ্বেগের বিষয়টি বিবেচনা করে সরকার ‘পথ পরিবর্তনের’ সিদ্ধান্ত নিয়েছে।

আগের পরিকল্পনায় হত্যাকাণ্ড ও ধর্ষণের মতো গুরুতর অপরাধ এবং তিন বছরের বেশি কারাদণ্ড হতে পারে—এমন কিছু মামলায় জুরি ট্রায়াল রাখার প্রস্তাব করা হয়েছিল। অন্যদিকে তুলনামূলক কম গুরুতর কিছু মামলায় শুধু একজন ক্রাউন কোর্টের বিচারকের মাধ্যমে বিচার পরিচালনার কথা বলা হয়েছিল।

এই পরিকল্পনার বিরুদ্ধে আইনজীবী, এমপি এবং বিভিন্ন মহল থেকে ব্যাপক আপত্তি ওঠে। সমালোচকদের আশঙ্কা ছিল, এতে ন্যায়বিচারের মৌলিক অধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে। একই সঙ্গে পরিকল্পনাটি আদালতের মামলাজট কমাতে কতটা কার্যকর হবে, তা নিয়েও প্রশ্ন ছিল।

বিচার মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, জুনের শেষ নাগাদ ইংল্যান্ড ও ওয়েলসের ফৌজদারি আদালতে ৮০ হাজার ৮২৯টি মামলা বিচারাধীন ছিল। ২০২০ সালের তুলনায় এই মামলাজট প্রায় দ্বিগুণ হয়েছে।

জুরি ট্রায়াল সীমিত করার প্রচেষ্টার অন্যতম প্রধান বিরোধী ছিলেন লেবার এমপি ও ব্যারিস্টার কার্ল টার্নার। পরিকল্পনার বিরোধিতা করতে গিয়ে তার লেবার পার্টির হুইপও সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছিল। তিনি সরকারের নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

কার্ল টার্নার বলেন, নতুন বিচারমন্ত্রী অ্যালেক্স নরিস আগের সরকারের প্রস্তাবিত জুরি ট্রায়াল সীমিত করার ‘অকার্যকর’ পরিকল্পনা বাতিল করায় তিনি সন্তুষ্ট। তার মতে, গুরুতর ফৌজদারি অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের জুরি ট্রায়াল পাওয়ার অধিকার একটি গুরুত্বপূর্ণ সুরক্ষা।

তবে সরকার কিছু পরিবর্তন বহাল রাখছে। তুলনামূলক কম গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের ক্রাউন কোর্টে জুরি ট্রায়াল বেছে নেওয়ার সুযোগ সীমিত করা হবে। কোন মামলা ক্রাউন কোর্টে যাবে আর কোনটি ম্যাজিস্ট্রেট আদালতে থাকবে, সে বিষয়ে আদালতকে আরও ক্ষমতা দেওয়া হবে।

বিচারমন্ত্রী অ্যালেক্স নরিস বলেন, বর্তমান সরকার এমন একটি ফৌজদারি বিচারব্যবস্থা পেয়েছে, যেখানে ভুক্তভোগীদের বছরের পর বছর বিচারের অপেক্ষায় থাকতে হচ্ছে। তিনি মামলাজট কমানোর পাশাপাশি দ্রুত বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, জুরি ছাড়া বিচার বাড়ানোর প্রস্তাব নিয়ে মানুষের উদ্বেগ তিনি শুনেছেন এবং সে কারণেই সরকার সিদ্ধান্ত পরিবর্তন করেছে। তার দাবি, এতে আদালত ব্যবস্থায় বড় ধরনের কাঠামোগত পরিবর্তন ছাড়াই দ্রুত মামলাজট কমানোর কাজ শুরু করা সম্ভব হবে।

পরিকল্পনাটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধিতা করে আসা টার্নার প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তবে তিনি সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে সরকারের নতুন কোনো বিচার সংস্কার যদি ন্যায়বিচারের অধিকার বা সুষ্ঠু বিচারের নিশ্চয়তা ক্ষুণ্ন করে, তাহলে তিনি তার বিরোধিতা করবেন।

বিরোধী দলের ছায়া বিচারমন্ত্রী নিক টিমোথিও সরকারের সিদ্ধান্তকে জুরি ট্রায়াল রক্ষার আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য ‘বড় বিজয়’ হিসেবে বর্ণনা করেছেন। তবে তিনি অভিযোগ করেন, লেবার সরকার অন্য কিছু পরিবর্তনের মাধ্যমে পরোক্ষভাবে জুরি ট্রায়ালের সুযোগ সীমিত করছে।

নতুন পরিবর্তনগুলো কোর্টস অ্যান্ড ট্রাইব্যুনালস বিল-এ যুক্ত করা হবে। বিলটি চলতি মাসের শেষ দিকে আবার পার্লামেন্টে আলোচনার জন্য আসার কথা রয়েছে।

সূত্রঃ জিবি নিউজ

এমকে

আরো পড়ুন

“ব্রিটেন মুসলিমদের নয়, এটা খ্রিস্টানদের দেশ” বক্তব্যে উসকানির আভাস

দিনদুপুরে লন্ডনের অভিজাত এলাকায় স্বর্ণের দোকানে দুঃসাহসিক ডাকাতি, ব্যাগ ভরে সোনা লুট

আশ্রয়প্রার্থী স্থানান্তর গতিশীল করতে রুয়ান্ডায় বৃটিশ স্বরাষ্ট্রমন্ত্রী