TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান সাদিক খানেরঃ তীব্র সমালোচনায় প্রিতি প্যাটেল

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান এবং তাকে লন্ডনে স্বাগত জানানো হবে না—এমন মন্তব্যের পর নতুন রাজনৈতিক বিতর্কে জড়িয়েছেন লন্ডনের মেয়র স্যার সাদিক খান। তার এ অবস্থানকে কেন্দ্র করে বিরোধী কনজারভেটিভ পার্টি তাকে ‘সাম্প্রদায়িক রাজনীতি’ করার অভিযোগে অভিযুক্ত করেছে।

ব্রিটিশ একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সাদিক খান বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লন্ডনে স্বাগত নন। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) গ্রেপ্তারি পরোয়ানার প্রসঙ্গ তুলে নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষে মত দেন।

সাদিক খানের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন কনজারভেটিভ পার্টির ছায়া পররাষ্ট্রমন্ত্রী প্রিতি প্যাটেল এমপি। তিনি বলেন, যুক্তরাজ্যের পররাষ্ট্রনীতি নির্ধারণ বা বিদেশি রাষ্ট্রপ্রধানদের সফর নিয়ে সিদ্ধান্ত দেওয়ার কোনো সাংবিধানিক ক্ষমতা লন্ডনের মেয়রের নেই।

ডেইলি এক্সপ্রেসকে দেওয়া এক প্রতিক্রিয়ায় প্রিতি প্যাটেল বলেন, সাদিক খানের উচিত আন্তর্জাতিক কূটনীতি নিয়ে মন্তব্য করার পরিবর্তে লন্ডনের নাগরিকদের দৈনন্দিন সমস্যা সমাধানে মনোযোগ দেওয়া।

তিনি অভিযোগ করেন, নতুন আবাসন নির্মাণে ব্যর্থতা এবং রাজধানীতে ক্রমবর্ধমান সহিংস অপরাধ নিয়ন্ত্রণে অক্ষমতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে মেয়র কাঙ্ক্ষিত সাফল্য দেখাতে পারেননি।

প্রিতি প্যাটেল আরও বলেন, যুক্তরাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র দেশের নেতা যদি যুক্তরাজ্য সফর করতে চান, তাহলে তার সেই সুযোগ থাকা উচিত। তিনি প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাজ্যের সুনাম পুনর্গঠন করতে চাইলে সাদিক খানের মন্তব্যের বিষয়ে তাকে প্রকাশ্যে ভর্ৎসনা করা উচিত।

এদিকে সাদিক খানের মন্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সমর্থকদের দাবি, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার প্রশ্নে তিনি নিজের অবস্থান তুলে ধরেছেন। অন্যদিকে সমালোচকদের মতে, এমন মন্তব্য যুক্তরাজ্যের পররাষ্ট্রনীতি এবং কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি করতে পারে।

এ বিষয়ে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের কার্যালয় থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে নেতানিয়াহুকে ঘিরে সাদিক খানের অবস্থান এবং তা নিয়ে বিরোধী দলের সমালোচনা যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সূত্রঃ ডেইলি এক্সপ্রেস

এম.কে

আরো পড়ুন

নির্যাতন, ভুল পরামর্শ ও বর্ণবাদ—দুই দশক পরে যুক্তরাজ্যে থাকার অনুমতি

যুক্তরাজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ট্যাক্সি সেবায় নতুন যুগের সূচনাঃ উদ্বিগ্ন ব্ল্যাক ক্যাব ও প্রাইভেট হায়ার চালকরা

‘ওয়ান ইন, ওয়ান আউট’ নীতির ছায়াঃ হিথ্রোর আটককেন্দ্রে মানবাধিকার সংকটের অভিযোগ