17.7 C
London
October 3, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে যে ভিসায় ৩ বছরেই স্থায়ী বসবাসের সুযোগঃ মানতে হবে একাধিক শর্ত

যুক্তরাজ্য সরকার জানিয়েছে, নির্দিষ্ট শর্ত পূরণ করলে ইনোভেটর ফাউন্ডার ভিসাধারীরা যুক্তরাজ্যে মাত্র তিন বছর বসবাসের পর অনির্দিষ্টকাল থাকার অনুমতি (আইএলআর)-এর জন্য আবেদন করতে পারবেন। অন্যান্য অনেক অভিবাসন রুটের তুলনায় এই সময়সীমা কম।
যুক্তরাজ্যের হোম অফিসের সরকারি নির্দেশনা অনুযায়ী, ইনোভেটর ফাউন্ডার ভিসায় যুক্তরাজ্যে তিন বছর থাকার পর আইএলআরের জন্য আবেদন করা যায়। আইএলআর অনুমোদিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি নির্দিষ্ট সময়সীমা ছাড়াই যুক্তরাজ্যে বসবাস, কাজ ও পড়াশোনা করতে পারেন এবং যোগ্যতা পূরণ সাপেক্ষে বিভিন্ন সুবিধা পাওয়ার সুযোগও থাকে। পরবর্তীতে ব্রিটিশ নাগরিকত্বের জন্যও আবেদন করা যেতে পারে।
তবে তিন বছরের শর্ত পূরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু নিয়ম রয়েছে। আবেদনকারীকে ওই তিন বছর ইনোভেটর ফাউন্ডার ভিসা অথবা পুরোনো ইনোভেটর ভিসার আওতায় যুক্তরাজ্যে কাটাতে হবে। অন্য কোনো ভিসায় যুক্তরাজ্যে কাটানো সময় এই তিন বছরের হিসাবের মধ্যে যুক্ত হবে না।
এ ছাড়া, আবেদনকারী কোনো ১২ মাসের সময়ে ১৮০ দিনের বেশি যুক্তরাজ্যের বাইরে অবস্থান করতে পারবেন না। ফলে বিদেশ ভ্রমণের বিষয়টিও আইএলআর আবেদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আইএলআরের আবেদন জমা দেওয়ার পর সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আবেদনকারী যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, চ্যানেল আইল্যান্ডস বা আইল অব ম্যানের বাইরে ভ্রমণ করতে পারবেন না। এই সময় বাইরে ভ্রমণ করলে আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার হয়ে যেতে পারে।
এই রুটে আইএলআর আবেদনের জন্য বর্তমানে প্রতি ব্যক্তির ফি ৩ হাজার ২২৬ পাউন্ড। আবেদন জমা দেওয়ার পর অথবা যুক্তরাজ্যের ভিসা অ্যান্ড সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন সার্ভিসেস বা ইউকেভিসিএএস কেন্দ্রে বায়োমেট্রিক তথ্য দেওয়ার পর সিদ্ধান্ত পেতে ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে।
তবে কোনো আবেদন জটিল হলে আরও বেশি সময় লাগতে পারে। যেমন—ফৌজদারি দণ্ডের বিষয়, নথিপত্র যাচাইয়ে সমস্যা অথবা সাক্ষাৎকারের প্রয়োজন হলে আবেদন প্রক্রিয়ায় অতিরিক্ত সময় লাগতে পারে।
হোম অফিস আবেদনকারীদের বর্তমান ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই আইএলআরের জন্য আবেদন করার পরামর্শ দিয়েছে। কেউ আইএলআরের যোগ্য হওয়ার আগেই বর্তমান ভিসার মেয়াদ শেষ করে ফেললে তাকে প্রথমে ভিসা নবায়ন করতে হতে পারে। এতে অতিরিক্ত সময় ও খরচ হতে পারে।
যোগ্যতার তারিখের ২৮ দিন আগে আইএলআরের আবেদন করা যায়। তবে এর চেয়েও আগে আবেদন করলে আবেদন সরাসরি প্রত্যাখ্যাত হওয়ার ঝুঁকি রয়েছে।
ইনোভেটর ফাউন্ডার ভিসা পুরোনো ইনোভেটর ভিসার পরিবর্তে চালু করা হয়েছে। তবে পুরোনো ইনোভেটর ভিসাধারীরাও নির্ধারিত শর্ত পূরণ করলে একইভাবে আইএলআরের জন্য আবেদন করার সুযোগ রাখেন।
এদিকে, যুক্তরাজ্যের গ্র্যাজুয়েট ভিসার আওতায় যোগ্য ডিগ্রি সম্পন্ন করা বিদেশি গ্র্যাজুয়েটরাও পড়াশোনা শেষ করার পর নির্দিষ্ট সময় যুক্তরাজ্যে থাকার সুযোগ পান। সরকারি নিয়ম অনুযায়ী, গ্র্যাজুয়েট রুটের মেয়াদ ও অন্যান্য শর্ত ভিন্ন।
সূত্রঃ ইউকে.গভ\ লিজিট.এনজি
এমকে

আরো পড়ুন

রুয়ান্ডানীতি বাস্তবায়নের জন্য সুয়েলা ব্র্যাভারম্যানের রুয়ান্ডা যাচ্ছেন

যুক্তরাজ্যের স্পেশাল ফোর্সের ভেটোতেই জীবনহানিঃ আফগান কমান্ডোদের আবেদন বাতিল নিয়ে তোলপাড়

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ভুল: ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক