17.7 C
London
October 3, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে লেবার সরকারের জাতীয় কেয়ার সার্ভিস চালুর পরিকল্পনা

যুক্তরাজ্যে বয়স্ক মানুষের সামাজিক সেবার পেছনে বিপুল ব্যয় কমানোর লক্ষ্যে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। নতুন জাতীয় কেয়ার সার্ভিস চালুর মাধ্যমে ব্যয় কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্মিংহাম লাইভ।

লেবার পার্টির সম্মেলনে দেওয়া বক্তব্যে বার্নহাম প্রাপ্তবয়স্কদের সামাজিক সেবা ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, প্রস্তাবিত জাতীয় কেয়ার সার্ভিস হবে একটি সম্পূর্ণ নতুন ব্যবস্থা, যা জাতীয় স্বাস্থ্যসেবা বা এনএইচএসের নীতির ভিত্তিতে পরিচালিত হবে। এর মূল ধারণা হবে প্রয়োজনের সময় বিনামূল্যে সেবা দেওয়া এবং এমন একটি ব্যবস্থা তৈরি করা যেখানে সবাই অবদান রাখবে ও সবাই সুরক্ষা পাবে।

বার্নহামের দেওয়া তথ্য অনুযায়ী, ৬৫ বছরের বেশি বয়সী প্রায় চারজনের মধ্যে তিনজন ভবিষ্যতে কোনো না কোনো পর্যায়ে কেয়ার ও সহায়তার প্রয়োজনীয়তার মুখোমুখি হতে পারেন। তাদের মধ্যে প্রায় সাতজনের একজনের সামাজিক সেবার খরচ ১ লাখ পাউন্ডের বেশি হতে পারে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমানে কারও কেয়ারের জন্য কত টাকা দিতে হবে, তা অনেক ক্ষেত্রে তার শারীরিক বা স্বাস্থ্যগত সমস্যার ধরন এবং কোন ধরনের সহায়তা প্রয়োজন তার ওপর নির্ভর করে। একই ধরনের দৈনন্দিন সহায়তার প্রয়োজন থাকা দুই ব্যক্তির ক্ষেত্রেও একজন স্বাস্থ্যসেবার আওতায় এবং অন্যজন সামাজিক সেবার আওতায় পড়লে তাদের অর্থ প্রদানের নিয়ম ভিন্ন হতে পারে।

প্রস্তাবিত জাতীয় কেয়ার সার্ভিসে কেয়ার বা সহায়তার মূল খরচ বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা থাকলেও খাবার, আবাসন বা ‘বেড অ্যান্ড বোর্ড’-এর খরচ এর আওতায় থাকবে না। এসব ক্ষেত্রে বর্তমানে যে আয় ও সম্পদের ভিত্তিতে স্থানীয় কাউন্সিলের সহায়তা দেওয়ার ব্যবস্থা রয়েছে, তা বহাল থাকবে।

এ ছাড়া কারও বাড়িতে তার সঙ্গী বা নির্ভরশীল কোনো আত্মীয় বসবাস করলে আর্থিক মূল্যায়নের সময় সেই বাড়ির মূল্য বাদ দেওয়ার বর্তমান নিয়মও বহাল রাখার কথা জানিয়েছে সরকার। যোগ্য ব্যক্তিদের জন্য ডিফার্ড পেমেন্ট চুক্তিও চালু থাকবে, যাতে জীবিত অবস্থায় কেয়ার খরচ মেটাতে বাড়ি বিক্রি করতে বাধ্য না হতে হয়।

বার্নহামের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে ইনস্টিটিউট ফর পাবলিক পলিসি রিসার্চ বা আইপিপিআর। সংস্থাটির নির্বাহী পরিচালক হ্যারি কুইলার-পিনার বলেন, সামাজিক সেবা প্রয়োজনের সময় এনএইচএসের মতো বিনামূল্যে দেওয়ার নীতি দীর্ঘদিন ধরে তারা সমর্থন করে আসছেন।

তবে সামাজিক সেবার এই সংস্কারের অর্থায়ন কীভাবে করা হবে, তা নিয়েও আলোচনা রয়েছে। আইপিপিআর বলেছে, জাতীয় কেয়ার সার্ভিসের অর্থায়নে রাষ্ট্রীয় পেনশনের ‘ট্রিপল লক’ ব্যবস্থা সংস্কারের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তাদের যুক্তি, ভবিষ্যতে বয়স্ক জনগোষ্ঠীর কারণে সরকারি অর্থের ওপর চাপ আরও বাড়তে পারে এবং সেই ব্যয় তরুণ ও কর্মজীবীদের ওপর অতিরিক্তভাবে চাপানো উচিত নয়।

প্রস্তাবিত জাতীয় কেয়ার সার্ভিস বাস্তবায়িত হলে ইংল্যান্ডের বয়স্ক ও দীর্ঘমেয়াদি সহায়তার প্রয়োজন রয়েছে এমন মানুষের সামাজিক সেবা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। তবে পরিকল্পনাটি কীভাবে বাস্তবায়ন করা হবে এবং এর অর্থায়নের চূড়ান্ত কাঠামো কী হবে, সে বিষয়ে আরও বিস্তারিত সিদ্ধান্ত প্রয়োজন হবে।

সূত্রঃ বার্মিংহাম মেইল

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে ৮০ শতাংশ বাড়ছে গ্যাস ও বিদ্যুতের দাম

ব্রিটেন ধীরে ধীরে তৃতীয় বিশ্বের দেশে পরিণত হচ্ছে

আয়ারল্যান্ডে আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর নিয়মঃ কাজ করলে আবাসন খরচ বহন বাধ্যতামূলক