10.6 C
London
October 11, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে শিশু যৌন নির্যাতনের অভিযোগঃ বাংলাদেশি বংশোদ্ভূত যুবকের ফোনে নিষিদ্ধ ছবি

যুক্তরাজ্যের উইল্টশায়ারে শিশুদের যৌন নির্যাতনসংক্রান্ত শত শত ছবি রাখার পাশাপাশি স্কুলছাত্রীদের গোপনে ছবি ও ভিডিও ধারণের ঘটনায় আশরাফুল ইসলাম নামে ২১ বছর বয়সী এক যুবককে ২৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে সেই সাজা তিন বছরের জন্য স্থগিত করা হয়েছে। ফলে তাকে তাৎক্ষণিকভাবে কারাগারে পাঠানো হয়নি।

আশরাফুল ইসলামের পরিবারের শিকড় বাংলাদেশে বলে জানা গেছে। তার বিরুদ্ধে একাধিক গুরুতর অপরাধের অভিযোগ ওঠার পর তিনি মোট সাতটি অপরাধ স্বীকার করেছেন।

উইল্টশায়ার পুলিশের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের ২১ মার্চ পর্যন্ত চিপেনহ্যাম এলাকায় স্কুলছাত্রীদের গোপনে ছবি ও ভিডিও ধারণের ঘটনা ঘটে। তদন্তে আশরাফুলের ধারণ করা ৩৭টি ছবি ও ভিডিও পাওয়া যায়। এসব ছবি ও ভিডিও শিশুদের অশালীন ছবি হিসেবে ‘ক্যাটাগরি-সি’ শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়।

অন্য একটি ঘটনায় গ্রেপ্তারের পর পুলিশ আশরাফুলের মোবাইল ফোন জব্দ করে। পরে ফোনটি পরীক্ষা করে তদন্তকারীরা শিশুদের যৌন নির্যাতনের শত শত ছবি উদ্ধার করেন। এর মধ্যে প্রায় ৩৫০টি ছবি ‘ক্যাটাগরি-এ’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়। শিশুদের যৌন নির্যাতনের ছবির ক্ষেত্রে ‘ক্যাটাগরি-এ’ সবচেয়ে গুরুতর শ্রেণি হিসেবে বিবেচিত।

তদন্তে আশরাফুলের বিরুদ্ধে ভয়্যারিজম বা গোপনে কারও ছবি ধারণ, শিশুদের অশালীন ছবি ধারণ এবং ‘ক্যাটাগরি-এ’, ‘ক্যাটাগরি-বি’ ও ‘ক্যাটাগরি-সি’ শ্রেণির ছবি রাখার অভিযোগ প্রমাণিত হয়। আদালতে তিনি মোট সাতটি অপরাধ স্বীকার করেন।

মামলাটি সুইন্ডন ক্রাউন কোর্টে যায়। আদালত আশরাফুলকে ২৬ মাসের কারাদণ্ড দিলেও তা তিন বছরের জন্য স্থগিত করেন। এর ফলে তিনি তাৎক্ষণিকভাবে কারাগারে না গিয়ে আদালতের নির্ধারিত শর্তের অধীনে থাকবেন।

আদালত তাকে ২০০ ঘণ্টা বিনা পারিশ্রমিকে কাজ করার পাশাপাশি নির্ধারিত কয়েকটি পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

এ ছাড়া আশরাফুলের ওপর ১০ বছরের জন্য ‘সেক্স অফেন্ডার নোটিফিকেশন রিকোয়ারমেন্টস’ বা যৌন অপরাধীর নিবন্ধনসংক্রান্ত বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। একই সময়ের জন্য তার বিরুদ্ধে ‘সেক্সুয়াল হার্ম প্রিভেনশন অর্ডার’ জারি করা হয়েছে।

আদালতের আদেশ অনুযায়ী, ইন্টারনেট ব্যবহার, ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের পাশাপাশি শিশুদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও তার ওপর কঠোর বিধিনিষেধ থাকবে।

পুলিশের তদন্ত ও আদালতের কার্যক্রমে উঠে আসা তথ্য অনুযায়ী, এই মামলায় শিশুদের যৌন নির্যাতনসংক্রান্ত ছবি সংরক্ষণ এবং স্কুলছাত্রীদের গোপনে ছবি ও ভিডিও ধারণের মতো একাধিক অপরাধের বিষয় সামনে এসেছে।

সূত্রঃ উইল্টশায়ার পুলিশ ও সুইন্ডন ক্রাউন কোর্টের মামলাসংক্রান্ত তথ্য

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে সকল ধরনের বেনিফিট বাড়ার ঘোষণা দিয়েছে সরকার

শাবানা মাহমুদের ‘কঠোর’ ইমিগ্রেশন প্ল্যানে বিরোধ বাড়ছে, কনসালটেশনে মত দেওয়ার ডাক

ব্রিটেনের আকাশে আসছে উড়ন্ত ট্যাক্সিঃ ২০২৮ সালে যাত্রী পরিবহনের লক্ষ্য নির্ধারণ