23 C
London
August 11, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে সৌরগ্রহণে বিদ্যুৎ সংকটের আশঙ্কাঃ ওয়াশিং মেশিন-ডিশওয়াশার বন্ধ রাখার আহ্বান

বিরল সৌরগ্রহণকে ঘিরে যুক্তরাজ্যের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় সাময়িক চাপ তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে দেশটির অন্যতম বৃহৎ জ্বালানি সরবরাহকারী অক্টোপাস এনার্জি বুধবার সন্ধ্যায় নির্দিষ্ট সময়ের মধ্যে ওয়াশিং মেশিন, ডিশওয়াশার, গেম কনসোলসহ বেশি বিদ্যুৎ ব্যবহারকারী বৈদ্যুতিক যন্ত্রপাতি না চালানোর জন্য পরিবারগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।

১২ আগস্টের সৌরগ্রহণের সময় চাঁদ সূর্যের আলো আড়াল করায় যুক্তরাজ্যের সৌরবিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যাবে। একই সময়ে সন্ধ্যার স্বাভাবিক সময়ে বিদ্যুতের চাহিদা বাড়তে থাকায় জাতীয় বিদ্যুৎ ব্যবস্থায় বাড়তি চাপ তৈরি হতে পারে।

অক্টোপাস এনার্জি বিশেষ করে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারের ধরন পরিবর্তনের পরামর্শ দিয়েছে। প্রতিষ্ঠানটির আহ্বান অনুযায়ী, ওই দুই ঘণ্টায় ওয়াশিং মেশিন, ডিশওয়াশার ও অন্যান্য তুলনামূলক বেশি বিদ্যুৎ ব্যবহারকারী যন্ত্র চালানোর পরিবর্তে সেগুলো পরে ব্যবহার করা যেতে পারে।

যুক্তরাজ্যের জাতীয় বিদ্যুৎ ব্যবস্থা পরিচালনাকারী সংস্থার হিসাব অনুযায়ী, সৌরগ্রহণের কারণে দেশটির সৌরবিদ্যুৎ উৎপাদন সর্বোচ্চ প্রায় ১ দশমিক ৩ গিগাওয়াট কমে যেতে পারে। এই পরিমাণ বিদ্যুৎ প্রায় ১০ লাখ বাড়ির ব্যবহারের সমতুল্য।

বিদ্যুৎ উৎপাদনে এই সাময়িক ঘাটতি তৈরি হবে এমন সময়ে, যখন সন্ধ্যার দিকে মানুষ কাজ শেষে বাড়িতে ফিরবে এবং রান্না, আলো, বৈদ্যুতিক যন্ত্রপাতি ও অন্যান্য প্রয়োজনীয় কাজে বিদ্যুতের ব্যবহার বাড়াবে। ফলে সৌরবিদ্যুৎ কমে যাওয়া এবং চাহিদা বেড়ে যাওয়ার ঘটনা একই সময়ে ঘটায় গ্রিড পরিচালনার ক্ষেত্রে বাড়তি ভারসাম্য রক্ষা করতে হবে।

তবে অক্টোপাস এনার্জি জানিয়েছে, গ্রাহকদের কোনোভাবেই বিদ্যুৎ ব্যবহার বন্ধ করতে বাধ্য করা হচ্ছে না। এটি সম্পূর্ণ স্বেচ্ছামূলক একটি উদ্যোগ। প্রতিষ্ঠানটির মতে, বিদ্যুৎ কখন ব্যবহার করা হচ্ছে—সেটি কিছুটা পরিবর্তন করলেই অতিরিক্ত চাপ কমানো সম্ভব।

অক্টোপাস এনার্জির নমনীয়তা বিভাগের প্রধান কিয়েরন স্টপফোর্থ বলেন, ইতোমধ্যে প্রায় পাঁচ লাখ গ্রাহক বিদ্যুৎ ব্যবহারের সময় পরিবর্তনসংক্রান্ত কর্মসূচিতে অংশ নিচ্ছেন। বিদ্যুতের মোট ব্যবহার কমানোর পরিবর্তে চাহিদার সময়ের সঙ্গে ব্যবহারকে আরও নমনীয় করার প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে সৌরবিদ্যুৎ উৎপাদনে যুক্তরাজ্যের নির্ভরতা সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চলতি বছরের জুলাইয়ে দেশটির মোট বিদ্যুৎ উৎপাদনের ১৪ দশমিক ৪ শতাংশ সৌরশক্তি থেকে এসেছে, যা একটি জাতীয় রেকর্ড। ১২ জুলাই এক দিনে জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের প্রায় ১৮ দশমিক ৮ শতাংশও সৌরশক্তি থেকে এসেছিল।

জাতীয় বিদ্যুৎ ব্যবস্থার তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যের মোট জ্বালানি ব্যবস্থায় নবায়নযোগ্য জ্বালানির অংশ এখন প্রায় ৪০ শতাংশ। ফলে সৌরবিদ্যুৎ উৎপাদনে আকস্মিক ওঠানামা জাতীয় গ্রিডের ভারসাম্য রক্ষায় আগের তুলনায় আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

অক্টোপাস এনার্জির প্রধান গ্রাহক কর্মকর্তা রেবেকা ডিব-সিমকিন বলেন, সৌরগ্রহণের সময় মানুষ আকাশের দিকে তাকিয়ে বিরল এই মহাজাগতিক ঘটনা উপভোগ করবে। কিন্তু সূর্যের আলো আড়াল হওয়ার সঙ্গে সঙ্গে ব্রিটেনের সৌরবিদ্যুৎ উৎপাদনের একটি অংশও কমে যাবে, ঠিক সেই সময়ে যখন বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে।

তিনি বলেন, ওয়াশিং মেশিন বা ডিশওয়াশারের মতো দৈনন্দিন কাজ কিছুটা পরে করলে পরিবারগুলো গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্রের ওপর অতিরিক্ত চাপ কমাতে সহায়তা করতে পারে। একই সঙ্গে এই উদ্যোগে অংশ নেওয়া গ্রাহকদের জন্য পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়েছে।

অক্টোপাস এনার্জি জানিয়েছে, তাদের যোগ্য গ্রাহকেরা বিদ্যুৎ ব্যবহারের সময় পরিবর্তনের বিনিময়ে ১৬ আগস্ট এক ঘণ্টার বিনামূল্যের বিদ্যুৎ পাওয়ার সুযোগ পাবেন। প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা যুক্তরাজ্যে প্রায় ৮০ লাখ।

সৌরগ্রহণকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটি পুরস্কারভিত্তিক প্রচারণাও চালাচ্ছে। এর মধ্যে বিনামূল্যে বাড়িতে সৌর প্যানেল স্থাপনের সুযোগসহ বিভিন্ন পুরস্কার রয়েছে।

বিদ্যুৎ ব্যবস্থার ওপর সম্ভাব্য চাপের কারণে জাতীয় গ্রিড পরিচালনাকারী কর্তৃপক্ষও সৌরগ্রহণের সময় বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের পরিবর্তন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। ইউরোপের অন্যান্য দেশেও একই সময়ে সৌরবিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সৌরগ্রহণ শুধু মহাকাশবিজ্ঞানের দিক থেকেই নয়, ইউরোপের বিদ্যুৎ ব্যবস্থার জন্যও গুরুত্বপূর্ণ একটি ঘটনা হয়ে উঠেছে।

সূত্রঃ দ্য ইন্ডিপেন্ডেন্ট

এম.কে

আরো পড়ুন

‘উত্তরের রাজা’ থেকে ডাউনিং স্ট্রিটের পথে—অ্যান্ডি বার্নহামের উত্থানের গল্প

যুক্তরাজ্যে ক্রমবর্ধমান ব্যয় সহায়তা হিসেবে হাজার পাউন্ড দেয়ার ঘোষণা

ফরাসি বর্ডার ফোর্সের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগঃ ছোট নৌকায় অভিবাসীদের যুক্তরাজ্যমুখী যাত্রা