যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টারের হেওউড এলাকায় একটি বিদ্যালয়ে হাতুড়ি, কুঠার, ছুরি ও পেট্রোল নিয়ে প্রবেশের চেষ্টার অভিযোগে এক আশ্রয়প্রার্থী যুবককে গ্রেপ্তারের ঘটনায় প্রকাশিত পুলিশি ভিডিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। পুলিশের দেহে ধারণ করা ক্যামেরা এবং নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায়, পুলিশ সদস্যরা তাকে নিয়ন্ত্রণে এনে মাটিতে ফেলে আটক করছেন। এ সময় ওই যুবককে চিৎকার করতে শোনা যায়।
পুলিশ জানায়, দক্ষিণ সুদানের ২১ বছর বয়সী নাগরিক বোথ দুক ডেং গত বছরের ৬ আগস্ট হেওউডের এডগার উড একাডেমি বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করেন। ঘটনার আগে এক পথচারী পুলিশকে জানান, কোমরে হাতুড়ি বাঁধা অবস্থায় এবং হাতে একটি পেট্রোলের ক্যান নিয়ে ওই যুবককে বিদ্যালয়ের দিকে যেতে দেখা গেছে। তার আচরণও ছিল অস্বাভাবিক।
তদন্তে জানা যায়, গ্রীষ্মকালীন ছুটির কারণে বিদ্যালয়টি তখন শিক্ষার্থীদের জন্য বন্ধ ছিল। তবে সেখানে নির্মাণকাজ চলছিল। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি বিদ্যালয়ের চারপাশে কয়েকবার ঘোরাফেরা করেন, নিজের সঙ্গে অস্পষ্টভাবে কথা বলতে থাকেন এবং ভবনটি পর্যবেক্ষণ করেন। পরে তিনি বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করলে সেখানে কর্মরত নির্মাণশ্রমিকরা পরিস্থিতিকে সন্দেহজনক মনে করে পুলিশে খবর দেন।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশের প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিদ্যালয় প্রাঙ্গণে ঢোকার পর তিনি একটি ট্রাফিক কোনে লাথি মারেন এবং আরেকটি সড়কচিহ্ন পায়ে মাড়িয়ে ক্ষতিগ্রস্ত করেন। একই সঙ্গে তাকে হাতে থাকা সবুজ রঙের পেট্রোলের ক্যান নিয়ে নির্মাণশ্রমিকদের দিকে ইশারা করতে দেখা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাকে থামার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তিনি পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে আটক করে। দেহক্যামেরার ভিডিওতে এক পুলিশ সদস্যকে বলতে শোনা যায়, অভিযুক্তের কাছে একটি হাতুড়ি ও একটি কুঠার রয়েছে। পরে ধস্তাধস্তির একপর্যায়ে তাকে হাতকড়া পরিয়ে পুলিশ ভ্যানে তোলা হয়।
পুলিশের তল্লাশিতে তার কাছ থেকে একটি হাতুড়ি, একটি কুঠার, সাত ইঞ্চি লম্বা একটি রান্নাঘরের ছুরি এবং প্রায় আধা লিটার পেট্রোলভর্তি একটি জ্বালানির ক্যান উদ্ধার করা হয়।
আদালতের নথি অনুযায়ী, হেওউডের বাসিন্দা বোথ দুক ডেং এর আগে একাধিক অভিযোগ স্বীকার করেছেন। এর মধ্যে রয়েছে সরকারি সম্পত্তি নষ্ট করা, জনসমক্ষে অস্ত্র ও ছুরি বহন করা এবং বিদ্যালয় প্রাঙ্গণে অস্ত্র নিয়ে প্রবেশের অভিযোগ। ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, বিদ্যালয়টি শিক্ষার্থীদের জন্য বন্ধ থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে ঘটনাটি বিদ্যালয় ও জননিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
সূত্রঃ ডেইলি এক্সপ্রেস
এম.কে

