যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে অন্তত সাতজন মুসলিম আইনপ্রণেতা নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে তিনজন প্রথমবারের মতো কংগ্রেসে জায়গা করে নিয়েছেন এবং চারজন পুনর্নির্বাচিত হয়েছেন। বিশেষ করে সিনেটে প্রথম মুসলিম সদস্য নির্বাচিত হওয়ার ঘটনা দেশটির রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় তৈরি করেছে।
মিশিগান থেকে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদ রিপাবলিকান দলের সাবেক প্রতিনিধি মাইক রজার্সকে পরাজিত করে সিনেট সদস্য নির্বাচিত হয়েছেন। ৪২ বছর বয়সী চিকিৎসক ও সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা এল-সাইয়েদ অবসরে যাওয়া সিনেটর গ্যারি পিটার্সের আসনে জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হওয়ার গৌরব অর্জন করেন তিনি।
নির্বাচনী প্রচারে ইসরাইলকে নিঃশর্ত মার্কিন অস্ত্র সরবরাহের বিরোধিতা করেন এল-সাইয়েদ। গাজায় ইসরাইলের সামরিক অভিযানকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করে এর বিরুদ্ধে অবস্থান নেন তিনি। প্রচারের সময় তার ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে রিপাবলিকান নেতা ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকেও আক্রমণ করা হয়। গত আগস্টে ডেমোক্র্যাট দলের প্রাথমিক নির্বাচনে জয়ী হওয়ার পর সাধারণ নির্বাচনে রিপাবলিকান প্রার্থীকে পরাজিত করেন তিনি।
নিউ জার্সির ১২তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে রিপাবলিকান প্রার্থী গ্রেগ মেলেকে হারিয়ে প্রতিনিধি পরিষদে নির্বাচিত হয়েছেন ৫৬ বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী আদম হামাউয়ি। এর মধ্য দিয়ে নিউ জার্সি থেকে কংগ্রেসে নির্বাচিত প্রথম মুসলিম প্রতিনিধি হয়েছেন তিনি।
পেশায় প্লাস্টিক সার্জন হামাউয়ি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সাবেক সামরিক চিকিৎসক। ইরাক যুদ্ধে অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। ২০২৪ সালে গাজার ইউরোপীয় হাসপাতালে স্বেচ্ছাসেবী চিকিৎসক হিসেবেও কাজ করেছেন তিনি। নির্বাচনী প্রচারে সবার জন্য মেডিকেয়ার স্বাস্থ্যসেবা, চিকিৎসা ও শিক্ষাঋণ মওকুফ এবং অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিই বিলুপ্ত করার পক্ষে কথা বলেন হামাউয়ি। পাশাপাশি ইসরাইলকে মার্কিন সামরিক সহায়তা বন্ধের দাবিও জানান।
নিউইয়র্ক থেকে প্রতিনিধি পরিষদের আসনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী দারিয়ালিজা আভিলা শেভালিয়ে। এর আগে জুনে দলের প্রাথমিক নির্বাচনে দীর্ঘদিনের প্রতিনিধি আদ্রিয়ানো এসপাইয়াতকে পরাজিত করে আলোচনায় আসেন তিনি। নাগরিক অধিকারবিষয়ক তদন্তকারী ও ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থী শেভালিয়ে সাধারণ নির্বাচনে ৮৫ শতাংশের বেশি ভোট পেয়েছেন। স্থানীয় জনগোষ্ঠীকে সংগঠিত করা এবং ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে কাজ করা ছিল তার নির্বাচনী প্রচারের অন্যতম প্রধান বিষয়।
মিশিগান থেকে পঞ্চমবারের মতো প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত ডেমোক্র্যাট রাশিদা তালিব। তিনি রিপাবলিকান প্রার্থী জেমস হুপারকে পরাজিত করেছেন। কংগ্রেসের একমাত্র ফিলিস্তিনি-আমেরিকান সদস্য হিসেবে তালিব দীর্ঘদিন ধরে বেসামরিক মানুষের সুরক্ষা, অস্ত্র নিয়ন্ত্রণ আইন কার্যকর করা এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে কাজ করছেন।
মিনেসোটার পঞ্চম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট ইলহান ওমর। রিপাবলিকান প্রার্থী জন নাগেল ও স্বতন্ত্র প্রার্থী ডিভেল জ্যাকসনকে পরাজিত করেন তিনি। ১২ বছর বয়সে যুক্তরাষ্ট্রে আসা ওমর ২০১৯ সালে দেশটির প্রথম সোমালি-আমেরিকান ফেডারেল আইনপ্রণেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মানবিক সহায়তা বৃদ্ধি এবং ইসরাইলসহ বিভিন্ন দেশে মার্কিন অস্ত্র সরবরাহের ওপর নজরদারির পক্ষে তার অবস্থান রয়েছে।
ইন্ডিয়ানার সপ্তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে আসন ধরে রেখেছেন ডেমোক্র্যাট আন্দ্রে কারসন। রিপাবলিকান প্রার্থী প্যাট্রিক ম্যাকঅলি ও লিবার্টারিয়ান প্রার্থী জেমস সেনিয়াককে পরাজিত করেছেন তিনি। ২০০৮ সাল থেকে কংগ্রেসের সদস্য কারসন প্রতিনিধি পরিষদে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা মুসলিম আইনপ্রণেতা। আন্তর্জাতিক আইন, মানবিক সহায়তা এবং মানুষের সমান মর্যাদা তার রাজনৈতিক অবস্থানের গুরুত্বপূর্ণ বিষয়।
ক্যালিফোর্নিয়ার ইস্ট বে এলাকার ১২তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে পুনর্নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট লতিফা সিমন। একই দলের প্রার্থী জেমি জয়েসকে পরাজিত করে আসন ধরে রেখেছেন তিনি। ইসরাইলকে আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ বন্ধের পক্ষে অবস্থান নিয়েছেন সিমন।
এদিকে ক্যালিফোর্নিয়ার আরেকটি কংগ্রেশনাল আসনে মুসলিম প্রার্থী আয়েশা ওয়াহাবও ভোট গণনার সময় প্রাথমিক ফলাফলে এগিয়ে ছিলেন। তবে তার বিজয় নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।
নির্বাচিত মুসলিম আইনপ্রণেতাদের মধ্যে কয়েকজন গাজায় ইসরাইলের সামরিক অভিযান, ফিলিস্তিনিদের অধিকার এবং ইসরাইলকে মার্কিন সামরিক সহায়তা দেওয়ার বিরোধিতা করে নির্বাচনী প্রচার চালিয়েছেন। আগামী দুই বছরে কংগ্রেসে মধ্যপ্রাচ্যনীতি, মানবিক সহায়তা ও অস্ত্র সরবরাহ নিয়ে বিতর্কে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
সূত্রঃ সিবিএস নিউজ
এমকে

