বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য প্রবাসী আইনজীবী ব্যারিস্টার এম. এ. সালামকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
শুক্রবার (২০ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটি সহকারী সচিব মোহাম্মদ আলমগীর হক স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির গঠনতন্ত্র ও সংশ্লিষ্ট বিধান অনুযায়ী ব্যারিস্টার এম. এ. সালামকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে সোসাইটির কার্যক্রম পরিচালনায় নেতৃত্ব দেবেন।
ব্যারিস্টার এম. এ. সালাম দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে আইন পেশার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। একই সঙ্গে তিনি বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দলটির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে তিনি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করে থাকেন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দেশের অন্যতম বৃহৎ মানবিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রাকৃতিক দুর্যোগ, জরুরি ত্রাণ কার্যক্রম, স্বাস্থ্যসেবা, রক্তদান কর্মসূচি এবং মানবিক সহায়তা কার্যক্রমে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের অংশ হিসেবে সংস্থাটি দেশে-বিদেশে বিভিন্ন মানবিক উদ্যোগ বাস্তবায়ন করে।
সংশ্লিষ্ট মহলের মতে, আন্তর্জাতিক অঙ্গনে অভিজ্ঞতা ও দীর্ঘ সাংগঠনিক সম্পৃক্ততার কারণে ব্যারিস্টার এম. এ. সালামের এই নিয়োগ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সহায়ক হতে পারে।
নিয়োগের খবর প্রকাশের পর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সন্তোষ প্রকাশের খবর পাওয়া গেছে। তারা আশা প্রকাশ করেছেন, মানবিক সেবামূলক এই প্রতিষ্ঠানের কার্যক্রমে নতুন মাত্রা যোগ হবে এবং দুর্যোগ ও সংকটময় সময়ে জনগণের পাশে দাঁড়ানোর সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে

