18.3 C
London
June 2, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনে টিউব ধর্মঘট শুরু, ব্যাপক ভোগান্তিতে লাখো যাত্রী

লন্ডন আন্ডারগ্রাউন্ডের চালকদের ২৪ ঘণ্টার ধর্মঘট শুরু হওয়ায় রাজধানীজুড়ে ব্যাপক পরিবহন সংকট সৃষ্টি হয়েছে। কর্মসপ্তাহের নতুন প্রস্তাব নিয়ে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তিতে শেষ মুহূর্তের আলোচনা ব্যর্থ হওয়ায় রেল, মেরিটাইম অ্যান্ড ট্রান্সপোর্ট (আরএমটি) ইউনিয়নের সদস্যরা মঙ্গলবার কর্মবিরতিতে যান। একই দাবিতে বৃহস্পতিবারও আরেক দফা ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে ইউনিয়নটি।

সোমবার মধ্যস্থতাকারী সংস্থা এসিএএসের তত্ত্বাবধানে প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হলেও ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল) এবং আরএমটির মধ্যে কোনো সমঝোতা হয়নি। এর পরই ধর্মঘট কর্মসূচি বহাল রাখার সিদ্ধান্ত নেয় ইউনিয়ন।

মঙ্গলবার ভোর থেকেই লন্ডনের বিভিন্ন স্টেশনে পিকেটিং শুরু হয়। এর ফলে রাজধানীর অন্যতম ব্যস্ত পরিবহন ব্যবস্থা লন্ডন আন্ডারগ্রাউন্ডে বড় ধরনের বিঘ্ন দেখা দেয়। সার্কেল, পিকাডিলি, বেকার স্ট্রিট থেকে অল্ডগেট পর্যন্ত মেট্রোপলিটন এবং হোয়াইট সিটি থেকে লিভারপুল স্ট্রিট পর্যন্ত সেন্ট্রাল লাইনে সেবা পুরোপুরি বন্ধ হয়ে যায়।

টিএফএল জানিয়েছে, অন্য লাইনে সীমিত আকারে ট্রেন চললেও যাত্রীদের দীর্ঘ বিলম্ব এবং অনিয়মিত সেবার মুখোমুখি হতে হবে। ধর্মঘটের দিনগুলোতে সকাল সাড়ে ছয়টার আগে এবং রাত নয়টার পর সেবা অত্যন্ত সীমিত থাকবে। বুধবার ও শুক্রবার স্বাভাবিক সেবা চালুর আশা করা হচ্ছে।

বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে নতুন চার দিনের কর্মসপ্তাহ পরিকল্পনা। আরএমটির দাবি, এ ব্যবস্থায় চালকদের শিফটের সময়সীমা বেড়ে যাবে, কর্মক্ষেত্রে ক্লান্তি বৃদ্ধি পাবে এবং নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। ইউনিয়নের ভাষ্য অনুযায়ী, টিউব চালনার মতো নিরাপত্তা-সংবেদনশীল পেশায় এসব পরিবর্তন কর্মীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

আরএমটির এক মুখপাত্র বলেন, আলোচনায় অংশ নিয়েও তারা সদস্যদের উদ্বেগ দূর করার মতো কোনো সুস্পষ্ট নিশ্চয়তা পাননি। ফলে ধর্মঘট কর্মসূচি প্রত্যাহারের সুযোগ তৈরি হয়নি।

অন্যদিকে টিএফএল কর্তৃপক্ষ ইউনিয়নের অবস্থানে হতাশা প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, চার দিনের কর্মসপ্তাহ সম্পূর্ণ স্বেচ্ছাসেবী ভিত্তিতে চালুর প্রস্তাব দেওয়া হয়েছে এবং কোনো কর্মীকে বাধ্য করা হবে না। তারপরও ইউনিয়নের ধর্মঘট অব্যাহত রাখার সিদ্ধান্ত দুঃখজনক।

লন্ডনের মেয়র স্যার সাদিক খানের কার্যালয়ও উভয় পক্ষকে দ্রুত সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছে। মেয়রের মুখপাত্র বলেন, ধর্মঘটের কারণে সাধারণ যাত্রী, ব্যবসা প্রতিষ্ঠান এবং কর্মজীবী মানুষ ব্যাপক দুর্ভোগে পড়ছেন। তাই আলোচনার মাধ্যমে দ্রুত সংকট নিরসন প্রয়োজন।

ধর্মঘটের পাশাপাশি মঙ্গলবার সকালে প্রবল বর্ষণের কারণে সাউথ ওয়েস্টার্ন রেলওয়ের সেবাও ব্যাহত হয়। ফুলওয়েল ও শেপার্টনের মধ্যবর্তী রেলপথ প্লাবিত হওয়ায় কয়েকটি লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া সারের ওয়েব্রিজ ও হারশামের মধ্যবর্তী এলাকায় ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা একটি গাছের কারণে আরও কিছু লাইনে চলাচল সীমিত করা হয়।

বর্তমান ধর্মঘটের আগে গত এপ্রিলেও একই ধরনের কর্মবিরতি হয়েছিল। তবে তখন প্রায় ৬০ শতাংশ চালক কাজে যোগ দেওয়ায় ধর্মঘটের প্রভাব তুলনামূলকভাবে কম ছিল। এরপর জুন মাসে ঘোষিত আরও দুটি ধর্মঘট কর্মসূচি শেষ পর্যন্ত প্রত্যাহার করা হয়েছিল।

বর্তমানে লন্ডনের প্রায় ৩ হাজার ৩০০ টিউব চালকের মধ্যে প্রায় অর্ধেক আরএমটির সদস্য। অপরদিকে প্রতিদ্বন্দ্বী ইউনিয়ন অ্যাসলেফ ইতোমধ্যে ৩৫ ঘণ্টার কর্মসপ্তাহের বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে। তবে আরএমটির দাবি, বেতন অপরিবর্তিত রেখে সাপ্তাহিক কর্মঘণ্টা ৩২ ঘণ্টায় নামিয়ে আনতে হবে।

পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে টিউব ধর্মঘটের প্রভাব কিছুটা কমলেও এটি এখনও লন্ডনের পরিবহন ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ। ধর্মঘটের সময় বহু যাত্রী বিকল্প হিসেবে বৈদ্যুতিক সাইকেল ব্যবহার করেন। তবে এর ফলে রাজধানীতে সাইকেল দুর্ঘটনার সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার প্রবণতা দেখা গেছে।

ধর্মঘট চলমান থাকায় আগামী কয়েকদিন লন্ডনের যাত্রীদের বাড়তি সময় হাতে নিয়ে যাত্রা করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান না এলে রাজধানীর পরিবহন ব্যবস্থায় আরও অস্থিরতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্রঃ দ্য টেলিগ্রাফ

এম.কে

আরো পড়ুন

চ্যানেল পেরিয়ে আসা অভিবাসীদের ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করলো যুক্তরাজ্য

বিলেতে বাড়ি কেনাবেচাঃ শর্টটার্ম লেট

যুক্তরাজ্যের আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনাকারী সংস্থাকে জরিমানার বিধান রেখে আইন পাশ