TV3 BANGLA
প্রবাসে বাংলাদেশ

লন্ডনে দারুল কিরাআত ২০২৬ দারুল হাদীস লতিফিয়ার পুরস্কার ও সনদ বিতরণ সম্পন্ন

পবিত্র কুরআনের শুদ্ধ তিলাওয়াত ও তাজবীদের শিক্ষা বিস্তারের লক্ষ্যে পরিচালিত দারুল কিরাআত ২০২৬-এর সেন্ট্রাল ব্রাঞ্চের পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান লন্ডনের দারুল হাদীস লতিফিয়ায় উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কিরাআত কোর্স সফলভাবে সম্পন্ন করা শিক্ষার্থীদের হাতে সনদ, পুরস্কার এবং সম্মাননা হিসেবে ঐতিহ্যবাহী পাগড়ি ও আবায়া-স্কার্ফ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত আল্লামা শিহাব উদ্দিন চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথি ছিলেন ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ডের সেক্রেটারি হযরত মাওলানা গুফরান আহমদ চৌধুরী এবং দারুল হাদীস লতিফিয়া নর্থওয়েস্টের প্রিন্সিপাল হযরত মাওলানা সালমান আহমদ চৌধুরী।

কেন্দ্রের নাজিম প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী ফুলতলীর সভাপতিত্বে এবং মাওলানা আব্দুল ওয়াছি আরিফের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা শিহাব উদ্দিন চৌধুরী ফুলতলী বলেন, কুরআনের খিদমত পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ খিদমত। যারা কুরআন শিখছেন, শিখাচ্ছেন এবং মানুষের কাছে কুরআনের বাণী পৌঁছে দিচ্ছেন, তারা অত্যন্ত সৌভাগ্যবান। তিনি সন্তানদের কুরআনের সঙ্গে সম্পৃক্ত রাখা এবং তাদের ক্বারি ও হাফিজ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের কুরআনের শিক্ষা জীবনে ধারণ করে সমাজে তার আলো ছড়িয়ে দেওয়ার তাগিদ দেন।

অনুষ্ঠানে জানানো হয়, এ বছর দারুল কিরাআতের সেন্ট্রাল ব্রাঞ্চ থেকে ৯৬ জন শিক্ষার্থী চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেন। আর যুক্তরাজ্যজুড়ে বিভিন্ন শাখা মিলিয়ে চূড়ান্ত পরীক্ষায় অংশ নেয় ৬০০-এরও বেশি শিক্ষার্থী।

কিরাআত কোর্স সফলভাবে সম্পন্নকারী পুরুষ শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী পাগড়ি এবং নারী শিক্ষার্থীদের আবায়া ও স্কার্ফ প্রদান করা হয়। সনদ ও পুরস্কার গ্রহণের মুহূর্তে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থলে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শাখার উস্তাদ হযরত মাওলানা মুফতি ইলিয়াস হুসাইন, মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা মুফতি আশরাফুর রহমান, মাওলানা মো. আবদুল কাহহার, মাওলানা আবদুল আউয়াল হেলাল, হাফিজ মাওলানা আনহার আহমদ, ম্যানচেস্টারের শাহজালাল মসজিদের খতিব মাওলানা খায়রুল হুদা খান, গভর্নিং বডির চেয়ারম্যান মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, গভর্নর কমর উদ্দিন চৌধুরী পাপলু, হাফিজ মাওলানা কয়েছ উজ জামান এবং ক্বারি বদরুল ইসলামসহ বিশিষ্ট আলেম-উলামা ও শিক্ষাবিদরা।

এছাড়া টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলর ও ক্যাবিনেট মেম্বার সাইদ আহমদ, কাউন্সিলর আবদুল মজিদ, মাওলানা ফয়সাল আহমদ, ফয়জুল ইসলাম আলী, মাওলানা মুসলেহ উদ্দীন, মাওলানা রাফি আহমদ, মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা আবদুল ওয়াহিদসহ বিভিন্ন মসজিদের ইমাম-খতিব, শিক্ষক, অভিভাবক, কমিউনিটি নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক শুভাকাঙ্ক্ষী অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে অভিভাবকদের মধ্যেও ছিল বিশেষ আনন্দ ও গর্বের অনুভূতি। সন্তানদের কুরআনের শিক্ষা সম্পন্ন করে ক্বারি হিসেবে সনদ অর্জন করতে দেখে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি কুরআনের তিলাওয়াত ও কিরাআতের শিক্ষা সন্তানদের নৈতিক ও ধর্মীয় জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা বলেন, যুক্তরাজ্যে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে কুরআনের সঙ্গে সম্পৃক্ত রাখতে দারুল কিরাআতের মতো উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দক্ষ উস্তাদদের তত্ত্বাবধানে বিশুদ্ধ তিলাওয়াত, তাজবীদ ও কিরাআতের শিক্ষা ভবিষ্যৎ প্রজন্মের ধর্মীয় ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সফল শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, কুরআনের খিদমতে জীবন উৎসর্গ করার তাওফিক এবং শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। পাশাপাশি দেশ-বিদেশে উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং পবিত্র কুরআনের শিক্ষা সর্বত্র ছড়িয়ে পড়ার জন্যও বিশেষ প্রার্থনা করা হয়।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

ইউরোপের চার দেশে বাংলাদেশি শ্রমিক নেয়ার প্রক্রিয়া শুরু

পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ায় জায়গা ভাড়া নিয়ে কৃষিকাজ করবে বাংলাদেশ

নিউইয়র্কের বুকে মৌলভীবাজারের দিদারুলের বীরের মত শেষ বিদায়