TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

‘শয়তানের নিঃশ্বাস’ ড্রাগের আতঙ্ক লন্ডন ও বার্মিংহামেঃ অচেতন করে লুটপাটের অভিযোগ

যুক্তরাজ্যে ‘শয়তানের নিঃশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’ নামে পরিচিত স্কোপোলামিন নামের একটি ওষুধের অপব্যবহার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে প্রচারিত একটি ভিডিওতে প্রতারক চক্রের কৌশল তুলে ধরা হয়েছে। ভিডিওতে দাবি করা হয়েছে, এই পদার্থের প্রভাবে মানুষ বিভ্রান্ত ও নিয়ন্ত্রণহীন হয়ে পড়তে পারে। তখন অপরাধীরা তাদের দিয়ে মূল্যবান জিনিসপত্র বা অর্থ হাতিয়ে নেয়।

স্কোপোলামিন মূলত চিকিৎসায় ব্যবহৃত একটি ওষুধ। বমি বমি ভাব, বমি এবং ভ্রমণজনিত অসুস্থতা প্রতিরোধে এর ব্যবহার রয়েছে। তবে মাত্রাতিরিক্ত বা গোপনে প্রয়োগ করা হলে এটি স্মৃতিশক্তি, সচেতনতা ও স্বাভাবিক আচরণে গুরুতর প্রভাব ফেলতে পারে। আক্রান্ত ব্যক্তির মধ্যে বিভ্রান্তি, তন্দ্রা, দৃষ্টিবিভ্রম, স্মৃতিভ্রংশ এবং দ্রুত হৃদস্পন্দনের মতো উপসর্গ দেখা দিতে পারে। এ কারণে অপরাধীরা কিছু ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করে মানুষকে প্রতারণা বা লুটপাটের শিকার করে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

লন্ডনে এ ধরনের সন্দেহজনক ঘটনার অভিযোগ আগেও সামনে এসেছে। ২০২৫ সালে এলিজাবেথ লাইনে যাতায়াতের সময় এক নারী দাবি করেন, অপরিচিত এক ব্যক্তি তার সামনে সংবাদপত্র নাড়ানোর পর তিনি মাথা ঘোরা ও অস্বাভাবিক তন্দ্রা অনুভব করেন।

বার্মিংহামগামী একটি ট্রেনেও ২০২৫ সালে এমন একটি ঘটনার অভিযোগ ওঠে। আয়সিন সিলেক নামের এক নারী দাবি করেন, তার সঙ্গে থাকা শিশুকে নিয়ে ট্রেনে যাওয়ার সময় এক অপরিচিত ব্যক্তি তাকে একটি ডাকটিকিটের মতো বস্তু দিয়ে সেটি জিহ্বা দিয়ে ভেজাতে বলেন। সন্দেহ হওয়ায় তিনি তা করেননি। পরে তার ধারণা হয়, বস্তুটির মাধ্যমে তাকে মাদক প্রয়োগের চেষ্টা করা হয়েছিল। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ ওই ঘটনার অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছিল এবং তদন্ত চলছিল বলে জানিয়েছিল।

এদিকে ২০২৬ সালের ২৩ সেপ্টেম্বর লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, অপরাধীরা কাউকে অজান্তে মাদক প্রয়োগের জন্য সাধারণ ওষুধ, প্রেসক্রিপশনের ওষুধ এবং ভেপিং ডিভাইসও ব্যবহার করছে। পুলিশের তথ্য অনুযায়ী, এসব পদার্থের প্রভাবে তন্দ্রা, বিভ্রান্তি, স্মৃতিভ্রংশ ও সচেতনতা কমে যাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। গত এক বছরে লন্ডনে মাদক প্রয়োগ-সংক্রান্ত অপরাধে ১৩১টি ঘটনায় পুলিশ ইতিবাচক পদক্ষেপ নিয়েছে বলেও জানিয়েছে বাহিনীটি।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, অপরিচিত কারও দেওয়া খাবার, পানীয়, ওষুধ বা অজানা কোনো বস্তু গ্রহণ করা থেকে বিরত থাকা জরুরি। কেউ অস্বাভাবিক তন্দ্রা, মাথা ঘোরা বা বিভ্রান্তি অনুভব করলে দ্রুত নিরাপদ স্থানে গিয়ে চিকিৎসা সহায়তা নিতে হবে এবং সন্দেহজনক মাদক প্রয়োগের ঘটনা পুলিশকে জানাতে হবে। জরুরি পরিস্থিতিতে ৯৯৯ নম্বরে ফোন করার পরামর্শ দিয়েছে মেট্রোপলিটন পুলিশ।

সূত্রঃ মেট্রোপলিটন পুলিশ, দ্য সান

এমকে

আরো পড়ুন

বৈধ ভিসা থাকা সত্ত্বেও বিমানবন্দরে ৩০ মিনিট আটক, আদালতে ভুল স্বীকার ব্রিটিশ সরকারের

‘স্টারমারের চেয়েও খারাপ হবেন বার্নহ্যাম’—আগাম নির্বাচনের দাবিতে রিফর্ম ইউকে

এসাইলাম ও মানবাধিকার আবেদনকারীদের জন্য আশার বার্তাঃ নতুন আবেদন করার নিয়ম পরিষ্কার