18.9 C
London
August 31, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

সংসদে গয়েশ্বরের প্রশ্নঃ টেকনাফে বদির মাদক সাম্রাজ্যের দায়িত্বে এখন কে?

জাতীয় সংসদে দেশের মাদক পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সরকারি দলীয় সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি দাবি করেন, দেশের সবচেয়ে বড় মাদকের চালান কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়েই প্রবেশ করে। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের উদ্দেশে প্রশ্ন রেখে তিনি বলেন, “আগে শুনতাম বদি, এখন তো বদি নেই। টেকনাফে বদির মাদক সাম্রাজ্যের দায়িত্ব এখন কে নিয়েছে?”

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৬তম দিনে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশের এলাকা কক্সবাজারের টেকনাফ দিয়েই দেশের সবচেয়ে বড় মাদকের চালান আসে। তিনি বলেন, এতদিনে ওই সীমান্ত দিয়ে মাদক প্রবেশ পুরোপুরি বন্ধ হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে তা হয়নি।

তিনি আরও বলেন, শুধু আইন প্রণয়ন করলেই মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। আইন কার্যকর করতে প্রয়োজন সৎ সাহস, রাজনৈতিক সদিচ্ছা এবং দৃঢ় পদক্ষেপ। তার ভাষায়, “আইন দিয়ে সবকিছু হয় না। আইন কার্যকর করার জন্য সাহস লাগে, সৎ সাহস লাগে, ইচ্ছা লাগে। বাংলাদেশে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো মাদকাসক্তি।”

নিজ নির্বাচনী এলাকা ঢাকা–৩-এর একটি সরকারি হাসপাতালের দুরবস্থার চিত্রও সংসদে তুলে ধরেন গয়েশ্বর। তিনি জানান, ১০ শয্যার হাসপাতালটি কার্যত অচল অবস্থায় পড়ে আছে। সেখানে রোগী নেই, চিকিৎসক নেই, এমনকি দারোয়ানও নেই। ব্যঙ্গ করে তিনি বলেন, “মাঝেমধ্যে সেখানে তিনটি ছাগল বসে থাকতে দেখা যায়।”

তিনি বলেন, প্রায় ৬ থেকে সাড়ে ৬ লাখ মানুষের সরকারি হিসাব থাকলেও বাস্তবে ঢাকা–৩ আসনে প্রায় ১৫ লাখ মানুষের বসবাস। এত বড় জনগোষ্ঠীর জন্য একটি মাত্র ১০ শয্যার হাসপাতাল থাকা এবং সেটিও অকার্যকর হয়ে পড়া অত্যন্ত দুঃখজনক।

বাজেট আলোচনায় গয়েশ্বর চন্দ্র রায়ের বক্তব্যে দেশের সীমান্ত দিয়ে মাদক প্রবেশ, মাদক নিয়ন্ত্রণে সরকারের কার্যকারিতা এবং জনস্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা—এই তিনটি বিষয়ই গুরুত্বের সঙ্গে উঠে আসে। বিশেষ করে টেকনাফ সীমান্তে মাদক চোরাচালান এবং তা দমনে সরকারের ভূমিকা নিয়ে তার প্রশ্ন সংসদে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের কিশোরগঞ্জের বাড়িতে হামলা-ভাঙচুর-আগুন

দুই ছাত্র উপদেষ্টাকে পদত্যাগের পরামর্শ, অন্তর্বর্তী সরকারের ভেতরে চাপা অস্থিরতা

ধ্বংসযজ্ঞ থামাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের সরকারঃ হিউম্যান রাইটস ওয়াচ