TV3 BANGLA
আন্তর্জাতিক

হরমুজ প্রণালির কাছে ইরানে বিস্ফোরণঃ মার্কিন হামলার খবর

ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনের পর মঙ্গলবার (৩ নভেম্বর) ভোরে দক্ষিণ ইরানের কেশম দ্বীপ ও বন্দর লেঙ্গেহতে দফায় দফায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এ হামলার খবর প্রকাশ করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, কেশম দ্বীপে পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অন্যদিকে আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স জানিয়েছে, বন্দর লেঙ্গেহতে সমুদ্রের দিক থেকে বিস্ফোরণের শব্দ এসেছে।

তবে বিস্ফোরণের প্রকৃত কারণ, হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, গত কয়েক সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে সীমিত পরিসরে অভিযান চালাচ্ছে মার্কিন বাহিনী। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইরানকে জাহাজে হামলা চালানো থেকে বিরত রাখাই এসব অভিযানের উদ্দেশ্য বলে দাবি তাদের।

এমন পরিস্থিতিতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগও অব্যাহত রয়েছে। কাতারের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে বার্তা আদান-প্রদান চলছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্রঃ ইরনা

এমকে

আরো পড়ুন

ইসরায়েল-হামাস যুদ্ধে বিদেশি শিক্ষার্থীদের উপর নেমে আসতে পারে ভিসা বাতিলের খড়গ

ইরানে হামলায় মার্কিন বাহিনীকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলো যুক্তরাজ্য

সিরিয়ার নির্বাসিত শাসক বাশার আল-আসাদকে বিষপ্রয়োগে হত্যার চেষ্টা