14.9 C
London
May 20, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

হরমুজ প্রণালী খুলতে এখনো অনেক কাজ বাকি—বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালীকে ঘিরে চলমান অচলাবস্থা নিরসনে এখনো ব্যাপক কাজ বাকি রয়েছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সৌদি আরব সফরকালে তিনি বলেন, সাম্প্রতিক যুদ্ধবিরতি একটি ইতিবাচক পদক্ষেপ হলেও এটিকে স্থায়ী শান্তিতে রূপ দিতে আরও সময় ও উদ্যোগ প্রয়োজন।
সফরের সময় যুক্তরাজ্য ও সৌদি আরবের সংশ্লিষ্টদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “যুদ্ধবিরতি হয়েছে ঠিকই, কিন্তু এটিকে স্থায়ী করতে এবং প্রত্যাশিত শান্তি নিশ্চিত করতে এখনও অনেক কাজ বাকি রয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন, হরমুজ প্রণালী শুধুমাত্র আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এই প্রণালী পুনরায় পুরোপুরি চালু করতে না পারলে এর প্রভাব বিশ্বজুড়েই পড়বে।
এদিকে, একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির মধ্যে লেবানন অন্তর্ভুক্ত নয়।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইসরায়েল ও লেবাননের মধ্যকার সংঘাত একটি পৃথক বিষয় এবং এটি যুদ্ধবিরতির অংশ নয়।
ট্রাম্প বলেন, “লেবানন এই চুক্তির অন্তর্ভুক্ত ছিল না। এটি একটি আলাদা সংঘর্ষ।”
তিনি আরও উল্লেখ করেন, লেবাননের প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কারণেই দেশটি এই চুক্তির বাইরে রয়েছে। তবে ভবিষ্যতে এ সমস্যারও সমাধান করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশ্লেষকদের মতে, একদিকে হরমুজ প্রণালী নিয়ে অনিশ্চয়তা এবং অন্যদিকে লেবাননকে ঘিরে আলাদা সংঘাত—এই দুই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা পুরোপুরি প্রশমিত হতে দিচ্ছে না।
সব মিলিয়ে, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে এখনো বড় ধরনের কূটনৈতিক প্রচেষ্টা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সূত্রঃ দ্য গার্ডিয়ান
এম.কে

আরো পড়ুন

বৈচিত্র্যময় রন্ধনশৈলীর উৎসবে বার্মিংহামঃ ১ আগস্ট থেকে শুরু এক মাসের খাদ্য উৎসব

যুক্তরাজ্যে ৪০ বছরের কম বয়সীদের অ্যাস্ট্রাজেনেকার বিকল্প ভ্যাকসিন দেওয়া হবে

যুক্তরাজ্যে উপনির্বাচন ও মেয়র পদে লেবারকে হারিয়ে জিতল ডানপন্থী রিফর্ম ইউকে