19.1 C
London
September 21, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

২৩ সেপ্টেম্বর থেকে বিশ্বজুড়ে ইরানের এয়ারলাইন্স বন্ধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ইরানের সব এয়ারলাইন্সের আন্তর্জাতিক কার্যক্রম বন্ধ করে দিতে নতুন করে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী বুধবার, ২৩ সেপ্টেম্বর থেকে ইরানি বিমানকে বিশ্বের যেকোনো দেশের বিমানবন্দর বা বেসরকারি প্রতিষ্ঠান জ্বালানি, অবতরণ কিংবা টিকিট বিক্রির মতো সুবিধা দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে সতর্কবার্তা দেন। তিনি বলেন, ২৩ সেপ্টেম্বর থেকে বিশ্বজুড়ে ইরানের সব এয়ারলাইন্সের কার্যক্রম থমকে যেতে পারে। ইরানি বিমানকে সহায়তা করা বিদেশি বিমানবন্দর ও কোম্পানিগুলো মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারে।

মার্কিন প্রশাসনের ঘোষিত পদক্ষেপ অনুযায়ী, ইরানি বিমানকে সহায়তা করা কোনো বিদেশি প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করার মতো ব্যবস্থা নেওয়া হতে পারে। এর ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক আর্থিক লেনদেন ও ব্যবসায়িক কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ওয়াশিংটনের পক্ষ থেকে এ নতুন চাপের ঘোষণা এলো। এর আগে চলতি মাসের শুরুতে ইরানের অবশিষ্ট এয়ারলাইন্স এবং ইরানি বিমান খাতকে যন্ত্রাংশ সরবরাহকারী বিদেশি কোম্পানিগুলোর বিরুদ্ধেও নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল।

দীর্ঘদিন ধরে মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের বেসামরিক বিমান চলাচল খাত বিভিন্ন সমস্যার মুখোমুখি। বিশেষ করে নতুন বিমান সংগ্রহ এবং পুরোনো বিমানের প্রয়োজনীয় যন্ত্রাংশ পাওয়ার ক্ষেত্রে দেশটির এয়ারলাইন্সগুলো বাধার মুখে রয়েছে।

মার্কিন সরকারের নতুন পদক্ষেপের আওতায় শুধু বিমান চলাচল নয়, ইরানের সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য ও আর্থিক সম্পর্ক সীমিত করার বৃহত্তর নীতির বিষয়টিও সামনে এসেছে। ইরানের জ্বালানি, নৌপরিবহন, প্রযুক্তি ও সোনাসহ বিভিন্ন খাতে ব্যবসা করা বিদেশি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও যুক্তরাষ্ট্র বিভিন্ন সময়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের আগে চীনের উপ-প্রধানমন্ত্রী হি লিফেংয়ের সঙ্গে বৈঠক করেন স্কট বেসেন্ট। ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কূটনৈতিক অংশীদার চীনের অবস্থান এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বেসেন্ট জানিয়েছেন, ইরান ইস্যুতে চীনা কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা হয়েছে এবং বিষয়টি নিয়ে চীন গুরুত্বের সঙ্গে আলোচনা করছে।

ইরানের এয়ারলাইন্সের ওপর নতুন মার্কিন পদক্ষেপ বাস্তবায়িত হলে আন্তর্জাতিক রুটে ইরানি বিমান চলাচল, বিদেশি বিমানবন্দরে সেবা গ্রহণ এবং সংশ্লিষ্ট বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে নতুন করে জটিলতা তৈরি হতে পারে।

সূত্রঃ আল-জাজিরা

এমকে

আরো পড়ুন

ভারতের সিদ্ধান্তের জবাবে পাল্টা ব্যবস্থা নিচ্ছে পাকিস্তান

কেন ইরানের ভরসা হয়ে উঠতে পারছে না চীন

তেহরানের সঙ্গে ট্রাম্পের কোনো যোগাযোগ হয়নি, পাল্টা হুমকিতে ভয়ে ‘পিছু হটেছেন’: ইরানি মিডিয়া

নিউজ ডেস্ক