TV3 BANGLA
বাংলাদেশযুক্তরাজ্য (UK)

‘CHECK-IN RESTRICTED’ বার্তায় থমকে গেল লন্ডনগামী যাত্রা, সিলেটে ভোগান্তিতে অর্ধশত যাত্রী

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাজ্যগামী যাত্রীদের বোর্ডিং প্রক্রিয়া ঘিরে চরম জটিলতা তৈরি হয়েছে। যাত্রী ও তাদের স্বজনদের অভিযোগ, গত ২৮ জানুয়ারি থেকে একাধিক ফ্লাইটে প্রায় ৪০ থেকে ৪৫ জন যাত্রীকে লন্ডনগামী বিমানে উঠতে দেওয়া হয়নি, যদিও তাদের অনেকের পাসপোর্টে বৈধ Indefinite Leave to Remain (ILR) স্টিকার, e-Visa এবং UKVI Share Code ছিল।

 

ভুক্তভোগী যাত্রীরা জানান, চেক-ইন কাউন্টারে পাসপোর্ট স্ক্যান করার পর বারবার স্ক্রিনে একটি নির্দিষ্ট বার্তা ভেসে ওঠে—
“CHECK-IN RESTRICTED — CONTACT UK BORDER FORCE.”
এই বার্তা প্রদর্শনের পর সংশ্লিষ্ট এয়ারলাইন কর্তৃপক্ষ তাদের বোর্ডিং পাস ইস্যু করতে অস্বীকৃতি জানায় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে যাত্রীদের মধ্যে তীব্র হতাশা, ক্ষোভ ও অনিশ্চয়তা। একাধিক যাত্রী দাবি করেন, তারা সম্পূর্ণ বৈধ কাগজপত্র নিয়েই ভ্রমণে এসেছিলেন এবং আগেভাগে কোনো ধরনের সতর্কতা বা নির্দেশনা পাননি।

বিমান চলাচল সংশ্লিষ্ট সূত্র জানায়, সাধারণত এ ধরনের বার্তা তখনই দেখা যায়, যখন যাত্রীর ভিসা বা ILR–সংক্রান্ত তথ্য এয়ারলাইনের চেক-ইন সিস্টেমের সঙ্গে পুরোপুরি সিঙ্ক না হয়, পাসপোর্টের তথ্যের সঙ্গে যুক্তরাজ্যের ডিজিটাল রেকর্ডে অমিল থাকে, অথবা UK Border Force-এর প্রি-চেক সিস্টেমে অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন হয়।

সূত্র আরও জানায়, এমন পরিস্থিতিতে এয়ারলাইন কর্তৃপক্ষ যাত্রীদের সরাসরি UK Border Force বা UK Visas and Immigration (UKVI)-এর সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ দেয়। চেক-ইনের সময় স্ক্রিনে প্রদর্শিত বার্তাটিও মূলত সেই নির্দেশনার সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট এয়ারলাইন কিংবা যুক্তরাজ্যের ইমিগ্রেশন কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো বিস্তারিত বা আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি, যা যাত্রীদের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।

ভুক্তভোগী যাত্রীরা দ্রুত ব্যাখ্যা, প্রয়োজন হলে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা এবং ভবিষ্যৎ ভ্রমণের ক্ষেত্রে স্পষ্ট নির্দেশনা দেওয়ার দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, আকস্মিক এই জটিলতার কারণে অনেকের চাকরি, পড়াশোনা ও পারিবারিক পরিকল্পনা মারাত্মক অনিশ্চয়তার মুখে পড়েছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

ফ্যাক্টচেকঃএনায়েতপুরে পিটিয়ে মারা ১৩ পুলিশের কেউ নারী নন, গর্ভবতী বলে ভাইরাল নারী জীবিত

যুক্তরাজ্যের সাসেক্সে মসজিদে আগুন, পুলিশ বলছে এটি ঘৃণামূলক অপরাধের ইঙ্গিত

৩০ জন অতিথি থাকবেন প্রিন্স ফিলিপের শেষকৃত্যানুষ্ঠানে