TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

অবৈধ পথে ব্রিটেনে ঢুকে ইরানের হয়ে গুপ্তচরবৃত্তিঃ দুই ইরানি নাগরিক দোষী সাব্যস্ত

যুক্তরাজ্যে অবৈধ পথে প্রবেশের পর ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি এবং দেশটিতে বসবাসকারী ইরান সরকারের সমালোচকদের ওপর হামলার পরিকল্পনায় জড়িত থাকার দায়ে দুই ইরানি নাগরিককে দোষী সাব্যস্ত করেছে ব্রিটিশ আদালত। যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা আইনে ইরানি নাগরিকদের বিরুদ্ধে এ ধরনের প্রথম মামলায় এই রায় দেওয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, দোষী সাব্যস্ত দুই ব্যক্তি হলেন ৪১ বছর বয়সী মোস্তফা সেপাহভান্দ এবং ৪৬ বছর বয়সী ফারহাদ জাভাদি মানেশ।

আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত মোস্তফা সেপাহভান্দ যুক্তরাজ্যে কয়েকজন ব্যক্তির ওপর নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহ করেন। তার উদ্দেশ্য ছিল দেশটিতে নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে সহিংস হামলার পথ তৈরি করা।

তার নজরদারির লক্ষ্যবস্তুদের মধ্যে ছিলেন লন্ডনভিত্তিক ফারসি ভাষার সম্প্রচারমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের দুই সাংবাদিক মোজতবা পুরমোহসেন ও কামবিজ হোসেইনি। এ ছাড়া ইসরায়েলপন্থি সংগঠন ইউকে লইয়ার্স ফর ইসরায়েলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য জোনাথন টার্নারও তার নজরদারির তালিকায় ছিলেন।

অভিযোগ অনুযায়ী, সেপাহভান্দ এসব ব্যক্তির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ঠিকানায় যাতায়াত করেন এবং তাদের বাড়িঘর ও অবস্থান সম্পর্কে ছবি ও ভিডিও ধারণ করেন। পাশাপাশি অনলাইনে তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্মও ব্যবহার করেন।

মামলার শুনানিতে উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। সেপাহভান্দ ইরানের লন্ডন দূতাবাসের ভেতরে তার যোগাযোগ রয়েছে বলে দাবি করেছিলেন। ইরান ইন্টারন্যাশনালের একজন সাংবাদিককে ‘শেষ করে দেওয়ার’ জন্য তিনি ১ লাখ ৫০ হাজার পাউন্ড দাবি করেছিলেন বলে আদালতে জানানো হয়।

বিচার চলাকালে জুরিদের সামনে উপস্থাপিত একটি বার্তায় তাকে বলা হয়েছিল, ওই সাংবাদিককে আঘাত করা অথবা হত্যা করার প্রত্যাশা করা হচ্ছে।

পরবর্তী সময়ে পাঠানো একটি ভয়েস মেসেজে নজরদারির কাজের জন্য কম অর্থ দেওয়ার অভিযোগ করেন সেপাহভান্দ। সেখানে তিনি বলেন, ১ লাখ ৫০ হাজার পাউন্ড দেওয়া হলে তিনি তাদের শেষ করে দেবেন।

প্রসিকিউশনের দাবি, সেপাহভান্দ অন্তত একজনের ওপর সরাসরি সহিংস হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন।

জানা গেছে, সেপাহভান্দ একটি লরিতে করে ব্রিটেনে প্রবেশ করেছিলেন। অন্যদিকে, ফারহাদ জাভাদি মানেশ ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে আসেন। তিনি হামলার পরিকল্পনা তৈরিতে সহযোগিতা করেছিলেন বলে আদালতে প্রমাণ উপস্থাপন করা হয়।

আদালতে আরও জানানো হয়, ইরানের সঙ্গে যোগাযোগ রয়েছে—এমন ব্যক্তিদের কাছ থেকে সেপাহভান্দ বিভিন্ন ‘টাস্কিং ডকুমেন্ট’ বা নির্দিষ্ট গোয়েন্দা কার্যক্রম পরিচালনার নির্দেশনাসংবলিত নথি পেয়েছিলেন। ওই যোগাযোগকারীরা ইরানের গোয়েন্দা সংস্থার সদস্য অথবা তাদের হয়ে কাজ করতেন বলে ধারণা করা হচ্ছে।

সেপাহভান্দের দাবি ছিল, এই কাজে সহযোগিতা করলে ইরানে চুরির একটি মামলায় তার বিরুদ্ধে দেওয়া দণ্ড বাতিল হতে পারে।

মামলায় মোট তিনজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। সেপাহভান্দ ও মানেশ তাদের বিরুদ্ধে আনা ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তা করার উদ্দেশ্যে কার্যক্রম পরিচালনার অভিযোগ অস্বীকার করেন। তবে বৃহস্পতিবার আদালত তাদের দোষী সাব্যস্ত করেন।

তৃতীয় অভিযুক্ত ৫৭ বছর বয়সী শাপুর কালেহালি খানি নুরিকে সংশ্লিষ্ট অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে।

সেপাহভান্দের বিরুদ্ধে গুরুতর সহিংসতা সংঘটনের উদ্দেশ্যে নজরদারি, তথ্য সংগ্রহ ও অনলাইন গবেষণা পরিচালনার অভিযোগেও দোষী সাব্যস্ত হওয়ার কথা জানিয়েছে স্কাই নিউজ। তবে মানেশ ও নুরি অন্যদের মাধ্যমে সহিংসতা সংঘটনের উদ্দেশ্যে নজরদারিতে অংশ নেওয়ার অভিযোগ থেকে খালাস পেয়েছেন।

দোষী সাব্যস্ত দুই ব্যক্তির সাজা ঘোষণা করা হবে আগামী ১৭ ডিসেম্বর লন্ডনের ওল্ড বেইলি আদালতে।

যুক্তরাজ্যের কাউন্টার টেররিজম পুলিশের মতে, ইরানের হয়ে কাজ করার অভিযোগে দেশটিতে ইরানি নাগরিকদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে এটিই প্রথম মামলা, যেখানে অভিযুক্তদের বিচারের মুখোমুখি করা হয়েছে।

ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের বিশেষ অপরাধ ও সন্ত্রাসবিরোধী বিভাগের প্রধান ফ্রাঙ্ক ফার্গুসন বলেন, এটি ছিল ইরান সরকারের সমালোচকদের ওপর নজরদারি চালানোর একটি পরিকল্পিত অভিযান। অভিযুক্তদের ইরানে গোয়েন্দা তথ্য পাঠানোর বিনিময়ে অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে সেপাহভান্দ নজরদারির বাইরে গিয়ে লক্ষ্যবস্তুদের ওপর গুরুতর সহিংসতা চালাতেও প্রস্তুত ছিলেন।

তিনি আরও বলেন, কোনো হামলা সংঘটিত হওয়ার আগেই অভিযুক্তদের থামানো সম্ভব হয়েছে। এ ধরনের ঘটনা বিদেশে অবস্থানরত ইরান সরকারের সমালোচকদের লক্ষ্যবস্তু করতে ইরানের গোয়েন্দা সংস্থার অন্য ব্যক্তিদের ব্যবহার করার প্রবণতা তুলে ধরে।

কাউন্টার টেররিজম পুলিশের জ্যেষ্ঠ সমন্বয়ক এবং মেট্রোপলিটন পুলিশের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার ভিকি ইভান্স বলেন, দুই ব্যক্তিকে গ্রেপ্তারের ফলে যুক্তরাজ্যে এক বা একাধিক ব্যক্তির ওপর গুরুতর সহিংস হামলা প্রতিরোধ করা সম্ভব হয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাজ্যে ফারসি ভাষার গণমাধ্যম, বিশেষ করে ইরান ইন্টারন্যাশনালকে লক্ষ্য করে ইরানের তৎপরতার একটি ধারাবাহিকতা দেখা যাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে এই সম্প্রচারমাধ্যমের সাংবাদিকদের সরাসরি হুমকির মুখে পড়ার এটি চতুর্থ ঘটনা।

তিনি আরও সতর্ক করেন, যুক্তরাজ্যের নিরাপত্তার জন্য বিদেশি রাষ্ট্রগুলোর হুমকি বাড়ছে। ইরান বিভিন্ন ব্যক্তিকে অর্থের প্রলোভন দেখিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে নিয়োগ করে তাদের দিয়ে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছে। অনেক ক্ষেত্রে এসব ব্যক্তিকে বড় অঙ্কের অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও শেষ পর্যন্ত তারা সামান্য অর্থ পান, অথচ সব ধরনের ঝুঁকি তাদেরই নিতে হয়।

সূত্রঃ স্কাই নিউজ

এমকে

আরো পড়ুন

মাত্র ২৫ হাজার পাউন্ডে বাড়ি—যুক্তরাজ্যের সবচেয়ে সস্তা শহর বার্নলি

খোদ হোম অফিসেই বিদ্রোহের মুখোমুখি প্রীতি প্যাটেল!

আর্জেন্টাইন খেলোয়াড়দের ‘ফকল্যান্ড’ বার্তায় যুক্তরাজ্যে নতুন বিতর্ক