TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইইউর সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে সব বিকল্প খোলাঃ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে শুক্রবার হওয়া নতুন চুক্তি কার্যকর করতে ইউরোপীয় শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি নিয়ে আলাদা কোনো সমঝোতার প্রয়োজন হবে না। এমনটাই জানিয়েছেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড।

বিবিসির ‘সানডে উইথ লরা কুয়েন্সবার্গ’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, টিউশন ফি নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা না হলেও শুক্রবারের সম্মেলনে গৃহীত বাকি চুক্তিগুলো নির্ধারিত সময় অনুযায়ী কার্যকর হবে।

ব্রাসেলসে অনুষ্ঠিত সম্মেলনে ব্রিটেন ও ইইউর মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতা হয়েছে। এর মধ্যে রয়েছে ব্রিটিশ খাদ্যপণ্য ইউরোপে রপ্তানির ক্ষেত্রে অধিকাংশ সীমান্ত পরীক্ষা বাতিল, জ্বালানি খাতে সহযোগিতা এবং তরুণদের জন্য নতুন চলাচল কর্মসূচি।

চুক্তি অনুযায়ী, ২০২৮ সাল থেকে ব্রিটেনকে ইউরোপীয় ইউনিয়নের কিছু নিয়মকানুন অনুসরণ করতে হবে। এর বিনিময়ে ব্রিটিশ খাদ্য রপ্তানিকারকদের জন্য ইউরোপীয় বাজারে প্রবেশ আরও সহজ হবে।

তবে ব্রিটেনে পড়তে আসা ইউরোপীয় ইউনিয়নের শিক্ষার্থীদের টিউশন ফি কমিয়ে ব্রিটিশ শিক্ষার্থীদের সমপর্যায়ে আনার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন এ বিষয়ে সমাধান আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামও সংবাদ সম্মেলনে তার সঙ্গে একমত পোষণ করেন।

এড মিলিব্যান্ড বলেন, খাদ্য রপ্তানি, জ্বালানি ও তরুণদের চলাচল নিয়ে তিনটি চুক্তি হয়েছে। শিক্ষার্থীদের টিউশন ফি বিষয়টি সম্পূর্ণ আলাদা এবং এ নিয়ে পৃথক আলোচনা চলছে।

চুক্তিগুলো আইনে পরিণত হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই।’ ২০২৮ সালে এসব ব্যবস্থা কার্যকর করার সময়সূচি নির্ধারিত রয়েছে এবং এ জন্য ব্রিটিশ পার্লামেন্টে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে।

চুক্তির ফলে ব্রিটিশ করদাতাদের ওপর নতুন কোনো আর্থিক চাপ তৈরি হবে না বলেও দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী। তার ভাষ্য, ইইউর বাজেটে নতুন করে কোনো অর্থ দিতে হবে না। এর আগে ইরাসমাস প্লাসের মতো ইউরোপীয় কর্মসূচিতে অংশগ্রহণের বিষয়ে যে সমঝোতা হয়েছে, সেটিও শুক্রবারের সম্মেলনের চুক্তি থেকে আলাদা।

ব্রিটেন ভবিষ্যতে আবার ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করবে কি না, এমন প্রশ্নের জবাবে মিলিব্যান্ড বলেন, ‘সব বিকল্পই আলোচনার টেবিলে থাকবে।’

তিনি বলেন, বিভিন্ন বিকল্পের সুবিধা ও ব্যয় পর্যালোচনা করা হবে। ২০১৬ সালের ব্রেক্সিট গণভোটের ফলাফল তিনি মেনে নিলেও বিশ্ব পরিস্থিতি ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে।

মিলিব্যান্ডের ভাষায়, ‘বিশ্ব অনেক বদলে গেছে। ইউরোপও পরিবর্তিত হচ্ছে। তাই এসব পরিবর্তনের অর্থ আমাদের বুঝতে হবে।’

তবে বর্তমান পার্লামেন্টের মেয়াদে সরকার নির্ধারিত সীমারেখা মেনে চলবে বলেও জানান তিনি।

এর আগে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেছিলেন, আগামী কয়েক মাসে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করবেন তিনি।

বার্নহ্যামের দাবি, ব্রিটেনের অর্থনীতিতে নতুন চুক্তির ফলে বছরে সর্বোচ্চ ১৭ বিলিয়ন পাউন্ড পর্যন্ত ইতিবাচক প্রভাব পড়তে পারে। জীবনযাত্রার ব্যয় কমানো এবং ব্যবসা-বাণিজ্যের প্রশাসনিক জটিলতা হ্রাসেও চুক্তিটি ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নতুন চুক্তির সমালোচনা করেছেন কনজারভেটিভ পার্টির নেতা কেমি বেডেনক। তার মতে, চুক্তিটি ব্রিটিশ কৃষকদের জন্য ন্যায্য নয়। কারণ ব্রিটিশ কৃষকদের ব্রাসেলস থেকে নির্ধারিত নিয়মকানুন অনুসরণ করতে হবে।

এ ছাড়া ইউরোপীয় তরুণদের জন্য নতুন চলাচল কর্মসূচির কারণে নিজেদের দেশে চাকরি খুঁজতে থাকা ব্রিটিশ তরুণদের সঙ্গে প্রতিযোগিতা বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।

অর্থনীতিতে বছরে ১৭ বিলিয়ন পাউন্ড প্রবৃদ্ধির সম্ভাবনার হিসাব নিয়েও প্রশ্ন তোলেন বেডেনক। তার দাবি, এ ধরনের চুক্তির অর্থনৈতিক প্রভাব নিয়ে তিনি যে হিসাব দেখেছেন, তাতে প্রবৃদ্ধির পরিমাণ শূন্য দশমিক শূন্য শতাংশ।

রিফর্ম ইউকে নেতা নাইজেল ফারাজ শুক্রবারের সমঝোতাকে ব্রিটিশ জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে আখ্যা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি প্রধানমন্ত্রী বার্নহ্যামের সমালোচনা করেন।

অন্যদিকে লিবারেল ডেমোক্র্যাট নেতা স্যার এড ডেভি বলেন, ইইউর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সামান্য পরিবর্তন যথেষ্ট নয়। তার মতে, তরুণদের চলাচল কর্মসূচি একটি বড় অগ্রগতি হলেও ব্রিটেনের জন্য আরও বিস্তৃত ও কার্যকর চুক্তি প্রয়োজন।

ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডানকান আইভিসন বিবিসি রেডিও ফোরকে বলেন, ব্রিটেন ও ইইউর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা ইতিবাচক। তবে ইউরোপীয় শিক্ষার্থীদের টিউশন ফি নির্ধারণের বিষয়টি সমাধান করা জরুরি।

তার আশঙ্কা, ইউরোপীয় শিক্ষার্থীদের ব্রিটিশ শিক্ষার্থীদের সমপরিমাণ দেশীয় টিউশন ফি দেওয়ার সুযোগ দেওয়া হলে উচ্চশিক্ষা খাত থেকে আনুমানিক ৫০ কোটি পাউন্ড আয় কমে যেতে পারে।

তিনি বলেন, এমনিতেই ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলো আর্থিক চাপের মধ্যে রয়েছে। ইউরোপীয় শিক্ষার্থীদের জন্য দেশীয় ফি কার্যকর হলে তাদের আসনসংখ্যা বাড়ানো সম্ভব হবে কি না, সেটিও অনিশ্চিত।

সূত্রঃ বিবিসি

এমকে

আরো পড়ুন

এক বছরে এনার্জি বিল ৪ হাজার পাউন্ডের বেশি বাড়তে যাচ্ছে!

অনলাইন ডেস্ক

জেনে নিন যুক্তরাজ্যের মেরিট স্কলারশিপ সম্পর্কে

নিউজ ডেস্ক

ব্রিটেনে ৪ লাখ অভিবাসীকে নাগরিকত্ব দেওয়ার প্রস্তাবে ক্ষুব্ধ জেনরিকঃ বললেন ‘ভয়াবহ সিদ্ধান্ত’