ব্রিটেনের জনপ্রিয় ডিসকাউন্ট খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান পাউন্ডল্যান্ড দেউলিয়া হয়ে প্রশাসনিক ব্যবস্থাপনার (অ্যাডমিনিস্ট্রেশন) অধীনে চলে গেছে। প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ রক্ষায় শেষ মুহূর্তে মালিকানা হস্তান্তরের উদ্যোগ ব্যর্থ হওয়ায় প্রায় ১১ হাজার কর্মীর চাকরি এখন ঝুঁকির মুখে।
দেশজুড়ে প্রায় ৬০০টি দোকান পরিচালনা করে পাউন্ডল্যান্ড। গত এক মাস ধরে প্রতিষ্ঠানটির জন্য নতুন ক্রেতা খুঁজতে জরুরি আলোচনা চলছিল। কিন্তু বুধবারের গুরুত্বপূর্ণ সময়সীমার মধ্যে কোনো চুক্তি চূড়ান্ত না হওয়ায় প্রতিষ্ঠানটি দেউলিয়াত্ব প্রক্রিয়ায় প্রবেশ করে।
পাউন্ডল্যান্ডের মালিক প্রতিষ্ঠান গর্ডন ব্রাদার্স জানিয়েছে, কর্মীদের ভবিষ্যৎ নিয়ে তারা উদ্বিগ্ন। যত বেশি সম্ভব কর্মসংস্থান ও দোকান টিকিয়ে রাখার চেষ্টা প্রশাসকেরা চালিয়ে যাবেন।
প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, গত ১২ মাসে ব্যবসার আর্থিক অবস্থা উন্নত করতে এবং ব্যয় কমাতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কাজ করেছে। এ সময়ে প্রায় ১০ কোটি পাউন্ড ব্যয় সাশ্রয় করা হয়েছে। কিন্তু ব্যয় কমানোর পরও মূল্যস্ফীতি, বিক্রি কমে যাওয়া এবং মুনাফার ওপর চাপের কারণে ব্যবসাটি ঝুঁকির মধ্যে ছিল।
করপোরেট ফাইন্যান্স প্রতিষ্ঠান অ্যালিক্সপার্টনার্সের বিশেষজ্ঞদের পাউন্ডল্যান্ডের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে প্রতিষ্ঠানটির মালিকানা কেনার জন্য একাধিক প্রস্তাব এসেছিল। আগ্রহী প্রতিষ্ঠানের মধ্যে ছিল আইরিশ আবাসন প্রতিষ্ঠান মার্টিন প্রপার্টি গ্রুপ, বিনিয়োগ প্রতিষ্ঠান জাইরা হোল্ডিংস এবং জার্মান বিনিয়োগ প্রতিষ্ঠান জাকার্ট প্রাইভেট ইকুইটি। তবে কোনো প্রস্তাবই চূড়ান্ত চুক্তিতে রূপ নেয়নি।
এদিকে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক চাপও বাড়ছিল। কয়েকজন এমপি অভিযোগ করেছিলেন, মালিকপক্ষ ইচ্ছাকৃতভাবে অর্থের জোগান বন্ধ করে প্রতিষ্ঠানটিকে দেউলিয়াত্বের দিকে ঠেলে দিয়েছে। প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামও দোকান ও কর্মসংস্থান রক্ষায় সরকারের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছিলেন।
তবে প্রশাসনিক ব্যবস্থাপনার অধীনে গেলেও আপাতত পাউন্ডল্যান্ডের দোকানগুলোতে ব্যবসা চালু থাকবে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ব্যবসা ও সম্পদ বিক্রির জন্য নতুন ক্রেতা খোঁজার প্রক্রিয়া চলবে।
সূত্রঃ মেট্রো
এমকে

