9.9 C
London
October 14, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

ইতালিতে দক্ষ কর্মী নিতে বিশেষ কর্মসূচিঃ শুরু হতে পারে আগামী মাসেই

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগের সুযোগ বাড়াতে ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণভিত্তিক বিশেষ কর্মসূচি চালু করতে যাচ্ছে ইতালি সরকার। আগামী নভেম্বরেই এ কর্মসূচির আয়োজন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দ্রো। এর মাধ্যমে বাংলাদেশি কর্মীদের ইতালির শ্রমবাজারে প্রবেশের জন্য প্রয়োজনীয় ভাষাগত জ্ঞান, সাংস্কৃতিক ধারণা ও পেশাগত দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হতে পারে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে সাক্ষাৎকালে ইতালির রাষ্ট্রদূত এ উদ্যোগের কথা জানান। বৈঠকে বাংলাদেশ ও ইতালির দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বৈধ অভিবাসন, শিক্ষার্থী ভিসা এবং দক্ষ জনশক্তি রপ্তানিসহ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত জানান, প্রস্তাবিত কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ইতালীয় ভাষা, দেশটির নাগরিক সংস্কৃতি, সামাজিক রীতিনীতি এবং কর্মক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবহারিক ও কারিগরি দক্ষতা শেখানো হবে। প্রশিক্ষণের মাধ্যমে আগ্রহী বাংলাদেশিদের ইতালিতে কর্মসংস্থানের উপযোগী করে তোলার পরিকল্পনা রয়েছে।

বৈঠকে অনিয়মিত অভিবাসন নিরুৎসাহিত করে বৈধ পথে ইতালিতে যাওয়ার সুযোগ বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইতালির ভিসা পাওয়ার সুযোগ বৃদ্ধি এবং আবেদনপ্রক্রিয়া সহজ করার বিষয়ে আলোচনা করেন দুই পক্ষ।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ইতালির এ উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠানো এবং তরুণদের তৃতীয় ভাষা শেখার সুযোগ নিশ্চিত করা প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম অগ্রাধিকার। এ ধরনের কর্মসূচির মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বৈঠকে ইতালির রাষ্ট্রদূত জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন এবং দুই দেশের অংশীদারত্ব আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। বর্তমানে ইতালিতে প্রায় আড়াই লাখ বাংলাদেশি স্থায়ীভাবে বসবাস করছেন। তাদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে বৈঠকে উল্লেখ করা হয়।

ইতালির শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি হলে তা বৈধ অভিবাসন সম্প্রসারণে সহায়ক হতে পারে। তবে প্রস্তাবিত কর্মসূচিতে কতজন অংশ নিতে পারবেন, প্রশিক্ষণের খরচ কত হবে, কোন কোন পেশায় কর্মী নেওয়া হবে এবং আবেদনপ্রক্রিয়া কী হবে—এসব বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি।

বৈঠকে ঢাকায় ইতালি দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফেদেরিকো জাম্পারেলিও উপস্থিত ছিলেন।

সূত্রঃ আরটিভি অনলাইন

এমকে

আরো পড়ুন

‘চিকেন্স নেক’ ও ব্রহ্মপুত্রের তলায় সুড়ঙ্গঃ উত্তর-পূর্বে কৌশলগত বলয় শক্ত করছে ভারত

রাজাকারদের ফাঁসি দিয়েছি, এবার তোদেরও ছাড়ব নাঃ হাসিনার হুঙ্কার

উপদেষ্টা পুত্রের সাথে বরিশাল ঘুরে গেলেন আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রীর পুত্র