TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

জরুরি পরিস্থিতিতে শিক্ষার্থীদের রাতভর স্কুলে রাখার প্রস্তুতি নিতে বলল ব্রিটিশ সরকার

ব্ল্যাকআউট, সাইবার হামলা, চরম আবহাওয়া কিংবা অন্যান্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় নতুন প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছে ব্রিটেনের শিক্ষা বিভাগ। প্রয়োজনে শিক্ষার্থীদের রাতভর স্কুলে রাখার ব্যবস্থা প্রস্তুত রাখতেও বলা হয়েছে। জরুরি পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্কুলগুলোকে আগাম পরিকল্পনা তৈরির পরামর্শ দেওয়া হয়েছে।

শিক্ষা বিভাগের (ডিএফই) নতুন নির্দেশনায় বলা হয়েছে, স্কুলগুলোকে সম্ভাব্য বিভিন্ন ঝুঁকি বিবেচনায় নিয়ে জরুরি পরিকল্পনা তৈরি করতে হবে। এর মধ্যে রয়েছে সাইবার হামলা, চরম আবহাওয়া, শারীরিক নিরাপত্তার হুমকি এবং স্কুলের বাইরের সংঘাত ও নিরাপত্তাজনিত পরিস্থিতি।

নির্দেশনায় স্কুলগুলোকে লকডাউন পদ্ধতির মহড়া দেওয়ার পাশাপাশি জরুরি পরিস্থিতিতে শিক্ষার্থী ও কর্মীদের অনাকাঙ্ক্ষিতভাবে দীর্ঘ সময়, এমনকি রাতভর স্কুল ভবনে অবস্থান করতে হতে পারে—এমন প্রস্তুতি রাখার কথা বলা হয়েছে।

এ ছাড়া বিভিন্ন ধরনের জরুরি পরিস্থিতি মোকাবিলায় নয়টি বিশেষ নির্দেশনামূলক কার্ড প্রকাশ করেছে শিক্ষা বিভাগ। এসব কার্ডে বিদ্যুৎ বিপর্যয়, সাইবার হামলা, সংক্রামক রোগ, চরম আবহাওয়া, পরিবেশগত বিপদ, যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হওয়া, ভবন ক্ষতিগ্রস্ত বা ধসে পড়া এবং পানির সংকট মোকাবিলায় করণীয় তুলে ধরা হয়েছে।

জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে শিক্ষকদের পানীয় জল সংরক্ষণের জন্য পাত্র ভর্তি করা, পর্যাপ্ত খাবার মজুত আছে কি না নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের উষ্ণতা বজায় রাখার ব্যবস্থা ও প্রয়োজনীয় ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, নিরাপদ ও বাস্তবসম্মত হলে স্কুলগুলো খোলা রাখার চেষ্টা করতে হবে। জরুরি পরিস্থিতিতে স্থানীয় কর্তৃপক্ষ এবং জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রস্তুতিও রাখতে হবে।

বিবিসিকে অ্যাসোসিয়েশন অব স্কুল অ্যান্ড কলেজ লিডার্স জানিয়েছে, জরুরি পরিস্থিতিতেও স্কুলগুলো সাধারণত খোলা রাখার চেষ্টা করে। বিকল্প কোনো উপায় না থাকলেই কেবল স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

ব্রিটিশ সরকারের ‘বি রেডি’ বা ‘প্রস্তুত থাকুন’ কর্মসূচির ধারাবাহিকতায় স্কুলগুলোর জন্য এই নির্দেশনা এসেছে। এর আগে দেশটির সরকার সাধারণ মানুষকে সম্ভাব্য জরুরি পরিস্থিতির জন্য টিনজাত খাবার ও বোতলজাত পানি মজুত রাখার পরামর্শ দিয়েছিল।

গত অক্টোবরে প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সম্ভাব্য সাইবার হামলা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে বিঘ্নের বিষয়ে সতর্ক করে প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখার আহ্বান জানান।

তিনি বলেছিলেন, এসব হুমকি কেবল কাল্পনিক নয়, বাস্তব এবং ক্রমেই যুক্তরাজ্যের কাছাকাছি চলে আসছে। তাই জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের সামগ্রিক দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়ানো জরুরি।

এর আগে ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষের জাতীয় স্থিতিশীলতা বিষয়ক কমিটি সতর্ক করে বলেছিল, সাইবার হামলা ও চরম আবহাওয়াসহ বিভিন্ন জরুরি পরিস্থিতি মোকাবিলায় ব্রিটেন যথেষ্ট প্রস্তুত নয়। খাদ্য ও ওষুধের সীমিত মজুত এবং বৈশ্বিক সরবরাহব্যবস্থার ওপর নির্ভরশীলতা দেশটিকে বড় ধরনের ঝুঁকির মধ্যে ফেলতে পারে বলেও সতর্ক করেছিলেন কমিটির সদস্যরা।

সূত্রঃ দ্য ইন্ডিপেনডেন্ট

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে রাইট টু ওয়ার্ক চেকে ব্যাপক পরিবর্তনঃ অক্টোবর ২০২৬ থেকে নিয়োগকর্তাদের দায়িত্ব বাড়ছে

সৎকারের নতুন পদ্ধতি আসছে ব্রিটেনে

ডোভারে নতুন ইইউ সীমান্ত ব্যবস্থা স্থগিত—ব্যাংক হলিডেতে চরম ভোগান্তি