TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

জানুয়ারি থেকে ব্রিটেনে বিদ্যুৎ-গ্যাসের বিল বাড়ছে ২৬ শতাংশঃ বছরে বাড়তি গুনতে হবে ৪৪৩ পাউন্ড

ব্রিটেনে নতুন বছরের শুরুতেই বড় ধরনের জ্বালানি মূল্যবৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। আগামী জানুয়ারি থেকে দেশটির গ্যাস ও বিদ্যুতের দাম ২৬ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এতে একটি সাধারণ পরিবারের বছরে গ্যাস ও বিদ্যুতের গড় বিল বেড়ে দাঁড়াতে পারে ২ হাজার ১৬৬ পাউন্ডে। বর্তমানে যে পরিমাণ বিল দিতে হয়, তার তুলনায় বছরে অতিরিক্ত ৪৪৩ পাউন্ড গুনতে হতে পারে পরিবারগুলোকে।

প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। জ্বালানি বাজারের পূর্বাভাস প্রদানকারী প্রতিষ্ঠান কর্নওয়াল ইনসাইটের হিসাবের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, আগামী বছরের শুরুতে গ্যাস ও বিদ্যুতের মূল্যসীমা (প্রাইস ক্যাপ) উল্লেখযোগ্য হারে বাড়তে পারে।

বিশেষজ্ঞদের পূর্বাভাস অনুযায়ী, এই মূল্যবৃদ্ধি সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ত্রৈমাসিক মূল্যবৃদ্ধিগুলোর একটি হতে পারে। এর ফলে জীবনযাত্রার ব্যয় সামলাতে হিমশিম খাওয়া পরিবারগুলোর ওপর নতুন করে আর্থিক চাপ তৈরি হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব আন্তর্জাতিক জ্বালানি বাজারে পড়ায় গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে ব্রিটেনের জ্বালানি ব্যয় নিয়ন্ত্রণে সরকারের ওপর চাপ বাড়ছে।

বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলো এই মূল্যবৃদ্ধিতে বেশি চাপে পড়তে পারে। শীত মৌসুমে ঘর গরম রাখা এবং দৈনন্দিন বিদ্যুৎ ব্যবহারের খরচ বেড়ে যাওয়ায় অনেক পরিবারের জন্য সংসার চালানো আরও কঠিন হয়ে উঠতে পারে।

এ অবস্থায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দিতে সরকারের পক্ষ থেকে নতুন কোনো উদ্যোগ নেওয়া হবে কি না, তা নিয়ে আলোচনা ও চাপ বাড়ছে।

উল্লেখ্য, ব্রিটেনে জ্বালানির প্রাইস ক্যাপ হলো গ্যাস ও বিদ্যুতের ইউনিটপ্রতি সর্বোচ্চ মূল্য নির্ধারণের ব্যবস্থা। এটি কোনো পরিবারের মোট বিলের নির্দিষ্ট সীমা নয়। বরং কতটুকু জ্বালানি ব্যবহার করা হচ্ছে, তার ওপর নির্ভর করে প্রকৃত বিলের পরিমাণ নির্ধারিত হয়।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে বাড়ছে রাস্তায় রাত কাটানো মানুষের সংখ্যাঃ গবেষণা

ব্যাংক অব ইংল্যান্ডের সুদের হারের রেট ৪.৭৫%-এ স্থির রাখার সিদ্ধান্ত

যুক্তরাজ্যে মর্টগেজ নীতিতে শিথিলতা, বাড়ির স্বপ্ন পূরণে নতুন আশার আলো