TV3 BANGLA
বাংলাদেশযুক্তরাজ্য (UK)

ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করবেন টিউলিপ সিদ্দিকঃ আইনি পরামর্শ নিচ্ছেন আইনজীবীদের

বাংলাদেশের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। তার দাবি, বাংলাদেশে তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ এবং পরবর্তী বিচারপ্রক্রিয়ার কারণে যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তিনি। এ ঘটনায় ড. ইউনূসের নেতৃত্বাধীন তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন টিউলিপ।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে টিউলিপ নিজেকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার শিকার বলে দাবি করেন। তিনি জানান, ড. ইউনূসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা নিয়ে একজন আইনজীবীর সঙ্গে তার আলোচনা হয়েছে। ওই আইনজীবী তাকে জানিয়েছেন, এ বিষয়ে মামলা করার যথেষ্ট আইনি ভিত্তি থাকতে পারে। তবে এখনো মামলা দায়ের করা হয়েছে বলে কোনো তথ্য পাওয়া যায়নি।
টিউলিপের বিরুদ্ধে অভিযোগ ছিল, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে তিনি প্রভাব খাটিয়ে পরিবারের জন্য পূর্বাচলে একটি সরকারি প্লট বরাদ্দের সুবিধা নিয়েছিলেন। শেখ হাসিনা তার খালা। এই অভিযোগের ভিত্তিতে করা মামলায় ২০২৫ সালের ডিসেম্বরে বাংলাদেশের আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেন। একই মামলায় আরও ১৬ জনকে সাজা দেওয়া হয়।
তবে শুরু থেকেই নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন টিউলিপ। তার বক্তব্য, মামলাটি ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তিনি এর মাধ্যমে অন্যের রাজনৈতিক বিরোধের পরোক্ষ শিকারে পরিণত হয়েছেন।
২০২৫ সালে দ্য গার্ডিয়ান-কে দেওয়া এক সাক্ষাৎকারেও টিউলিপ অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ হাস্যকর’ বলে অভিহিত করেছিলেন। সে সময় তার দাবি ছিল, শেখ হাসিনা ও ড. ইউনূসের মধ্যকার দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধের পরোক্ষ শিকার হয়েছেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, ওই বিরোধের সঙ্গে তাকে জড়িয়ে ফেলা হয়েছে।
সম্প্রতি পডকাস্টে টিউলিপ জানান, নিজের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত জানতে তিনি একাধিকবার চেষ্টা করেছেন। তার আইনজীবীরাও বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠিয়েছিলেন। কিন্তু সেসব চিঠির কোনো জবাব পাননি বলে দাবি করেন তিনি।
ড. ইউনূসের সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টার কথাও তুলে ধরেন টিউলিপ। তার ভাষ্য অনুযায়ী, লন্ডনের ডরচেস্টার হোটেলে অবস্থানকালে ড. ইউনূসের কাছে হাতে লেখা একটি চিঠি পাঠিয়েছিলেন তিনি। সামনাসামনি সাক্ষাতের জন্য একাধিকবার চেষ্টা করলেও ড. ইউনূস তাতে সম্মতি দেননি বলে অভিযোগ করেন টিউলিপ।
নিজের বিরুদ্ধে মামলার বিচারপ্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি। টিউলিপ বলেন, তাকে ঠিক কী অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে, সে বিষয়ে তার স্পষ্ট ধারণা ছিল না। এমনকি আদালতের রায়ের বিষয়টিও তিনি প্রথম জানতে পারেন সকালে ঘুম থেকে উঠে স্কাই নিউজের ব্রেকিং নিউজ অ্যালার্ট দেখে। পুরো অভিজ্ঞতাকে তিনি ‘কাফকাস্ক দুঃস্বপ্নের’ সঙ্গে তুলনা করেন।
এদিকে, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছ থেকে বিতর্কের সময় সমর্থন পাওয়ার কথাও জানান টিউলিপ। তার দাবি, নিরাপত্তা হুমকির মুখে পড়ার পর স্টারমার যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে অবস্থানকালে তাকে বার্তা পাঠিয়েছিলেন।
তবে টিউলিপকে ঘিরে একের পর এক প্রশ্নের মুখে পড়তে থাকেন স্টারমার। এতে সরকারের কাজে বিতর্কের প্রভাব পড়তে পারে—এমন পরিস্থিতিতে শেষ পর্যন্ত মন্ত্রিত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন টিউলিপ। তিনি বলেন, স্টারমারকে প্রধানমন্ত্রী করার রাজনৈতিক প্রচেষ্টায় শুরু থেকেই তিনি যুক্ত ছিলেন। কিন্তু একপর্যায়ে নিজেকেই তার নেতৃত্বের পথে বাধা হিসেবে দেখতে হচ্ছিল।
ড. ইউনূসের বিরুদ্ধে টিউলিপের আইনি পদক্ষেপের সম্ভাবনা নিয়ে জানতে চেয়ে দ্য গার্ডিয়ান তার সঙ্গে যোগাযোগ করে। তবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
সূত্রঃ দ্য গার্ডিয়ান
এমকে

আরো পড়ুন

রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে বাড়ছে হুমকিঃ সতর্ক করলেন এমআই-ফাইভ প্রধান

হোম অফিসের ভুলে জার্মান মা সন্তান থেকে বিচ্ছিন্ন, ডিজিটাল স্ট্যাটাস নিয়ে প্রশ্ন

বিবাহ বিচ্ছেদের পথে হ্যারি-মেগান!