9.9 C
London
October 14, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে বাড়ছে হুমকিঃ সতর্ক করলেন এমআই-ফাইভ প্রধান

যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তার ওপর রাশিয়া, ইরান ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহারের কারণে হুমকি বাড়ছে বলে সতর্ক করেছেন দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এমআই-ফাইভের প্রধান স্যার কেন ম্যাককালাম। তার দাবি, গত এক দশকে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে আসা হুমকি চার গুণ বেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা সংস্থাটিকে রাষ্ট্রীয় হুমকি ও সন্ত্রাসবাদ প্রতিরোধে আরও বেশি সম্পদ ব্যয় করতে হচ্ছে।

বার্ষিক ভাষণে ম্যাককালাম রাশিয়াকে যুক্তরাজ্যের জন্য সবচেয়ে বড় আগ্রাসী রাষ্ট্রীয় শক্তি হিসেবে বর্ণনা করেন। তার মতে, ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন চালানোর পাশাপাশি রাশিয়া ইউরোপের বিভিন্ন দেশে অস্থিতিশীলতা সৃষ্টি, নাশকতা এবং গোপন অভিযান পরিচালনার চেষ্টা করছে। অপরাধীদের অর্থের বিনিময়ে ব্যবহার করে এসব কর্মকাণ্ড চালানোর অভিযোগও করেন তিনি।

ম্যাককালাম জানান, ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে যুক্তরাজ্য প্রায় এক হাজার রুশ কূটনীতিক ও গোয়েন্দা-সংশ্লিষ্ট ব্যক্তিকে বহিষ্কার করেছে। এর ফলে রাশিয়ার প্রচলিত গোয়েন্দা নেটওয়ার্ক দুর্বল হয়েছে বলে দাবি করেন তিনি। তবে তার অভিযোগ, রাশিয়া এখন অপরাধী গোষ্ঠী ও মধ্যস্থতাকারীদের ব্যবহার করে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে।

যুক্তরাজ্যে ইরান-সংশ্লিষ্ট তৎপরতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এমআই-ফাইভ প্রধান। তার দেওয়া তথ্য অনুযায়ী, গত এক বছরে ইরান-সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগে ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব তৎপরতার লক্ষ্য হিসেবে ইহুদি সম্প্রদায় এবং সামরিক স্থাপনার কথা উল্লেখ করেন তিনি। বিদেশি রাষ্ট্রের হয়ে যুক্তরাজ্যে সহিংসতা বা নাশকতার পরিকল্পনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

বিদেশি রাষ্ট্রের হয়ে যুক্তরাজ্যের নিরাপত্তার বিরুদ্ধে কাজ করা ব্যক্তিদের মোকাবিলায় ২০২৩ সালের জাতীয় নিরাপত্তা আইন ব্যবহার করা হচ্ছে। চীন, রাশিয়া ও ইরান-সংশ্লিষ্ট তৎপরতা তদন্তে এই আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান ম্যাককালাম।

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ নতুন নিরাপত্তাঝুঁকি তৈরি করছে বলেও সতর্ক করেন তিনি। তার মতে, সন্ত্রাসী ও অপরাধী গোষ্ঠীগুলো এআই ব্যবহার করে তথ্য সংগ্রহ, হামলার পরিকল্পনা এবং প্রযুক্তিনির্ভর আক্রমণের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করতে পারে। এআই-সক্ষম ড্রোনের অপব্যবহার এবং ভবিষ্যতে এ প্রযুক্তির সাহায্যে জৈব অস্ত্র তৈরির সম্ভাবনা নিয়েও উদ্বেগ রয়েছে। তবে জৈব অস্ত্র তৈরির এমন কোনো হুমকি বাস্তবে কার্যকর হয়েছে বলে তিনি দাবি করেননি।

এআইয়ের সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি মূল্যায়নে এমআই-ফাইভ একটি নতুন এআই থ্রেট অ্যাসেসমেন্ট সেন্টার চালু করেছে বলে জানান ম্যাককালাম। কেন্দ্রটি প্রযুক্তির অপব্যবহার থেকে সৃষ্ট ঝুঁকি বিশ্লেষণ এবং বাস্তব হুমকি শনাক্ত করতে কাজ করবে। এ ক্ষেত্রে যুক্তরাজ্যের অন্যান্য গোয়েন্দা সংস্থা ও এআই নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

ইসলামপন্থী জঙ্গিগোষ্ঠীর পাশাপাশি উগ্র ডানপন্থী চরমপন্থাও যুক্তরাজ্যের নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে বলে জানান এমআই-ফাইভ প্রধান। অনলাইনে তরুণদের উগ্রপন্থায় জড়িয়ে পড়ার প্রবণতা বিশেষভাবে উদ্বেগজনক বলে উল্লেখ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, ১৩ বছর বয়সী এক কিশোরকে ঘিরে তদন্ত থেকে পাওয়া তথ্য আন্তর্জাতিক এক অংশীদারকে সম্ভাব্য প্রাণঘাতী হামলা প্রতিরোধে সহায়তা করেছিল।

ম্যাককালামের বক্তব্য অনুযায়ী, বিদেশি রাষ্ট্রের গোপন তৎপরতা, সন্ত্রাসবাদ, অপরাধী নেটওয়ার্ক এবং এআইয়ের অপব্যবহার—সব মিলিয়ে যুক্তরাজ্যকে এখন বহুমুখী নিরাপত্তাঝুঁকি মোকাবিলা করতে হচ্ছে। এসব হুমকি প্রতিরোধে গোয়েন্দা সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা এবং নতুন প্রযুক্তির ঝুঁকি সম্পর্কে আগাম ধারণা অর্জন জরুরি।

সূত্রঃ বিবিসি

এমকে

আরো পড়ুন

অনুপযুক্ত আচরণের অভিযোগে বরখাস্ত বাংলাদেশি বংশোদ্ভূত স্কটিশ লেবার এমপি

পূর্ব লন্ডনে ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত শিশুকে বাঁচালেন পথচারী নারী

লন্ডনে ফ্ল্যাট থেকে বাংলাদেশি নারীর লাশ উদ্ধার