20 C
London
June 29, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

তুরাগে মরদেহ উদ্ধারে নতুন প্রশ্নঃ ধাওয়া, নদীতে ঝাঁপ আর পরপর চার মৃত্যুর রহস্য

ঢাকার তুরাগ নদ থেকে গত তিন দিনে চারটি মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন করে নানা প্রশ্ন দেখা দিয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে অন্তত দুজন গত ২২ জুন আশুলিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একটি মিছিলকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন বলে পরিবারের দাবি। তবে পুলিশের বক্তব্য, তারা আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে এবং ঘটনাস্থলে কাউকে নৌকা থেকে আটক করা হয়নি।

সবশেষ শুক্রবার দিবাগত রাতে আশুলিয়া গরুরহাট-সংলগ্ন নৌকাঘাট থেকে প্রায় দেড় কিলোমিটার ভাটিতে ভাসমান অবস্থায় ১৭ বছর বয়সী মো. সুমনের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ঢাকার তুরাগ থানার রানাভোলা এলাকার বাসিন্দা ছিলেন এবং গত ২২ জুন থেকে নিখোঁজ ছিলেন।

সুমনের স্বজনদের দাবি, ২২ জুন সকালে বাসা থেকে বের হয়ে তিনি আশুলিয়ার রুস্তমপুর এলাকায় আওয়ামী লীগের একটি মিছিলে অংশ নিতে যান। পরে নৌকায় করে আশুলিয়া গরুরহাট-সংলগ্ন ঘাটে পৌঁছানোর পর পুলিশ ধাওয়া দিলে অনেকেই নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন। সুমনও নদীতে লাফ দেন, কিন্তু এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

সুমনের খালু মো. জুয়েল বাবু জানান, পরিবার আগে জানত না যে সুমন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরে খোঁজ নিয়ে তারা জানতে পারেন, তিনি মিছিলে অংশ নিয়েছিলেন। শুক্রবার রাতে পুলিশ নদী থেকে একটি মরদেহ উদ্ধারের খবর দিলে পকেটে থাকা মানিব্যাগের কাগজপত্র ও মোবাইল ফোনের মাধ্যমে তারা মরদেহটি সুমনের বলে শনাক্ত করেন।

তিনি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো বিরোধে না জড়িয়ে পুলিশের পরামর্শ অনুযায়ী একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

তবে মামলার এজাহারে ভিন্ন তথ্য উঠে এসেছে। সেখানে সুমনের সৎ ভাই মো. সালাউদ্দিন উল্লেখ করেন, সুমন বন্ধু ও প্রতিবেশীদের সঙ্গে নৌভ্রমণে গিয়েছিলেন। নৌকা থেকে তাড়াহুড়া করে নামার সময় অসাবধানতাবশত তিনি নদীতে পড়ে যান এবং সাঁতার না জানায় ডুবে যান। এ বিষয়ে জানতে চাইলে সালাউদ্দিন গণমাধ্যমকে বলেন, মামলার বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না।

এদিকে ২২ জুনের ঘটনায় আশুলিয়া থানার উপপরিদর্শক রাশেদুদ জামান বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ৪৫ জনকে আসামি করে মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬০ থেকে ৬৫ জন নেতাকর্মী নৌকায় করে জড়ো হয়ে মিছিল ও স্লোগানের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করছিলেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে আটক করে এবং অন্যরা পালিয়ে যান।

তবে কয়েকজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য, নৌকাটি ঘাটে ভিড়তেই পুলিশ ও সাদা পোশাকধারী কয়েকজন মিলে ধাওয়া করেন। এ সময় অনেকে নদীতে ঝাঁপ দিয়ে কিংবা ঝোপঝাড়ের ভেতর দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ নৌকায় উঠে কয়েকজনকে আটক করে এবং নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তিদের খুঁজতেও নৌকা নিয়ে যায়।

এসআই রাশেদুদ জামান অবশ্য দাবি করেন, তিনি কাউকে নৌকায় পাননি। তার ভাষ্য, আটক ব্যক্তিদের ঘাট থেকে আটক করা হয়েছে এবং নৌকা থেকে আটকের বিষয়ে তিনি অবগত নন।

ঘটনার পর থেকে তুরাগ নদ থেকে মোট চারটি মরদেহ উদ্ধার হয়েছে। আমিনবাজার নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, ২৪ জুন রানাভোলা এলাকার বাসিন্দা আরিফ হাসান রাকিবের মরদেহ উদ্ধার করা হয়। তিনিও ২২ জুন থেকে নিখোঁজ ছিলেন। একই দিনে দিয়াবাড়ি এলাকায় গোসল করতে নেমে রনি মোল্ল্যা নামে এক যুবকের মৃত্যু হয়। এছাড়া শনিবার নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া ১৫ বছর বয়সী মারুফ হাসানের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রাকিবের চাচা আসাদুল ইসলাম বলেন, পরিবার এখনও মানসিকভাবে বিপর্যস্ত। এ বিষয়ে তারা প্রকাশ্যে কথা বলতে চান না।

অন্যদিকে, গ্রেপ্তার সাতজনের আইনজীবী আরিফ সরকার পাভেল জানান, তাদের মক্কেলদের আদালতে রিমান্ডের আবেদন করা হলেও আদালত তা নাকচ করে জেলগেটে একদিন জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন। তার দাবি, আটক ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী তারা প্রথমে তুরাগ এলাকায় মিছিল করেন, পরে নৌকায় করে আশুলিয়া বাজারের দিকে গেলে পুলিশ ও বিএনপির কিছু নেতাকর্মী তাদের ধাওয়া ও মারধর করেন। প্রাণ বাঁচাতে অনেকে নদীতে ঝাঁপ দেন এবং সাতজনকে আটক করা হয়।

তুরাগ নদ থেকে একের পর এক মরদেহ উদ্ধারের ঘটনায় নিখোঁজদের মৃত্যুর প্রকৃত কারণ, পুলিশি অভিযানের সময় ঠিক কী ঘটেছিল এবং প্রত্যক্ষদর্শী, স্বজন ও পুলিশের বক্তব্যে যে অসঙ্গতি রয়েছে, সেগুলোর বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠেছে। সংশ্লিষ্ট ঘটনাগুলোর তদন্ত ও ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সূত্রঃ দ্য ডেইলি স্টার

এম.কে

আরো পড়ুন

তারেক রহমানের প্রত্যাবর্তনঃ কেন ভারতের জন্য সুসংবাদ- যা বলল ইন্ডিয়া টুডে

প্রধান বিচারপতির বাসভবন, সুপ্রিম কোর্টের গেটসহ ৯ স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ

গার্মেন্টস খাতে অস্থিতিশীলতায় প্রতিবেশী দেশের ইন্ধনঃ শ্রম সচিব