17.3 C
London
September 11, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে বিশ্বঃ ইরানি এমপির ভয়াবহ সতর্কবার্তা

বিশ্ব ‘প্রায় তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে’ রয়েছে বলে সতর্ক করেছেন ইরানের এক আইনপ্রণেতা। যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান-ইসরায়েল উত্তেজনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পাশাপাশি বিভিন্ন পরাশক্তির মধ্যে ক্রমবর্ধমান বিরোধের প্রেক্ষাপটে এমন সতর্কবার্তা এসেছে।
ইরানের সংসদ সদস্য কামরান গাজানফারি ইরানি লেবার নিউজ এজেন্সিকে দেওয়া বক্তব্যে বলেছেন, রাশিয়া-ইউক্রেন সংঘাত এবং প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর মধ্যে বাড়তে থাকা উত্তেজনা বিশ্বব্যাপী বড় ধরনের যুদ্ধে রূপ নিতে পারে।
ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, গাজানফারি দাবি করেছেন, ইউক্রেন যুদ্ধে ন্যাটোর সমর্থন এবং রাশিয়ার সঙ্গে ব্রিটেন ও জার্মানির উত্তেজনা ইউরোপের অন্যান্য দেশেও সংঘাত ছড়িয়ে পড়ার সম্ভাবনা বাড়িয়েছে। তাইওয়ানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের বিরোধকেও তিনি বিশ্বব্যাপী সংঘাতের আরেকটি সম্ভাব্য কেন্দ্র হিসেবে উল্লেখ করেছেন।
তেহরানের সংসদ সদস্য গাজানফারি আরও জানিয়েছেন, ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি শিগগিরই বিবেচনা করতে পারে।
এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার বিরোধিতাও করেছিলেন তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, গত জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা একটি সমঝোতা স্মারকের বিরোধিতা করে গাজানফারি বলেছিলেন, এ ধরনের কোনো চুক্তি বৈধ বা বাধ্যতামূলক হবে না।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের খার্গ দ্বীপ ও জাস্ক এলাকায় হামলার নির্দেশ দেওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে ফক্স নিউজের প্রধান জাতীয় নিরাপত্তা সংবাদদাতা জেনিফার গ্রিফিন জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনী খার্গ দ্বীপ ও জাস্কের কাছে কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এসব লক্ষ্যবস্তুর মধ্যে ইরানের তেলবাহী জাহাজও ছিল। ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর বৃহত্তর কৌশলের অংশ হিসেবে ইরানের অপরিশোধিত তেলবাহী জাহাজ ডুবিয়ে দেওয়া বা অচল করে দেওয়ার কৌশল নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, মঙ্গলবার পারস্য উপসাগরে ইরানের পাঁচটি অপরিশোধিত তেলবাহী জাহাজ ধ্বংস করা হয়েছে। এর আগে একটি মার্কিন নৌযুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টাও চালানো হয়েছিল বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম পাল্টা দাবি করেছে, ইরানি হামলায় আটটি তেলবাহী জাহাজ এবং দুটি মার্কিন জাহাজ আক্রান্ত হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড এই দাবিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে।
এক্সে দেওয়া এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, কোনো মার্কিন নৌযুদ্ধজাহাজে হামলা হয়নি এবং ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সব হামলার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াশিংটনের হামলার নিন্দা জানিয়ে এসব কর্মকাণ্ডকে ‘অবৈধ ও আগ্রাসী’ বলে উল্লেখ করেছে। একই সঙ্গে তারা এর পরিণতি সম্পর্কে সতর্ক করেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আগ্রাসী ও হস্তক্ষেপমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার কারণে যে পরিণতি সৃষ্টি হবে, তার দায় যুক্তরাষ্ট্র এবং তার সহযোগী ও অংশীদারদের ওপর বর্তাবে।
বিশ্বজুড়ে সংঘাতের আশঙ্কার মধ্যে ব্রিটেনও সম্ভাব্য সামরিক পরিস্থিতির প্রস্তুতি জোরদার করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় আগামী বছর প্রায় ৯৫ হাজার অবসরপ্রাপ্ত সামরিক সদস্যকে আবারও দায়িত্বে ফিরিয়ে আনার জন্য বড় ধরনের একটি মহড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ব্রিটেনের সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী লুইস স্যান্ডার-জোনস জানিয়েছেন, প্রায় ৯৫ হাজার অবসরপ্রাপ্ত সামরিক সদস্যকে নিয়ে একটি ‘কৌশলগত রিজার্ভ’ সক্রিয় করা হবে। তার ভাষ্য অনুযায়ী, দীর্ঘ সময়ের মধ্যে এত বড় পরিসরে সাবেক সামরিক সদস্যদের সক্রিয় করার ঘটনা দেখা যায়নি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইউক্রেনের জন্য ড্রোন উৎপাদনকারী ব্রিটিশ শিল্পপ্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে মস্কোর হুমকির মুখে পড়েছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর প্রধানরা সতর্ক করে বলেছেন, ভ্লাদিমির পুতিন এমন একটি অভিযান পরিচালনা করছেন, যা বৃহত্তর যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইরান-যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত, ইউরোপে বাড়তে থাকা উত্তেজনা এবং তাইওয়ানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-চীন বিরোধ—এই বিভিন্ন সংঘাত ও উত্তেজনার মধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা নিয়ে ইরানি আইনপ্রণেতার এই সতর্কবার্তা সামনে এসেছে।
সূত্রঃ ডেইলি স্টার\ ইরানি লেবার নিউজ এজেন্সি\ ইরান ইন্টারন্যাশনাল\ ফক্স নিউজ
এম.কে

আরো পড়ুন

অভিবাসন ইস্যুতে মানবাধিকার আদালত নিয়ে ইউরোপে মতভেদ

বিদেশি কর্মী টানতে ভিসার সংখ্যা ৩০ গুণ বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়া

বাতের ওষুধ হিসেবে বাঘের মূত্র বিক্রি হচ্ছে চীনে

নিউজ ডেস্ক