TV3 BANGLA
আন্তর্জাতিক

দারিদ্র্যে জর্জরিত দেশঃ অথচ রাজনীতিবিদের মেয়ের বিয়েতে কয়েক কোটি টাকার বিলাসিতা

ভারতের সবচেয়ে দরিদ্র রাজ্য বিহারে মেয়ের বিয়েতে প্রায় ৪ লাখ অতিথির আয়োজন করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন রাজ্যটির বিধানসভার সদস্য অনন্ত সিং। বিয়ের আয়োজন ঘিরে ছিল ৫০০ বাবুর্চির বিশাল রান্নার দল, ৫ লাখ ঐতিহ্যবাহী মিষ্টি, ৬টি অস্থায়ী হেলিপ্যাড এবং অতিথিদের জন্য কয়েক হেক্টর এলাকাজুড়ে বিশাল আয়োজন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বুধবার বিহারের নাদাওয়া গ্রামের পারিবারিক বাড়িতে অনন্ত সিংয়ের মেয়ে শিবাঙ্গী সিংয়ের সঙ্গে রিশিকেশ কুমারের বিয়ে অনুষ্ঠিত হয়। বর রিশিকেশ যুক্তরাষ্ট্রের আটলান্টায় অবস্থিত জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির এমবিএর শিক্ষার্থী।

প্রতিবেদন অনুযায়ী, প্রায় আড়াই হেক্টর জায়গাজুড়ে এই বিয়ের আয়োজন করা হয়। অতিথির সংখ্যা ছিল প্রায় ৪ লাখ। এত বিপুলসংখ্যক অতিথির খাবারের ব্যবস্থা করতে ৫০০ বাবুর্চি ও রাঁধুনি কাজ করেন। পরিবেশনের জন্য প্রস্তুত করা হয় ৫ লাখ পিস ঐতিহ্যবাহী মিষ্টি। এ ছাড়া কাবাব ও বিভিন্ন পদ রান্নার জন্য প্রায় ১ হাজার কেজি খাসির মাংস ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে।

ভারতের বিভিন্ন স্থান থেকে হেলিকপ্টারে আসা গুরুত্বপূর্ণ অতিথিদের জন্য তৈরি করা হয় ছয়টি অস্থায়ী হেলিপ্যাড। বিয়ের অনুষ্ঠানে বর রিশিকেশ কুমার কমলা রঙের স্কার্ফ হাতে, সানগ্লাস পরে ১৫১টি গাড়ির বহর নিয়ে উপস্থিত হন। হিন্দু সংস্কৃতিতে বিজোড় সংখ্যাকে শুভ মনে করা হয় বলে এই সংখ্যাটি বেছে নেওয়া হয়েছিল।

বরকে উপহার হিসেবে দেওয়া হয় একটি ল্যান্ড রোভার ডিফেন্ডার গাড়ি। অতিথিদের জন্য চীন থেকে আমদানি করা ফুল দিয়ে সাজানো হয় অনুষ্ঠানস্থল। পাশাপাশি ছিল আতশবাজির আয়োজন।

বিয়ের অনুষ্ঠানে বিনোদনের জন্য ডিজে পার্টির পরিবর্তে ঘোড়দৌড়ের আয়োজন করার পরিকল্পনা করেছিলেন অনন্ত সিং। ঘোড়দৌড়ের বিজয়ীর জন্য পুরস্কার হিসেবে রাখা হয়েছিল একটি এসইউভি গাড়ি।

কিন্তু এই প্রতিযোগিতা দেখতে বিপুলসংখ্যক মানুষ ভিড় করেন। অনেকে গাছে উঠে এবং বিদ্যুতের খুঁটি ও টাওয়ারে অবস্থান নিয়ে প্রতিযোগিতা দেখার চেষ্টা করেন। পরিস্থিতি এতটাই বিশৃঙ্খল হয়ে ওঠে যে শেষ মুহূর্তে ঘোড়দৌড় বাতিল করতে হয়।

বিয়ের অনুষ্ঠানস্থলে যাওয়ার রাস্তাগুলোতেও ব্যাপক যানজট তৈরি হয়। দ্য টাইমস অব ইন্ডিয়া-এর বরাত দিয়ে গার্ডিয়ান জানিয়েছে, যানজটে আটকে পড়া এক অতিথি শেষ পর্যন্ত ট্রাক্টরে চড়ে আশপাশের মাঠ পেরিয়ে অনুষ্ঠানস্থলে পৌঁছান।

এত বড় আয়োজনের কারণে আলোচনায় এলেও অনন্ত সিং ভারতের বিতর্কিত একজন রাজনীতিক। তিনি বিহারের বিধানসভায় পাঁচবার নির্বাচিত হয়েছেন। তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, চাঁদাবাজি ও অপহরণসহ বিভিন্ন অভিযোগে ২৮টি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে।

ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করা বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের ওয়েবসাইটেও এসব মামলার তথ্য রয়েছে। তবে অনন্ত সিং তার বিরুদ্ধে ওঠা সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন।

বিয়ের আগে এক টেলিভিশন সাক্ষাৎকারে আয়োজনের বিশালতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বড় মেয়ের বিয়েতেও একই ধরনের আয়োজন করেছিলেন তিনি। তাই এবারও বিশেষ কিছু করেননি বলে মন্তব্য করেন এই রাজনীতিক।

এদিকে ভারতে বিয়ের মৌসুম শুরু হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে আনুমানিক ৫২ লাখ বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এমকে

আরো পড়ুন

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যেতে নির্বাহী আদেশে ট্রাম্পের সই

গাজায় গণহত্যার জন্য ইসরায়েলকে দায়ী করে তোপের মুখে পোল্যান্ডের এমপি

কৃষি ও পর্যটনে কর্মী সংকট মেটাতে গ্রিসে ৩ বছর মেয়াদি মৌসুমি কাজের সুযোগ