লন্ডনের পপলার এলাকায় আইসল্যান্ড সুপারমার্কেটকে ইঁদুরের উপদ্রবের কারণে ৩ লাখ পাউন্ড জরিমানা করা হয়েছে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পরিবেশ স্বাস্থ্য কর্মকর্তারা ২০২৪ সালের ৮ জানুয়ারি একজন ক্রেতার অভিযোগের ভিত্তিতে ভেসি পাথের ওই দোকানটি পরিদর্শন করেন।
পরিদর্শনে দেখা যায় চিপসের প্যাকেট ও বিস্কুট ইঁদুরে কেটে ফেলা হয়েছে এবং দোকানের ভেতরে একটি জীবিত ইঁদুরও ঘোরাফেরা করছিল।
কাউন্সিলের অভিযোগ অনুযায়ী, সুপারমার্কেটটি চারটি খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি লঙ্ঘন করেছে। ২৪ ফেব্রুয়ারি আইসল্যান্ড তিনটি অভিযোগে দোষ স্বীকার করে, যার মধ্যে ছিল দোকান পরিষ্কার ও ভালো অবস্থায় না রাখা এবং কীটপতঙ্গ নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা না থাকা।
১০ মার্চ থেমস ম্যাজিস্ট্রেট আদালতে জেলা বিচারক বুটার ৩ লাখ পাউন্ড জরিমানা, ২ হাজার পাউন্ড ভিকটিম সারচার্জ এবং ৫,৯৯৭ পাউন্ড খরচ ধার্য করেন, যা ১৭ এপ্রিলের মধ্যে পরিশোধ করতে হবে।
ব্যাপক কীটনাশক ব্যবস্থা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার পর ১৮ জানুয়ারি, পরিদর্শকদের নির্দেশে বন্ধ হওয়ার ১০ দিন পর, দোকানটি পুনরায় খোলা হয়। ২৩ এপ্রিল অনুষ্ঠিত পুনরায় পরিদর্শনে দোকানটি ফুড হাইজিন রেটিং ৫ অর্জন করে, যা নির্দেশ করে যে এখন দোকানটি স্বাস্থ্যবিধি ও নিরাপত্তার মান বজায় রেখেছে।
এই ঘটনায় আইসল্যান্ড সুপারমার্কেটের কর্মীরা এবং স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক করেছেন, খাদ্য নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না।
সূত্রঃ মাই লন্ডন
এম.কে

