TV3 BANGLA
আন্তর্জাতিক

পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কিঃ ট্রাম্পের ‘বন্ধু’ সম্বোধনে ক্ষোভ প্রকাশ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘খুনি’ আখ্যা দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনকে ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করার পর এর প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট পুতিনের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকের আগে ট্রাম্প পুতিনকে নিজের ‘বন্ধু’ বলে সম্বোধন করেন। তিনি বলেন, পুতিনের সঙ্গে তার বহু বছরের চমৎকার সম্পর্ক রয়েছে।

এর প্রতিক্রিয়ায় সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, পুতিনকে কীভাবে সম্বোধন করবেন, সেটি ট্রাম্পের ব্যক্তিগত বিষয়। তবে ইউক্রেনের কাছে পুতিন একজন শত্রু এবং খুনি।

জেলেনস্কি বলেন, ‘বিশ্বের অধিকাংশ মানুষের কাছেই তিনি একজন খুনি। কারণ তিনি প্রতিদিন, দিন-রাত মানুষ হত্যা করছেন।’

ট্রাম্পের এমন বন্ধুত্বপূর্ণ বক্তব্য পুতিনের ওপর চাপ সৃষ্টির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তার মতে, পুতিনকে বন্ধু হিসেবে উল্লেখ করার অর্থ হচ্ছে, তিনি যথেষ্ট চাপ অনুভব করছেন না।

এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। শুক্রবার রাতভর ইউক্রেনের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। আহত হয়েছেন ৫২ জন।

ইউক্রেনের মধ্যাঞ্চলীয় দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহে এসব হামলায় হতাহতের ঘটনা ঘটে। দেশটির জরুরি সেবা বিভাগ জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে আরও ১১ জন এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় রিভনে একজন আহত হয়েছেন।

এর আগে শুক্রবার রাজধানী কিয়েভের সেতু এবং পশ্চিম ইউক্রেনের বিভিন্ন রেলস্টেশন লক্ষ্য করে রাশিয়ার হামলায় অন্তত ৯ জন নিহত হন। ওই হামলায় ১১০টি ক্ষেপণাস্ত্র, যার মধ্যে ২৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল, এবং ৪০০টির বেশি ড্রোন ব্যবহার করা হয় বলে জানান জেলেনস্কি। তিনি এ হামলাকে চলতি বছরের সবচেয়ে বড় রুশ হামলা বলে উল্লেখ করেন।

ইউক্রেনের পক্ষ থেকে ক্রিমিয়া সেতুর ব্যাপক ক্ষতিসাধনের কয়েক দিন পর রাশিয়ার এসব হামলা চালানো হয়।

অন্যদিকে, ইউক্রেনের প্রতিবেশী পোল্যান্ড জানিয়েছে, শুক্রবার দেশটির আকাশসীমা লঙ্ঘন করা তিনটি বস্তুর মধ্যে একটি ছিল রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র।

পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ জানান, ক্ষেপণাস্ত্রটি ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে নোভি লিপোভিয়েক এলাকার একটি গ্রামীণ অঞ্চলে আঘাত হানে। সন্দেহ করা হচ্ছে, অন্য দুটি বস্তু—একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও একটি জেটচালিত ড্রোন—দেশটির আরও দুটি স্থানে আঘাত করেছে।

শনিবার বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কি বলেন, রুশ ক্ষেপণাস্ত্রগুলোর নিজস্ব দিকনির্দেশনা ব্যবস্থা রয়েছে। তাই ইউক্রেনের ইলেকট্রনিক যুদ্ধপ্রযুক্তির কারণে সেগুলো লক্ষ্যচ্যুত হয়েছে—এমন সম্ভাবনা খুবই কম।

তিনি বলেন, ‘এটি ইউরোপের একটি যুদ্ধ, যা আমাদের নিরাপত্তাকে প্রভাবিত করছে।’

ঘটনায় কেউ হতাহত হয়নি এবং কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। তবে পোল্যান্ডের সরকার একে রাশিয়ার উসকানিমূলক কর্মকাণ্ড হিসেবে বর্ণনা করেছে।

ন্যাটোর মহাসচিব মার্ক রুটে পোল্যান্ডের আকাশসীমায় এই গুরুতর লঙ্ঘনের নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় সামরিক জোটের যুদ্ধবিমানগুলো আকাশে পাঠানো হয়েছিল।

এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ অব্যাহত রয়েছে।

সূত্রঃ বিবিসি

এমকে

আরো পড়ুন

বাংলাদেশিসহ দক্ষিণ এশীয়দের প্রতি অনলাইন বিদ্বেষ বাড়ছে যুক্তরাষ্ট্রে

চিকেন নেকের ঘাড়ের ওপরে ড্রাগন আর্মিঃ উভয় সংকটে ভারত

ফেরেশতাদের শব্দ রেকর্ড করলো নাসা?