11.4 C
London
April 27, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

পোস্ট-স্টাডি ভিসা কমলেও যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসার আবেদনে রেকর্ড বৃদ্ধি

পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার মেয়াদ কমিয়ে আনার পরেও যুক্তরাজ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের আবেদন ২০২৫ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে ২৯% বেড়ে দাঁড়িয়েছে ৭৬,৪০০-তে—২০২৪ সালের একই সময়ে যা ছিল উল্লেখযোগ্যভাবে কম।

মাত্র মে মাসেই শিক্ষার্থী ভিসার আবেদন হয়েছে ১৮,৫০০টি, যা আগের বছরের মে মাসের তুলনায় ১৯% বেশি। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, গ্র্যাজুয়েট রুটের কাজ করার সুযোগ ২ বছর থেকে কমিয়ে ১৮ মাস করা হয়েছে। তবুও এই পরিবর্তন আবেদনকারীদের সংখ্যা কমাতে প্রভাব ফেলেনি বলে দেখা যাচ্ছে।

স্টাডি গ্রুপের এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিরেক্টর রুথ আর্নল্ড জানান, “এই প্রবৃদ্ধি প্রমাণ করে যে, ইমিগ্রেশন হোয়াইট পেপারের নেতিবাচক প্রভাব কিছুটা হলেও প্রশমিত হয়েছে। ব্রিটেন এখনও অনেক শিক্ষার্থীর চোখে নিরাপদ ও স্থিতিশীল গন্তব্য হিসেবে বিবেচিত।” তিনি আরও বলেন, “অস্ট্রেলিয়া, কানাডা এবং যুক্তরাষ্ট্রের কঠোর ভিসা নীতিমালার কারণে অনেক শিক্ষার্থী যুক্তরাজ্যকে বেছে নিচ্ছে।”

তবে তিনি সতর্ক করে জানান, যুক্তরাজ্য যেন আত্মতুষ্ট না হয়, কারণ অধিকাংশ শিক্ষার্থী একাধিক দেশে একযোগে আবেদন করে থাকে।

ডিপেনডেন্ট ভিসার ক্ষেত্রে চিত্রটি ভিন্ন। ২০২৪ সালের জানুয়ারিতে পরিবারের সদস্যদের ভিসার উপর কঠোর বিধিনিষেধ জারির পর তাৎপর্যপূর্ণ পতন দেখা গেছে। ২০২৫ সালের মে মাসে মাত্র ১,১০০টি ডিপেনডেন্ট ভিসার আবেদন জমা পড়েছে, যেখানে ২০২৪ সালের মে মাসে ছিল ১,৪০০ এবং ২০২৩ সালে একই সময়ে ছিল ৭,৮০০টি।

২০২৫ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত মোট ডিপেনডেন্ট ভিসা আবেদন হয়েছে ৬,৩০০টি, যেখানে গত বছরের একই সময়ে ছিল ৪৬,৭০০টি—যা প্রায় ৮৭% হ্রাস।

মোট শিক্ষার্থী ভিসার সংখ্যায় ঊর্ধ্বগতি দেখা গেলেও মূল আবেদনকারীদের (principal applicants) ক্ষেত্রে ২০২৫ সালের মে মাস পর্যন্ত গত ১২ মাসে ৯% হ্রাস লক্ষ্য করা গেছে।

আরএসএম ইউকে-র পার্টনার ও উচ্চশিক্ষা বিশ্লেষক লুইস টুইডি জানান, “বেশ কিছু বিশ্ববিদ্যালয় এখনও আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ২০২৫ সালের মে মাসেই বাজেট ঘাটতির কারণে অনেক প্রতিষ্ঠান বিভাগ ও কোর্স বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে।”

সূত্রঃ বিজনেস টুডে

এম.কে
১৭ জুন ২০২৫

আরো পড়ুন

শরনার্থী নিয়ে যুক্তরাজ্য সরকারের সমালোচনায় বিভিন্ন এনজিও ও সংস্থা

আবারও অ্যাম্বুলেন্স ধর্মঘট: শঙ্কিত এনএইচএস

ইউগভ জরিপে ভূমিকম্পঃ ব্রিটেনে প্রধানমন্ত্রী হওয়ার পথে নাইজেল ফারাজ