24.5 C
London
July 10, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোয় শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়

ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের অভিযোগে আলোচনায় এসেছে কিংস কলেজ লন্ডন। আল জাজিরা ও লিবার্টি ইনভেস্টিগেটসের যৌথ অনুসন্ধানে দাবি করা হয়েছে, প্রতিরক্ষা শিল্প ও ইসরায়েল-সংশ্লিষ্ট অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান আর্থিক সম্পর্ক রক্ষার স্বার্থে বিশ্ববিদ্যালয়টি ফিলিস্তিনপন্থি আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের প্রতি কঠোর অবস্থান নিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত যুক্তরাজ্যের ১৫৬টি বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অংশগ্রহণের অভিযোগে অন্তত ২৩৬ জন শিক্ষার্থী ও কর্মীর বিরুদ্ধে তদন্ত বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে কিংস কলেজ লন্ডনে অন্তত ২৬টি তদন্ত বা শাস্তিমূলক পদক্ষেপের ঘটনা নথিভুক্ত হয়েছে, যা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বাধিক বলে উল্লেখ করা হয়েছে।

অনুসন্ধানে একটি ঘটনার কথা তুলে ধরা হয়েছে, যেখানে এক ছাত্রী তার লেকচারারের পূর্ববর্তী সামরিক পটভূমি ও ফিলিস্তিন-সম্পর্কিত সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট শেয়ার করার পর সাময়িকভাবে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়েন। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে, ফিলিস্তিনপন্থি কার্যক্রমে যুক্ত শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণে কয়েকটি বিশ্ববিদ্যালয় বেসরকারি গোয়েন্দা প্রতিষ্ঠানের সহায়তা নিয়েছিল।

এছাড়া ক্যাম্পাসে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে একাধিক শিক্ষার্থীকে সতর্ক করা হয় এবং এক আন্তর্জাতিক শিক্ষার্থীর বহিষ্কারের ফলে তার শিক্ষার্থী ভিসা বাতিল হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধিদের দাবি, প্রতিরক্ষা শিল্পের সঙ্গে দীর্ঘদিনের আর্থিক সম্পর্ক বিশ্ববিদ্যালয়ের নীতিতে প্রভাব ফেলতে পারে। ২০২৪ সালের এক প্রতিবেদনে বিশ্ববিদ্যালয়ের বিনিয়োগ ও গবেষণা অনুদান নিয়ে প্রশ্ন তোলা হয়।

জাতিসংঘের শান্তিপূর্ণ সমাবেশ ও সমিতির স্বাধীনতা বিষয়ক বিশেষ প্রতিবেদক জিনা রোমেরো এ ধরনের পদক্ষেপকে উদ্বেগজনক আখ্যা দিয়ে বলেছেন, এগুলো শিক্ষার্থীদের মতপ্রকাশের স্বাধীনতার পরিসর সংকুচিত করতে পারে। তবে উল্লিখিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এই প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা যায়নি।

সূত্রঃ আল জাজিরা

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যের লাল তালিকায় আরো তিন আরব রাষ্ট্র

নিউজ ডেস্ক

ব্রেক্সিটের কালো ছায়া যুক্তরাজ্যের ড্যাফোডিল শিল্পে

অনলাইন ডেস্ক

বৃটেনের বাজারে বিশ্বমন্দার আঁচ