18.8 C
London
September 29, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে স্প্যানিশ মন্ত্রীর বার্তাঃ ইসরায়েলের কড়া প্রতিবাদ—তলব স্পেনের কূটনীতিক

ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে স্পেনের যুববিষয়ক মন্ত্রী সিরা রেগোর মন্তব্যকে কেন্দ্র করে ইসরায়েল ও স্পেনের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ওই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে স্পেনের শীর্ষ কূটনীতিককে তলব করে আনুষ্ঠানিকভাবে কড়া প্রতিবাদ জানিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্পেনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফ্রান্সিসকা পেড্রোসকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। সেখানে মন্ত্রণালয়ের রাজনৈতিক-কৌশলগত বিষয়ক প্রধান গিলাদ কোহেন তার হাতে ইসরায়েলের আনুষ্ঠানিক প্রতিবাদ ও তিরস্কারের বার্তা তুলে দেন।

বিতর্কের সূত্রপাত স্পেনের যুববিষয়ক মন্ত্রী সিরা রেগোর একটি বক্তব্যকে কেন্দ্র করে। তিনি বলেন, স্পেনের সাধারণ মানুষ ‘নদী থেকে সাগর পর্যন্ত’ একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাকে সমর্থন করে।

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, রেগোর এই বক্তব্য স্পেন সরকার ও প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের ইসরায়েলবিরোধী নীতির ধারাবাহিকতার অংশ। ইসরায়েল ‘নদী থেকে সাগর পর্যন্ত’ স্লোগানটির এমন একটি ব্যাখ্যা তুলে ধরেছে, যেখানে ইসরায়েল রাষ্ট্রের বিলুপ্তির ইঙ্গিত রয়েছে বলে তারা দাবি করে।

তবে এই স্লোগানের অর্থ ও রাজনৈতিক ব্যাখ্যা নিয়ে আন্তর্জাতিক পরিসরে ভিন্নমত রয়েছে। ফিলিস্তিনপন্থী বিভিন্ন পক্ষ এটি ফিলিস্তিনিদের স্বাধীনতা ও সমঅধিকারের দাবির সঙ্গে যুক্ত করে থাকে। অন্যদিকে ইসরায়েল ও এর সমর্থকদের একটি অংশ এটিকে ইসরায়েল রাষ্ট্র বিলুপ্তির আহ্বান হিসেবে ব্যাখ্যা করে।

সিরা রেগো ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পরও তিনি ফিলিস্তিনিদের অবস্থান নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, তিনি ফিলিস্তিনিদের প্রতিরোধের অধিকার রয়েছে বলেও মন্তব্য করেছিলেন। পাশাপাশি অতীতে ইসরায়েলকে সমালোচনা করে স্পেন থেকে ইসরায়েলি কূটনৈতিক প্রতিনিধিদল বহিষ্কারের দাবিও জানিয়েছিলেন।

ইসরায়েল ও স্পেনের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন অবশ্য নতুন নয়। ২০২৫ সালের সেপ্টেম্বরেও ইসরায়েল সিরা রেগো এবং স্পেনের উপ-প্রধানমন্ত্রীর ওপর ইসরায়েলে প্রবেশের নিষেধাজ্ঞা আরোপ করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ফিলিস্তিন ইস্যুতে স্পেন সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের নীতির কঠোর সমালোচনা করে আসছে। একই সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ও গাজায় চলমান সংঘাত নিয়ে স্পেনের অবস্থান দুই দেশের সম্পর্ককে আরও জটিল করেছে।

সর্বশেষ ঘটনায় স্পেনের মন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে ইসরায়েলের আনুষ্ঠানিক কূটনৈতিক পদক্ষেপ দুই দেশের মধ্যে চলমান মতপার্থক্যকে আবারও সামনে এনেছে। ফিলিস্তিন রাষ্ট্রের ভবিষ্যৎ, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত এবং ‘নদী থেকে সাগর পর্যন্ত’ স্লোগানের রাজনৈতিক ব্যাখ্যা—এসব বিষয়কে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্কও অব্যাহত রয়েছে।

সূত্রঃ আনাদোলু এজেন্সি

এমকে

আরো পড়ুন

ইইউ ও ব্রিটেনের নতুন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করলো ইরান

গাজায় আন্তর্জাতিক ত্রাণ বহর রক্ষায় ইসরায়েলের বিরুদ্ধে স্পেনের সামরিক উদ্যোগ

গ্রিন কার্ড লটারি স্থগিত করলেন ট্রাম্প