TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ফ্লু ও কোভিডের চাপে ব্রিটেনের আরেক হাসপাতালে ‘ক্রিটিক্যাল ইনসিডেন্ট’ ঘোষণা

ব্রিটেনে ফ্লু ও কোভিড সংক্রমণ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ। পরিস্থিতির অবনতি হওয়ায় ইউনিভার্সিটি হসপিটালস অব ডার্বি অ্যান্ড বার্টন এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্ট তাদের হাসপাতালগুলোতে ‘ক্রিটিক্যাল ইনসিডেন্ট’ ঘোষণা করেছে।

বুধবার (২৫ নভেম্বর) ট্রাস্ট জানায়, জরুরি বিভাগে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় দীর্ঘ অপেক্ষার সৃষ্টি হচ্ছে। সবচেয়ে বেশি চাপের মুখে রয়েছে রয়্যাল ডার্বি হাসপাতাল। সেখানে জরুরি বিভাগে চিকিৎসা পেতে রোগীদের গড়ে প্রায় ৯ ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

ট্রাস্টের তথ্য অনুযায়ী, বর্তমানে রয়্যাল ডার্বি হাসপাতালে প্রায় ৬৭ জন ফ্লু আক্রান্ত এবং কোভিডে আক্রান্ত ২৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। মৌসুমি শ্বাসতন্ত্রের সংক্রমণ, বিশেষ করে ফ্লু ও কোভিডের বিস্তার হাসপাতালের ওপর বাড়তি চাপ তৈরি করেছে।

এ পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষ সাধারণ মানুষকে জীবনহানির আশঙ্কা রয়েছে—এমন জরুরি পরিস্থিতি ছাড়া জরুরি বিভাগে না যাওয়ার অনুরোধ জানিয়েছে। যেসব রোগীর অবস্থা জরুরি নয়, তাদের এনএইচএস ১১১, জিপি, স্থানীয় ফার্মেসি অথবা জরুরি চিকিৎসাকেন্দ্রের সেবা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

একই সঙ্গে যেসব রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, তাদের স্বজনদের যত দ্রুত সম্ভব বাড়ি নিয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে। এতে হাসপাতালের শয্যা খালি হবে এবং নতুন রোগীদের চিকিৎসা দেওয়া সহজ হবে।

ট্রাস্টের অন্তর্বর্তীকালীন নির্বাহী প্রধান পরিচালন কর্মকর্তা জো রাইট বলেন, হাসপাতালগুলোতে রোগীর চাপ অনেক বেশি থাকলেও পরিস্থিতি নিরাপদে সামাল দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে এবং রোগীদের দ্রুত ও নিরাপদে চিকিৎসা নিশ্চিত করতে কাজ চলছে।

তিনি আরও বলেন, যাদের জরুরি চিকিৎসা প্রয়োজন, তারা যেন হাসপাতালে আসতে দ্বিধা না করেন। আগে থেকে নির্ধারিত চিকিৎসা অ্যাপয়েন্টমেন্টও বহাল থাকবে, যদি না হাসপাতাল কর্তৃপক্ষ তা বাতিলের বিষয়ে যোগাযোগ করে।

‘ক্রিটিক্যাল ইনসিডেন্ট’ ঘোষণা করলে সংশ্লিষ্ট হাসপাতাল বৃহত্তর স্বাস্থ্যসেবা ব্যবস্থার কাছ থেকে অতিরিক্ত সহায়তা নিতে পারে। তবে অতি জরুরি নয়—এমন সমস্যায় আসা রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

এর আগে মঙ্গলবার নটিংহ্যাম ইউনিভার্সিটি হসপিটালস এনএইচএস ট্রাস্টও একই ধরনের চাপের কথা জানায়। তাদের কুইন্স মেডিকেল সেন্টার ও নটিংহ্যাম সিটি হাসপাতালে ফ্লু ও কোভিড রোগীর সংখ্যা দ্রুত বাড়ায় জরুরি বিভাগে দীর্ঘ অপেক্ষার সৃষ্টি হয়েছে। কোনো কোনো রোগীকে অ্যাম্বুলেন্সে চার ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।

এদিকে চলতি মাসের শুরুতে প্রকাশিত এনএইচএসের সর্বশেষ পরিসংখ্যানে দেখা যায়, অক্টোবর মাসে ইংল্যান্ডে প্রতিদিন ৩ হাজার ৫০০ জনের বেশি রোগীকে হাসপাতালের করিডর কিংবা অস্থায়ী চিকিৎসাকেন্দ্রে সেবা দেওয়া হয়েছে। একই মাসে জরুরি বিভাগে রোগীর সংখ্যা রেকর্ড ২৫ লাখে পৌঁছেছে।

পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ৫৮ হাজার রোগী ওয়ার্ডে শয্যা পাওয়ার জন্য ১২ ঘণ্টার বেশি অপেক্ষা করেছেন। দীর্ঘ সময় চিকিৎসা ও শয্যার অপেক্ষায় থাকলে রোগীর মৃত্যুঝুঁকি দ্বিগুণ হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্রঃ দ্য সান

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে অবস্থান করা প্রি-স্যাটেলমেন্ট স্ট্যাটাসে থাকা ব্যক্তিদের জন্য সুখবর

স্ট্যাম্প ডিউটির প্রভাবেই যুক্তরাজ্যে বাড়ির দামে বড় পতন, দুই বছরে সর্বোচ্চ মাসিক ধস

যুক্তরাজ্যে পেনশনভোগীদের জন্য সেপ্টেম্বরেই £৭,৭০০ মূল্যের ১০ ফ্রি সুবিধা ও ছাড়