বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো পক্ষ হস্তক্ষেপ করলে চীন ঢালের মতো পাশে দাঁড়াবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি বেইজিংয়ের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি বলেন, নিজেদের উন্নয়নের পথ বেছে নেওয়ার অধিকার বাংলাদেশের রয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত ২০২৬ সালের ঢাকা ফোরাম অন বাংলাদেশ-চায়না রিলেশনস অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
ড. লিউ ইউইন বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ চীন সমর্থন করে না। বাংলাদেশ নিজের জাতীয় বাস্তবতা ও জনগণের স্বার্থ বিবেচনায় উন্নয়নের পথ নির্ধারণ করবে। এ ক্ষেত্রে দেশটির স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের অধিকারের প্রতি চীনের পূর্ণ শ্রদ্ধা রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে। এসব খাতে সহযোগিতা বাড়লে দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে।
অন্যদিকে, অনুষ্ঠানে বাংলাদেশ চীনের প্রতি দেশে উৎপাদন ও শিল্প খাতে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছে। বিশেষ করে উৎপাদনমুখী শিল্পে চীনা বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে চীনের আরও জোরালো কূটনৈতিক সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ তৈরি করতে মিয়ানমারের ওপর কার্যকর কূটনৈতিক ভূমিকা রাখার বিষয়টিও দুই দেশের সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে প্রতীয়মান হয়েছে।
সূত্রঃ বাসস\ইউএনবি
এমকে

