যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ এবং ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নতুন এই প্রস্তাব কার্যকর হলে বাংলাদেশের তুলনায় ভারতের পণ্যকে বেশি শুল্কের মুখে পড়তে হবে। শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা তৈরি করে মার্কিন বাণিজ্য ক্ষতিগ্রস্ত করার অভিযোগে বাংলাদেশসহ বিশ্বের ১৪টি দেশ ও অর্থনৈতিক জোটের বিরুদ্ধে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জামিসন গ্রিয়ার ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় নতুন শুল্ক আরোপের প্রস্তাব ঘোষণা করেন। এতে বাংলাদেশ, ভারত, চীন, ভিয়েতনাম, জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড ও তাইওয়ানের পণ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রস্তাবিত শুল্কের হার অনুযায়ী, ভিয়েতনামের পণ্যে সর্বোচ্চ ৩৫ শতাংশ, ভারতের পণ্যে ২৫ শতাংশ এবং চীন ও সিঙ্গাপুরের পণ্যে ২০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে। অন্যদিকে বাংলাদেশ, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্কের প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের পণ্যে ১৫ শতাংশ এবং জাপান, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড ও তাইওয়ানের পণ্যে সর্বোচ্চ ১৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে। তবে কয়েকটি দেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তি সম্পাদিত হলে শুল্কের হার কমানোর সুযোগ রাখা হয়েছে।
মার্কিন বাণিজ্য প্রতিনিধি জামিসন গ্রিয়ার এক বিবৃতিতে বলেন, কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের অনেক বাণিজ্যিক অংশীদার নিজেদের উৎপাদন খাত সম্প্রসারণে বিভিন্ন শিল্পনীতি গ্রহণ করেছে। এসব নীতির মধ্যে শ্রমিকদের মজুরি ও শ্রম অধিকার সংকুচিত করা, বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা দেওয়া এবং বাজারব্যবস্থাকে প্রভাবিত করে এমন পদক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে।
তার দাবি, এসব নীতির ফলে যুক্তরাষ্ট্রের উৎপাদনভিত্তি দুর্বল হচ্ছে এবং আন্তর্জাতিক বাণিজ্যের ভারসাম্য সংশ্লিষ্ট দেশগুলোর অনুকূলে চলে যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় ট্রাম্প প্রশাসন নতুন শুল্ক আরোপের উদ্যোগ নিয়েছে।
অন্যদিকে চীনের ক্ষেত্রে অধিকাংশ পণ্যে সর্বোচ্চ ২০ শতাংশ এবং নির্দিষ্ট কিছু পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। তবে প্রায় ৩০ বিলিয়ন ডলারের ভোক্তাপণ্যকে শুল্কের আওতার বাইরে রাখার প্রস্তাবও রয়েছে। যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য বোর্ডের সুপারিশ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে হওয়া সমঝোতার সঙ্গে সামঞ্জস্য রেখে এ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।
সূত্রঃ আনাদোলু এজেন্সি
এমকে

