12.2 C
London
June 9, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

বার্মিংহামে সমাজকর্মী সালমা ইয়াকুবের বাড়ির সামনে গাড়িতে অগ্নিসংযোগ

যুক্তরাজ্যের বার্মিংহামে বিশিষ্ট সমাজকর্মী ও সাবেক কাউন্সিলর সালমা ইয়াকুবের বাড়ির সামনে পার্ক করে রাখা একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে সংঘটিত এ ঘটনায় পরিবারটির সদস্যরা আতঙ্কিত হয়ে পড়লেও সৌভাগ্যক্রমে কেউ হতাহত হননি। পুলিশ ঘটনাটিকে পরিকল্পিত হামলা হিসেবে তদন্ত করছে।

সালমা ইয়াকুব জানান, রাত প্রায় দুইটার দিকে তার পরিবারের সদস্যরা ঘুমন্ত অবস্থায় ছিলেন। এ সময় তার ভাই বাড়ির দরজায় ধাক্কা দিয়ে সবাইকে দ্রুত বাইরে বেরিয়ে আসতে বলেন। বাইরে এসে তারা দেখতে পান, গাড়িটি ভয়াবহ আগুনে জ্বলছে এবং আগুনের শিখা প্রায় বাড়ির ছাদ পর্যন্ত পৌঁছে গেছে।

তিনি বলেন, “মনে হচ্ছিল যেন কোনো চলচ্চিত্রের দৃশ্য দেখছি। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে আশপাশের বেড়া ও গাছপালাতেও ছড়িয়ে পড়ে।”

পরে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগা গাড়িটি সালমা ইয়াকুবের ভাইয়ের মালিকানাধীন ছিল এবং তাঁর বাড়ির ড্রাইভওয়েতে পার্ক করা ছিল।

পশ্চিম মিডল্যান্ডস পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। পুলিশের পক্ষ থেকে প্রত্যক্ষদর্শী বা তথ্য জানা ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

সালমা ইয়াকুবের দাবি, সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুই ব্যক্তি গাড়ির ওপর দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তবে তিনি হামলার পেছনের উদ্দেশ্য সম্পর্কে এখনই কোনো মন্তব্য করতে চান না।

তিনি বলেন, “এই মুহূর্তে কে এ কাজ করেছে বা কেন করেছে, সে বিষয়ে অনুমান করা ঠিক হবে না। তবে অতীতে আমি বহুবার প্রাণনাশের হুমকি পেয়েছি।”

ইয়াকুব জানান, রাজনীতিতে সক্রিয় একজন মুসলিম নারী হওয়ায় কিছু চরমপন্থী বর্ণবাদী গোষ্ঠীর কাছ থেকে তিনি হুমকির মুখে পড়েছেন। একই সঙ্গে মুসলিম সম্প্রদায়ের কিছু ব্যক্তিও তার অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র ও সকল মানুষের সমঅধিকারের পক্ষে অবস্থানকে সমর্থন করেননি।

ঘটনার কয়েকদিন আগে গাড়িটি একটি উপনির্বাচনে গ্রীন পার্টির এক প্রার্থীর পক্ষে প্রচারণায় ব্যবহৃত হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

তবে ভয়ভীতি বা হামলার মাধ্যমে তাকে দমিয়ে রাখা সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়েছেন সালমা ইয়াকুব। তিনি বলেন, “ন্যায়বিচার, সমতা এবং শান্তির পক্ষে কথা বলা আমার বিশ্বাসের অংশ। এই ধরনের ঘটনা আমাকে আমার অবস্থান থেকে সরিয়ে দিতে পারবে না।”

পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজসহ অন্যান্য আলামত পর্যালোচনা করছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হামলার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্রঃ বিবিসি

এম.কে

আরো পড়ুন

পূর্ণ ডোজ টিকা প্রাপ্ত ইইউ ও মার্কিন যাত্রীদের যুক্তরাজ্য প্রবেশে কোয়ারেন্টিন লাগবে না

যুক্তরাজ্যে বাড়ির দাম কমার সম্ভাবনার কথা জানিয়েছে ঋণদানকারী প্রতিষ্ঠানসমূহ

যুক্তরাজ্যে আশ্রয় ভাতা দিয়ে ফুলও কেনা যাবে নাঃ কড়াকড়ি নিয়ম চালু করল ব্রিটিশ সরকার