TV3 BANGLA
বাংলাদেশ

বিদেশি বিনিয়োগ আনলে ১.২৫% নগদ পুরস্কার দেবে সরকারঃ প্রবাসী বাংলাদেশিরাও পাবেন সুবিধা

বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়াতে নতুন আর্থিক প্রণোদনা চালু করেছে সরকার। এখন থেকে দেশে কমপক্ষে ১০ লাখ মার্কিন ডলারের নতুন বিদেশি বিনিয়োগ আনতে কার্যকর ভূমিকা রাখতে পারলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিনিয়োগের ১ দশমিক ২৫ শতাংশ আর্থিক প্রণোদনা দেওয়া হবে। অর্থাৎ, ১০ লাখ ডলারের বিনিয়োগ আনতে পারলে পাওয়া যাবে ১২ হাজার ৫০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ডলারের বিনিময় হার অনুযায়ী নির্ধারিত হবে।

এ সুবিধার আওতায় থাকবেন প্রবাসী বাংলাদেশিসহ দেশের সব নাগরিক এবং শতভাগ বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান। বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ স্থাপন, বিনিয়োগের সুযোগ তৈরি এবং বিনিয়োগ চূড়ান্ত করতে ভূমিকা রাখা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই নীতিমালায় ‘লিড জেনারেটর’ হিসেবে বিবেচনা করা হবে।

এ লক্ষ্যে সরকার ‘প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রণোদনা স্কিম নীতিমালা, ২০২৬’ জারি করেছে। গত ২৫ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত গেজেটে নীতিমালাটি জানানো হয়। এর মূল উদ্দেশ্য হলো বিদেশি বিনিয়োগের নতুন উৎস খুঁজে বের করা এবং দেশে বিনিয়োগ আনতে মধ্যস্থতাকারী ও উদ্যোক্তাদের উৎসাহিত করা।

নীতিমালা অনুযায়ী, প্রণোদনা পেতে হলে বিনিয়োগের পরিমাণ কমপক্ষে ১০ লাখ মার্কিন ডলার হতে হবে। তবে সব ধরনের বিদেশি বিনিয়োগ এ সুবিধার আওতায় আসবে না। কেবল নতুন ইক্যুইটিভিত্তিক বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেই এই সুবিধা প্রযোজ্য হবে। আগে থেকে দেশে থাকা বিনিয়োগ, বিদ্যমান বিনিয়োগকারীর অতিরিক্ত শেয়ার কেনা কিংবা চলমান কারখানার উৎপাদন সক্ষমতা বাড়ানোর জন্য করা বিনিয়োগের ক্ষেত্রে প্রণোদনা দেওয়া হবে না। তবে কোনো বিদ্যমান বিদেশি বিনিয়োগকারী সম্পূর্ণ নতুন খাতে অথবা ভিন্ন কোনো কোম্পানিতে বিনিয়োগ করলে তা বিবেচনার সুযোগ থাকবে।

প্রণোদনার জন্য আবেদনকারীকে বৈধ জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট এবং ই-টিআইএন থাকতে হবে। পাশাপাশি বিদেশি বিনিয়োগ আনতে তার কার্যকর ও যাচাইযোগ্য ভূমিকার প্রমাণ দিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিনিয়োগ চূড়ান্ত হওয়ার আগেই ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের নির্ধারিত অনলাইন পোর্টালে প্রাক-নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর আবেদনকারীকে একটি স্বতন্ত্র ‘লিড রেজিস্ট্রেশন আইডি’ দেওয়া হবে।

বিনিয়োগের অর্থ বাংলাদেশে আসার ৩০ দিনের মধ্যে একই পোর্টালে প্রণোদনার জন্য আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে প্রাক-নিবন্ধন আইডি, বিনিয়োগকারীর সঙ্গে যোগাযোগের প্রমাণ, বিনিয়োগকারীর সুপারিশপত্র, হলফনামা, ই-টিআইএন সনদ এবং জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের কপি জমা দিতে হবে। এ ছাড়া ব্যাংকিং চ্যানেলে বিনিয়োগের অর্থ দেশে আসার প্রমাণ হিসেবে সুইফট কপি ও অনুমোদিত ডিলার ব্যাংকের এনক্যাশমেন্ট সার্টিফিকেট দিতে হবে। বিনিয়োগ আনার ক্ষেত্রে আবেদনকারীর প্রকৃত ভূমিকা কী ছিল, সেটিও বিস্তারিতভাবে তুলে ধরতে হবে।

তবে আবেদন করলেই প্রণোদনা নিশ্চিত হবে না। আবেদন যাচাইয়ের জন্য ১০০ নম্বরের মূল্যায়ন পদ্ধতি রাখা হয়েছে। প্রাথমিক যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্রের জন্য ২৫ নম্বর, বিনিয়োগকারীর সুপারিশের জন্য ২০ নম্বর, বিনিয়োগের পরিমাণ ও অর্থনৈতিক প্রভাবের জন্য ২০ নম্বর এবং স্বার্থের সংঘাতমুক্ত থাকার জন্য ১০ নম্বর নির্ধারণ করা হয়েছে। প্রণোদনা পাওয়ার জন্য আবেদনকারীকে কমপক্ষে ৭০ শতাংশ নম্বর অর্জন করতে হবে।

বিনিয়োগের পরিমাণের ওপর ভিত্তি করেও নম্বর দেওয়া হবে। ১০ লাখ থেকে ৫০ লাখ ডলারের বিনিয়োগে ৪ নম্বর, ৫০ লাখ ১০ হাজার থেকে ১ কোটি ডলারের বিনিয়োগে ৮ নম্বর, ১ কোটি ১০ লাখ থেকে ২ কোটি ডলারের বিনিয়োগে ১২ নম্বর এবং ২ কোটি ডলারের বেশি বিনিয়োগের ক্ষেত্রে ১৬ নম্বর দেওয়া হবে।

অনুমোদিত প্রণোদনার অর্থ একবারে দেওয়া হবে না; বিতরণ করা হবে দুই ধাপে। আবেদন অনুমোদন এবং বিনিয়োগের অর্থ দেশে আসা নিশ্চিত হওয়ার পর প্রথম ধাপে মোট প্রণোদনার ৫০ শতাংশ দেওয়া হবে। বাকি ৫০ শতাংশ পাওয়া যাবে এক বছর পর। তবে দ্বিতীয় কিস্তির অর্থ পেতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কারখানা স্থাপন, যন্ত্রপাতি আমদানি অথবা বাণিজ্যিক কার্যক্রম শুরুর ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি থাকতে হবে। এসব অগ্রগতি যাচাই করে কার্যনির্বাহী কমিটি সন্তুষ্ট হলেই দ্বিতীয় কিস্তি ছাড় করা হবে।

প্রণোদনার অপব্যবহার ও অর্থ পাচার ঠেকাতে অর্থের উৎস যাচাইয়ের ক্ষেত্রেও কঠোর শর্ত রাখা হয়েছে। বিনিয়োগের অর্থ নগদে কিংবা তৃতীয় পক্ষের মাধ্যমে এলে তা গ্রহণযোগ্য হবে না। অর্থের উৎস সুইফটের তথ্য এবং সংশ্লিষ্ট দেশের অর্থ পাচার প্রতিরোধবিষয়ক বিধিবিধান অনুযায়ী যাচাই করা হবে। এ ছাড়া যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর এবং বাংলাদেশ ব্যাংকের তথ্যের সঙ্গে বিনিয়োগের নথিপত্র মিলিয়ে দেখা হবে। বিনিয়োগের অর্থ গ্রহণকারী ব্যাংক হিসাবের সুবিধাভোগী এবং আবেদনকারীর পরিচয়ের মধ্যেও সামঞ্জস্য থাকতে হবে। প্রণোদনা বিতরণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে তৃতীয় পক্ষের নিরীক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে।

স্বার্থের সংঘাত এড়াতে আবেদনকারীর সঙ্গে বিদেশি বিনিয়োগকারী কিংবা বিনিয়োগ গ্রহণকারী প্রতিষ্ঠানের বিনিয়োগের আগে দুই বছর এবং পরবর্তী দুই বছর কোনো আনুষ্ঠানিক সম্পর্ক থাকা যাবে না। ডিজিটাল পদ্ধতিতে পটভূমি যাচাই ও হলফনামার মাধ্যমে বিষয়টি পরীক্ষা করা হবে। এ ছাড়া বিনিয়োগের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত কোনো কর্মচারী, শেয়ারহোল্ডার কিংবা তাদের ঘনিষ্ঠ আত্মীয় এই প্রণোদনা পাওয়ার যোগ্য হবেন না।

নীতিমালার আওতায় আবেদন যাচাই ও অনুমোদনের জন্য অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি জাতীয় পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে। এতে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, অর্থ বিভাগের সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সদস্য হিসেবে থাকবেন। পাশাপাশি আবেদন যাচাই ও মূল্যায়নের জন্য পৃথক কার্যনির্বাহী কমিটি কাজ করবে। প্রয়োজনে তারা বিনিয়োগকারীর সঙ্গে সরাসরি অথবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলে আবেদনকারীর প্রকৃত ভূমিকা যাচাই করতে পারবে।

প্রণোদনার অর্থ ব্যবস্থাপনার জন্য অর্থ বিভাগের অধীনে পৃথক ‘এফডিআই ইনসেনটিভ তহবিল’ গঠনের কথা বলা হয়েছে। আগের বছরের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ বিবেচনায় নিয়ে এ খাতে অর্থ বরাদ্দ করা হবে। অনুমোদিত ব্যাংকের মাধ্যমে প্রণোদনার অর্থ বিতরণ করা হবে। প্রবাসী বাংলাদেশিরা এই প্রণোদনার অর্থ দেশের বাইরে স্থানান্তর করতে পারবেন। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এ ছাড়া প্রণোদনা কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষকে প্রতিবছর একটি ড্যাশবোর্ড প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে মোট আবেদন, অনুমোদিত আবেদন, বিতরণ করা প্রণোদনা, বিনিয়োগের খাত এবং দেশে আসা বিদেশি বিনিয়োগের অগ্রগতি তুলে ধরা হবে। নীতিমালাটি প্রতিবছর জাতীয় পর্যালোচনা কমিটির মাধ্যমে পর্যালোচনা করার বিধানও রাখা হয়েছে।

নতুন এই উদ্যোগের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ স্থাপনকারী প্রবাসী বাংলাদেশি, দেশীয় উদ্যোক্তা এবং বিনিয়োগ-সংযোগকারী প্রতিষ্ঠানগুলো আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে সরকার আশা করছে, নতুন বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের শিল্প ও ব্যবসায়িক খাতে মূলধন প্রবাহ বাড়াতে এই প্রণোদনা কার্যকর ভূমিকা রাখবে।

সূত্রঃ টিবিএস

এমকে

আরো পড়ুন

ডিজিএফআই’র সহায়তায় ব্যাংক খাত থেকে ১৭ বিলিয়ন ডলার পাচার করেছে হাসিনার দোসররা

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান একদিন আবার ভারতের অংশ হবে—গুরু রামদেব

অন্তর্বর্তী সরকারপ্রধান ড. ইউনূসকে ভারতের প্রধানমন্ত্রী মোদির শুভেচ্ছা